নিজেকে প্রমাণ করলেন হেইঙ্কেস
বায়ার্নকে কী দেননি তিনি! ট্রেবল জিতিয়েছেন; জিতিয়েছেন বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়নস লিগ। অথচ, সফল এই কোচকেই কিনা আগামী মৌসুমে আর চাকরিতে বহাল রাখছে না বাভারিয়ানরা! বয়সে ২৬ বছরের ছোট পেপ গার্দিওলার কাছে বায়ার্ন মিউনিখের কোচের পদটি ছেড়ে দিতে হচ্ছে ইয়ুপ হেইঙ্কেসকে। নিজের সর্বোচ্চটা দিয়ে দলকে সাফল্যের শিখরে তুলে বেকার হয়ে যাচ্ছেন বর্তমান বিশ্বের অন্যতম অভিজ্ঞ এই কোচ। পেপ গার্দিওলার সঙ্গে চুক্তিটা হয়েছিল মৌসুমের শুরুর দিকে। তখনো বুন্দেসলিগা কিংবা অন্যান্য প্রতিযোগিতায় বায়ার্ন মিউনিখের সাফল্য নিশ্চিত হয়নি। মৌসুমের শেষে দলটি যে এভাবে সাফল্য-বন্যায় ভাসবে, তার একটা ইঙ্গিত পেলে নিশ্চিতভাবেই হেইঙ্কেসকে ‘বিদায়’ বলত না জার্মান জায়ান্টরা। ব্যাপারটি নিয়ে নিশ্চয় ভালোভাবেই অন্তর্জ্বালায় পুড়ছেন রুমেনিগের মতো বায়ার্ন কর্তাব্যক্তিরা। হেইঙ্কেস ব্যাপারটি নিয়ে একেবারেই ভাবছেন না। পেপ গার্দিওলার আগমন নিয়ে এখনো মুখ খোলেননি এই অভিজ্ঞ কোচ। মনে মনে কষ্ট পেলেও তা মনের গহিনেই চেপে রেখেছেন এই বৃদ্ধ। চুপেচাপে দলকে চ্যাম্পিয়নস লিগটা জিতিয়ে বায়ার্নের কর্তাব্যক্তিদের দেখিয়ে দিতে চেয়েছিলেন ইয়ুপ হেইঙ্কেস। সেই মিশনে দারুণভাবে সফল এই বর্ষীয়ান ফুটবল-ব্যক্তিত্ব।কাল রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বায়ার্নের দুটি গোলের পরেই নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে উচ্ছ্বসিত ছিলেন হেইঙ্কেস। মারিও মানজুকিচ ও আরিয়েন রোবেনের গোল দুটির পর ডাগ আউটের বাইরে এসে ৬৮ বছর বয়সেও যেভাবে লাফালেন, তাতে বায়ার্নকে সাফল্যের রঙে রাঙানোর আনন্দের পাশাপাশি ব্যক্তিগত জয়ের উচ্ছ্বাসটিও বেরিয়ে এল তাঁর ভেতর থেকে। আগেও একবার রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন, কিন্তু বায়ার্ন মিউনিখের হয়ে এবারের জয়টি যে একেবারেই আলাদা। ‘আমি ফুরিয়ে যাইনি’—এমনটি প্রমাণ করার মতো আনন্দ কি আর অন্য কিছুতে পান ক্রীড়াসংশ্লিষ্ট লোকজন?এরপর কী করবেন ইয়ুপ হেইঙ্কেস? অন্য কোনো ক্লাব খুঁজে নেবেন, নাকি কোচিং ক্যারিয়ারের ইতি টেনে নিভৃতচারী জীবন বেছে নেবেন? তবে খেলা শেষে রুপালি ট্রফিটি নিজের দখলে নিয়ে হেইঙ্কেস জানিয়ে দিয়েছেন, কোচিং ক্যারিয়ারে ইতি টেনে দেওয়ার কোনো ইচ্ছাই তাঁর এ মুহূর্তে নেই।বায়ার্ন মিউনিখের হয়ে শেষ ম্যাচটি তাঁর জার্মান কাপ ফাইনালে; আগামী শনিবার। স্টুটগার্টের বিপক্ষে। হেইঙ্কেস নিজের চূড়ান্ত সিদ্ধান্তটি দিতে অবশ্য শনিবার পর্যন্ত অপেক্ষা করতে চান। তবে হাবেভাবে তাঁর ইঙ্গিত স্পষ্ট। অবসর? এখনই নয়।চ্যাম্পিয়নস লিগের সাফল্য পেশাদারের নিরাবেগ সত্তাকেও হারিয়ে দেয় একসময়। হেরেছেন হেইঙ্কেসও। অকপটে স্বীকার করেছেন, ‘ব্যাপারটি আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি সফল হয়েছি। আমি এখন পরিপূর্ণ। আমি পেরেছি প্রমাণ করতে।’খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে হেইঙ্কেস বলেন, ‘আমার এই সাফল্যের অনেকটাই ওদের পাওনা। ওরা মৌসুমজুড়ে প্রচণ্ড পরিশ্রম করেছে, সেই পরিশ্রমের ফল তারা হাতে হাতে পেয়ে গেছে।’ সূত্র: রয়টার্স, গোল ডটকম।