নিজেকে প্রমাণ করতে চান তেভেজ
আর্জেন্টিনার ফুটবল তারকা কার্লোস তেভেজ নিজেকে প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন। কোচ ডিয়েগো ম্যারাডোনার পছন্দের খেলোয়াড় হলেও আর্জেন্টিনার বর্তমান লাইনআপের বিচারে তাঁর প্রথম একাদশে খেলা এখনো নিশ্চিত নয়। তেভেজ আজ সোমবার কানাডার বিপক্ষে ম্যাচটি নিয়ে দারুণ উত্তেজিত। বলেছেন, এই ম্যাচটির মাধ্যমেই তিনি কোচ ম্যারাডোনার মন জয় করতে চান।এবারের আর্জেন্টিনার বিশ্বকাপ দলে লিওনেল মেসির সঙ্গী হয়েছেন হিগুইয়ান, মিলিতোর মতো এক ঝাঁক প্রতিভাবান তারকা স্ট্রাইকার। দলটির খেলোয়াড়দের বর্তমান ফর্মের বিচারে একমাত্র মেসি ছাড়া আর কোনো খেলোয়াড়ের প্রথম একাদশ নিশ্চিত নয়। কার্লোস তেভেজ অভিজ্ঞতার বিচারে অনেকের চাইতে এগিয়ে থাকলেও তিনি এখনো নিশ্চিত হতে পারছেন না, কোচ ম্যারাডোনা তাঁকে আদৌ প্রথম একাদশে খেলাবেন কি না। তিনি আজ কানাডার বিপক্ষে ম্যাচটিতেই ম্যারাডোনাকে বুঝিয়ে দিতে চান যে, তিনি প্রথম একাদশেরই খেলোয়াড়।বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনার অনুশীলন শিবিরে নিবিড় অনুশীলনের এক ফাঁকে একটি বার্তা সংস্থার সঙ্গে আলাপকালে কার্লোস তেভেজ বলেছেন ম্যারাডোনার মন গলাতে তিনি কী পরিমাণ পরিশ্রম করে চলেছেন। তেভেজ বলেন, ‘আমি সব সময়ই শারীরিকভাবে সক্ষম ও ফিট থাকতে চেষ্টা করি। আমি এই মুহূর্তে আমার ফর্মের তুঙ্গে ওঠার চেষ্টা করছি। আমি ১২ জুনের নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটিতেই প্রথম একাদশে থাকতে চাই। বাকিটা কোচ ম্যারাডোনার ইচ্ছা ও বিবেচনা।’ম্যানচেস্টার সিটির হয়ে এবারের মৌসুমটি চমৎকার কেটেছে কার্লোস তেভেজের। ম্যারাডোনা যদি বিশ্বকাপে তিনজন ফরোয়ার্ড নিয়ে দল সাজান, তাহলে নিশ্চিতভাবেই তেভেজ প্রথম একাদশে থাকবেন, দুজন নিয়ে দল সাজালে তেভেজকে প্রথম একাদশে থাকার জন্য মিলিতো অথবা হিগুইয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে একাদশে ঢুকতে হবে। তবে কোচ ম্যারাডোনা তিনজন ফরোয়ার্ড নিয়েই একাদশ সাজাবেন বলে মনেপ্রাণে চাইছেন তেভেজ।