নিজেকে নিয়ে পন্টিং...
এমন যদি হয় আমি কঠোর পরিশ্রম করছি কিন্তু ফল মিলছে না, তাহলে হয়তো বোঝা যেত সময় শেষ। কিন্তু এ মুহূর্তে আমার মনে হয় না সেই সময় এখনো এসেছে। আমার মনে হয়, কঠোর পরিশ্রম করে যাওয়ার অনেক কারণ এখনো আছে। জাস্টিন ল্যাঙ্গার, শেন ওয়ার্ন, অ্যাডাম গিলক্রিস্ট এবং এমন আরও কয়েকজন যখন ক্রিকেটকে বিদায় জানিয়েছে, তখন আমিই ছিলাম অধিনায়ক। ওদের সঙ্গে কথা বলে আমি বুঝেছি, ওই সময় ভাবনাটা কেমন থাকে। আমার সেসব ভাবার সময় এখনো আসেনি। ওদের অনেকেই বলেছে, নিজেদের খেলার মানটাকে ধরে রাখতে যতটা কঠোর পরিশ্রম করার প্রয়োজন, সেই ইচ্ছাটা ফুরিয়ে গেছে। আমার ক্ষেত্রে এটা মোটেও হয়নি। অন্যসব ক্রিকেটার ও কোচদের জিজ্ঞাসা করতে পারেন, কয়েক মাস ধরে আমি আমার শেষবিন্দু দিয়ে চেষ্টা করে যাচ্ছি। পারফর্ম করার জন্য যা যা করা প্রয়োজন, সব করার চেষ্টা করছি। এমন মুহূর্ত যদি আসে যে আমার আর এর বেশি দেওয়ার সামর্থ্য নেই, তাহলে বুঝতাম আমার সময় শেষ। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে প্রথম তিন ইনিংসে একইভাবে আউট হওয়ার পর আমি অনেক ভেবেছি ভুলটা কোথায় হচ্ছে। আমি বল পরিষ্কার দেখতে পাচ্ছিলাম, শট খেলার পজিশনেও খুব দ্রুত যাচ্ছিলাম, কিন্তু যাচ্ছিলাম ভুল পজিশনে। মাথার পজিশনটাও ঠিক ছিল না, সামনে পা মাটির সঙ্গে যেন গেঁথে যাচ্ছিল, এ জন্যই সোজা বল এসে আমার প্যাডে লাগছিল।কেপটাউনে দুবার ওভাবে আউট হওয়ার পর জোহানেসবার্গ টেস্টের আগে ব্যাটিং নিয়ে আমি অনেক কাজ করেছিলাম। কিন্তু সেখানেও প্রথম ইনিংসে আউট হলাম একইভাবে। তবে দ্বিতীয় ইনিংসে নিজের ব্যাটিংয়ের পার্থক্যটা আমি নিজেই টের পাচ্ছিলাম। এটা নিয়ে অনেক আলোচনাও হয়েছে। স্টেডিয়ামের পর্দায় দেখছিলাম, দ্বিতীয় ইনিংসে আমার অনেক কিছুই আগের চেয়ে অন্য রকম হচ্ছিল।আমি জানি, যদি উইকেটে কিছুটা সময় কাটাতে পারি, তাহলে সব ঠিক হতে শুরু করবে। উইকেটে বেশিক্ষণ টিকতে না পারলেই ভাবনাটা মাথায় ঢুকতে শুরু করে যে কখন সব ঠিকঠাক হবে। দক্ষিণ আফ্রিকায় শেষ টেস্টে যে মানসিকতাটা ছিল, এখন স্রেফ সেটা ধরে রাখার ব্যাপার। আশা করি, অস্ট্রেলিয়ান গ্রীষ্মের শুরুটা ভালো করতে পারব। আমাকে যে অনেক রান করতে হবে, এটা কাউকে জিজ্ঞেস করে জানতে হবে না। পেশাদার খেলোয়াড় হয়ে টানা রান করতে না পারলে অনেক প্রশ্নেরই উত্তর আমাকে দিতে হবে, যেমন কয়েক সপ্তাহ ধরে দিতে হচ্ছে। আমাদের পেশারই অবিচ্ছেদ্য অংশ এটা। আমি পরিষ্কার বুঝতে পারি, আমাকে নিয়ে কেন এত প্রশ্ন উঠছে। একই সঙ্গে এটাও বিশ্বাস করি, আমি এখনো দলে থাকার মতো যথেষ্ট ভালো, এখনো অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতাতে পারি। আশা করি, খুব দ্রুতই আমি এটা দেখাতে পারব।