নিজেকে ফিরে পাওয়ার আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ-হতাশার প্রকাশে তিনি বরাবরই নির্লিপ্ত। সুখ-দুঃখ ভেতরে রাখতে পছন্দ করেন। কাল শাহাদাতের বলে আউটটা নিয়ে বিতর্ক থাকলেও যেমন বললেন, ‘আম্পায়ার আউট দিয়েছেন। সন্দেহ থাকলেও কিছু বলার নেই।’ তেমনি নিজেকে ফিরে পাওয়ার আনন্দতেও বাড়াবাড়ি নেই ইমরুল কায়েসের।ইমরুল নিজেকে ফিরে পেয়েছেন রানে। চার দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ঝলমলে ৮৫ রানের ইনিংস কিছুটা হলেও ভুলিয়ে দিচ্ছে ব্যাট হাতে তাঁর সাম্প্রতিক ব্যর্থতা। জিম্বাবুয়ে সিরিজ থেকেই ম্লান জাতীয় দলের এই ওপেনার বিসিবি কাপে চার ম্যাচ খেলে করেছেন ১৩, ৪, ২০* ও ২৬ রান। কালকের ইনিংসটা ফিরে আসার আগমন-ধ্বনিই তো!ব্যাটসম্যানদের ব্যাটিং টেকনিক নিয়ে সব সময়ই লেগে থাকতেন জেমি সিডন্স। স্টুয়ার্ট লর সঙ্গে সাবেক কোচের বড় পার্থক্য সম্ভবত এই জায়গাতেই। ল ব্যাটসম্যানদের তাঁদের মতোই খেলতে দিতে চান। ইমরুলের প্রতি তাঁর সাম্প্রতিক পরামর্শ যেমন, ‘তুমি ভালো খেলছ। শুধু উইকেটে গিয়ে একটু চিন্তা করো।’কোচ পথ দেখিয়ে দিয়েছেন, ইমরুল সেই পথ ধরেই কাল উইকেটে গিয়ে একটু ভাবলেন। প্রথমে দুই পা একটু বেশি ফাঁক করে দাঁড়ানো স্টান্সে ব্যাট করছিলেন। স্বচ্ছন্দ বোধ না করায় ফিরে গেলেন নিজের পুরোনো স্টান্সে। দুই পায়ের ফাঁকে জায়গা একটু কম। এবার অনেক স্বচ্ছন্দে ব্যাট করতে লাগলেন। দিনশেষে নিজেকে ফিরে পাওয়ার রহস্যের ব্যাখ্যাতেও থাকল স্টান্স বদলের কথাই, ‘আমি আগে শর্ট স্টান্সে ব্যাট করতাম। মাঝে বিগ স্টান্সে ব্যাট করেছি। আজ (গতকাল) কিছুক্ষণ বিগ স্টান্সে ব্যাটিং করার পর মনে হলো মজা পাচ্ছি না। এরপর আবার নিজের মতো স্টান্স নিয়ে খেলা শুরু করার পর স্বচ্ছন্দ বোধ করি।’ হাত থেকে স্ট্রোক হারিয়ে ফেলার জন্যও এই বাঁহাতি দায়ী করছেন মাঝের স্টান্স বদলকেই, ‘আমি অনেক স্ট্রোক খেলতে পারতাম। বড় স্টান্স নেওয়ায় সেটা পারছিলাম না। আজ (গতকাল) থেকে আমি আবার নিজের টেকনিকে ব্যাটিং শুরু করেছি। এটা নিয়ে কোনো অনুশীলন করিনি। এতেই আমি বেশি স্বস্তি পাই। সে জন্যই এটাতে ফিরে এসেছি।’স্টান্স বদলে রান পেয়েছেন, রান পেয়ে ফিরে পেয়েছেন আত্মবিশ্বাস, ‘রান করে ব্যাটিংয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। এত দিন আমার মতো ব্যাটিং করতে পারছিলাম না। করলেও ইনিংস গড়তে পারছিলাম না। আজ (গতকাল) হয়েছে। আশা করি, পরের ম্যাচগুলোতেও ভালো করতে পারব।’ কাছ থেকে তাঁকে যাঁরা দেখেছেন, তাঁরা বলেন, বাইরে শান্ত প্রকৃতির ইমরুলের ভেতরের প্রতিজ্ঞাটা খুব দৃঢ়। বাজে সময়ে সেটাই হয়তো মেরুদণ্ড সোজা রেখেছে তাঁর। কাল ইমরুলও বললেন, ‘সব খেলোয়াড়েরই বাজে সময় যায়। কিছুদিন ধরে আমিও সেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। কঠোর পরিশ্রম করার পরও বড় রান করার অভ্যাস ফিরে পাচ্ছিলাম না। এবার সফল হয়েছি।’তবে তিনি জানেন, খেলোয়াড়দের পরীক্ষাটা প্রতিদিনের। প্রস্তুতি ম্যাচের একটা মাত্র ইনিংসে তাই ভেসে যাচ্ছেন না। বরং এমন দিনেও মনে করিয়ে দিলেন, ‘অনেক বড় বড় মানুষও বলে—ক্রিকেট কখনো মানুষকে সুখী করে না, সব সময় দুঃখী করে। অতৃপ্ত রাখে। ওটা মেনে নিতে হবে।’