নিজেকে নির্দোষ বলছেন অস্তাপচুক
খবরটা শুনে আকাশ নয়, যেন পড়েছেন মহাশূন্য থেকে! এবারের লন্ডন অলিম্পিকে পদকজয়ীদের মধ্যে এখন পর্যন্ত ধরা পড়া একমাত্র ডোপপাপী তিনি। ফলে কলঙ্কের দাগ ভালোমতোই লেগেছে নাদজেয়া অস্তাপচুকের কপালে। কিন্তু বেলারুশের এই মহিলা শট পুটার নিজেকে নির্দোষ দাবি করেছেন। তাঁর কথা, ডোপ টেস্টের যত কড়াকড়ি, এটা জেনেবুঝেও কেউ কি ডোপ নেয়?বেলারুশের স্থানীয় সংবাদমাধ্যমকে এই ৩১ বছর বয়সী বলেছেন, ‘সত্যি বলতে কি, এ ব্যাপারে আমি বিস্তারিত কিছুই জানি না। খবরটা দেখেছি ইন্টারনেটে। এটা আমার জন্য একদমই অপ্রত্যাশিত ঘটনা। কারণ (লন্ডন গেমস শুরুর আগে) ৩০ জুলাইও ডোপ টেস্ট দিয়েছি। সেই টেস্টের ফলাফলে কিছুই ধরা পড়েনি। এপ্রিলের পর থেকে সব মিলে ১৬ বার টেস্ট দিয়েছি। অলিম্পিকের একদম ঠিক আগে ডোপিং নেওয়ার অর্থ হলো, আপনি নিতান্তই গর্দভ, তার ওপর সেটা যদি হয় এত পুরাতন হরমোন-বর্ধক। আপনি খুব ভালো করেই জানেন, শুধু একবার নয়, হয়তো অনেকবার আপনার টেস্ট হবে।’এসব কথা বলে অবশ্য আপাতত কোনো লাভ হচ্ছে না। ডোপ টেস্টে অ্যানাবলিক স্টেরয়েড ধরা পড়ায় সোনার পদক ফেরত দিতে হচ্ছে তাঁকে। যদিও বিষয়টি নিয়ে লড়াই করার ঘোষণা দিয়েছেন অস্তাপচুক। দরকার হলে আন্তর্জাতিক ক্রীড়া আদালতেও যাবেন। তাঁর দাবি, লন্ডনের আয়োজক কর্তৃপক্ষ তাঁর সঙ্গে বিমাতাসুলভ আচরণ করেছে। সতীর্থ আইভান টিসিখানকে এবারের অলিম্পিকে অংশ নেওয়ারই অনুমতি দেওয়া হয়নি, এই প্রসঙ্গ টেনে বলেছেন, ‘আপনারা সবাই জানেন, আমাদের সঙ্গে কেমন আচরণ করা হয়েছে।’ কিছু উদাহরণও দিয়েছেন, ‘শুরু থেকেই আমাদের অ্যাথলেটদের হয় বিচারকদের পক্ষপাতিত্ব, নয়তো অন্য কিছু নিয়ে লড়াই করতে হয়েছে। আমাকে তো ডোপ প্রতারকদের মতো চোখে চোখে রাখা হয়েছিল। লন্ডনে দুবারের বেশি পরীক্ষা করা হয়েছে। কিন্তু বুঝতে পারছি না, এটা আমার শরীরে কীভাবে এল।’ এর পরই দিয়েছেন লড়াইয়ের ঘোষণা, ‘আমাদের অবশ্যই আমাদের অধিকারের জন্য লড়াই করতে হবে। আমরা যদি চুপ করে থাকি, এই শাস্তি মেনে নিই, তাহলে ওরা আমাদের অপমান করতেই থাকবে।’ রয়টার্স।