নিজেকে পরিবর্তন করবেন না ওয়ার্নার
অস্ট্রেলীয় ওপেনার ডেভিড ওয়ার্নারের কাছে ব্যাটিং মানেই উড়িয়ে মারা। এর কোনো ব্যত্যয় হতে দিতে চান না তিনি। বলেছেন, টেস্ট ক্রিকেটও ব্যাটিং নিয়ে তাঁর এই দর্শন পরিবর্তন করতে পারবে না।‘টেস্ট ক্রিকেট ব্যাটসম্যান হিসেবে আমাকে পরিবর্তন করতে পারেনি। আমি এখনো ব্যাটিং বলতে উড়িয়ে মারাই বুঝি। ভবিষ্যতেও আমার ব্যাটিং দর্শনটা এমনই থাকবে।’ ওয়ার্নারের মন্তব্য। সম্প্রতি ডোমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ার্নারের ১৩৬ বলে ৫০ রানের ইনিংসটি সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই ঠোঁট বাঁকা করে ওয়ার্নারের পরিবর্তিত চরিত্রের ঘোষণাটা দিতে শুরু করেছিলেন। কিন্তু ওয়ার্নার সবাইকে ‘দুঃখিত’ বলে জানিয়েছেন, ওটা ছিল সময়ের দাবি। ওই মুহূর্তে অমন ব্যাটিংয়ের বিকল্প ছিল না। হতো খেলাটা পার্থে, ওয়াকার দ্রুতগতির উইকেটে দেখিয়ে দিতাম, ব্যাটিং কাকে বলে ! ওয়াকায় ১৩৬ বল খেললে আমার স্কোর হতো কমপক্ষে ১০০। ডোমিনিকায় ম্যাচ পরিস্থিতিই আমাকে ওই ধরনের ব্যাটিংয়ে উদ্বুদ্ধ করেছিল।’আইপিএলে দিল্লি ডেয়ারিডেভিলসের হয়ে খেলতে এসেছেন ওয়ার্নার। তবে এতদিন তাঁর অনুপস্থিতিতে বীরেন্দর শেবাগের সঙ্গী হিসেবে নিজেকে খুব ভালো মানিয়ে নিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। তবে আগামী ম্যাচগুলোতে নিজের জায়গা নিয়ে একেবারেই চিন্তিত নন ওয়ার্নার। বলেছেন, তিনি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেই ডেয়ারডেভিলসের হয়ে বাকি ম্যাচগুলো খেলবেন।‘হ্যাঁ আমি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতে পছন্দ করি। এখানেও তা-ই হবে। তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রান করা। যেটা আমি, বীরু ও মাহেলা মিলে করতে পারব বলে আশা করি।’ ওয়ার্নারের মন্তব্য।ওয়ার্নার এমন একটা সময়ে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলতে এসেছেন, যখন আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষ অবস্থানে আছে দলটি। এই দলে খেলছেন ইংলিশ ক্রিকেটার কেভিন পিটারসেন। যাঁর অনবদ্য এক সেঞ্চুরি কিছুদিন আগেই জন্ম দিয়েছে অজস্র আলোচনা আর প্রশংসার। এমন দলে এমন ক্রিকেটারদের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে দলকে চ্যাম্পিয়ন করার মতোই পারফরম করতে চান ওয়ার্নার। পিটারসেনের সঙ্গে এক দলে খেলতে পেরে দারুণ উদ্দীপ্ত বোধ করছেন ওয়ার্নার। বলেছেন, ‘আমি এখানে আমার সর্বোচ্চটা দিতেই সচেষ্ট থাকব।’কেভিন পিটারসেনের সেঞ্চুরি নিয়ে ওয়ার্নারের মন্তব্য, ‘এটি আমার জীবনে দেখা অন্যতম সেরা ইনিংস। টেস্ট ক্রিকেট খেলে এসে হঠাত্ই টি-টোয়েন্টি ম্যাচে কোনো অসুবিধা হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে ওয়ার্নার বলেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে যেকোনো পরিস্থিতি ও যেকোনো ফরম্যাটে আপনাকে মানিয়ে নিতে হবে। এর কোনো বিকল্প নেই।’ টিএনএন।