নিজেকে ফিরে পাওয়া জয় বোল্টের
ফলস স্টার্টের কারণে দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপের দুঃস্বপ্নের পর গত পরশুই ১০০ মিটারে প্রথম নেমেছিলেন ট্র্যাকে। জাগরেব হতাশ করেনি বোল্টকে, আইএএএফ বিশ্ব চ্যালেঞ্জে তিনি জিতেছেন মৌসুমে ব্যক্তিগত সেরা সময় করে। ৯.৮৫ সেকেন্ড সময় করে বোল্ট ভেঙে দিয়েছেন জাগরেব মিটের পুরোনো রেকর্ডও। ক্রোয়েশিয়ার রাজধানীতে আগের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের টাইসন গের। গত মৌসুমে গে এখানে ১০০ মিটার জিতেছিলেন ৯.৯২ সেকেন্ড সময় করে।১০.০১ সেকেন্ড সময় নিয়ে দেগুতে ব্রোঞ্জ জেতা সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বর্ষীয়ান স্প্রিন্টার কিম কলিন্স দ্বিতীয়, ১০.০৩ সেকেন্ড সময় করে তৃতীয় হয়েছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর রিচার্ড থম্পসন। দেগুর দুর্ঘটনার পর বোল্টের জন্য ফিরে আসাটা ছিল গুরুত্বপূর্ণ। বোল্ট সেই কাজটিই সেরেছেন। একেবারেই স্বচ্ছন্দে বলা যাবে না। কলিন্স বোল্টকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন ঠিকই। শেষ ১০ মিটার দুর্দান্ত দৌড়ে শেষ করেও তাই বোল্টের কণ্ঠে খেদ, ‘শুরুটা ভালো হয়নি। এ কারণেই আমি কিছুটা মনোযোগ হারিয়ে ফেলেছিলাম। আর এটা এ বছরে আমার ক্ষেত্রে ঘটেছেও।’ ১৩ সেকেন্ড সময় করে পুরুষদের ১১০ মিটার হার্ডলসে জিতেছেন দেগুতে সবার আগে দৌড় শেষ করেও ডিসকোয়ালিফায়েড হওয়া ডেরন রোবলেস। বিশ্ব রেকর্ডধারী কিউবান গত সপ্তাহে জিতেছেন জুরিখ ডায়মন্ড লিগেও। মেয়েদের ১০০ মিটার জিতেছেন বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের কারমেলিটা জেটার, টাইমিং ১১ সেকেন্ড। মেয়েদের ১০০ মিটার হার্ডলসে জিতেছেন দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং জুরিখ ডায়মন্ড লিগে জয়ী অস্ট্রেলিয়ান স্যালি পিয়ারসন। রয়টার্স।