নিজেকে প্রমাণে নামবেন পার্সি
পুরো ক্যারিয়ারেই পিছু লেগে আছে চোট। বেশির ভাগ সময় খবরের শিরোনাম হয়েছেন চোটের কারণে। তবে এই মৌসুমের রবিন ফন পার্সি যেন অন্য রকম। দুর্দান্ত ফর্মে আছেন, দেশ ও ক্লাবের হয়ে ইতিমধ্যেই করে ফেলেছেন ১৬টি গোল। এত দিনে এসে যেন প্রতিভার প্রতিফলন দেখছেন পারফরম্যান্সে। অথচ ফিফা-ব্যালন ডি’অরের ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায় কিনা ফন পার্সি নেই!নিজেকে প্রমাণে তাই আরও মরিয়া হয়ে উঠতে পারেন আর্সেনালের অধিনায়ক। তাঁর এই জেদের আগুনে পুড়তে পারে ওয়েস্ট ব্রমউইচ আলবিওন। এমিরেটসে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ আলবিওনের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। এ মৌসুমে ১৬ গোলের ১০টিই পার্সি করেছেন প্রিমিয়ার লিগের ১০ ম্যাচে। তাঁর হ্যাটট্রিকেই গত সপ্তাহে স্টামফোর্ড ব্রিজে চেলসিকে ৫-৩ গোলে হারিয়েছে আর্সেনাল।ফিফা-ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা নিয়ে পার্সি নিজে কিছু বলেননি। কিন্তু তাঁর মনের ক্ষোভই যেন উঠে এসেছে ভোইচেক সেজেনির কণ্ঠে। আর্সেনালের পোলিশ গোলরক্ষকের তো বিশ্বাসই হচ্ছে না, তালিকায় পার্সি নেই, ‘এটা রীতিমতো হাস্যকর। এ মুহূর্তে সম্ভবত সবচেয়ে ভালো গোল-স্কোরিং রেকর্ড তাঁর। সবাই জানে সে কতটা ভালো, চেলসির বিপক্ষে ম্যাচেও তা করে দেখিয়েছে। চেলসি যখন সমতা ফেরাল, তখনো আমরা বিশ্বাস করেছি ও এখনো কিছু একটা করতে পারে। শেষ দিকে ঠিকই দারুণ দুটি গোল করল। আমার মনে হয়, এ মুহূর্তে সে-ই বিশ্বের সেরা স্ট্রাইকার।’ এএফপি।