নিজেকে ফিরে পাওয়ার লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬.০৬ মিটার টপকানোর সাফল্যও আছে তাঁর। অথচ গত সপ্তাহে লন্ডন গ্রাঁ প্রিতে তিনবারের চেষ্টায়ও টপকাতে পারেননি ৫.৪০ মিটার! স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ান পোল-ভল্টার স্টিভ হুকারকে মুখোমুখি হতে হচ্ছে নানা প্রশ্নের। নিন্দুকেরা তো বটেই, অস্ট্রেলিয়ার অ্যাথলেটিকস কর্মকর্তারা পর্যন্ত আঙুল তুলে বলতে শুরু করেছেন, শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে হুকারকে লন্ডন অলিম্পিকে করতে হবে অলৌকিক কিছু। নিজের সামর্থ্যের প্রতি অবশ্য হুকারের প্রচণ্ড আস্থা। প্রয়োজন শুধু আত্মবিশ্বাসটা ধরে রাখা।হুকারের সামর্থ্য পুরো বিশ্বই জানে। ২০০৯ বোস্টন ইনডোর চ্যাম্পিয়নশিপে লাফিয়েছিলেন ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৬.০৬ মিটার। পোল-ভল্টের ইতিহাসে এর চেয়ে বেশি উচ্চতায় লাফিয়েছেন কেবল ইউক্রেনিয়ান কিংবদন্তি ভল্টার সার্জিও বুবকাই, ৬.১৫ মিটার। তবে অলিম্পিকের কথা বললে হুকারই সবার ওপরে। ২০০৮ বেইজিং অলিম্পিকে ৩০ বছর বয়সী এই অ্যাথলেট সোনা জিতেছিলেন ৫.৯৬ মিটার পেরিয়ে, অলিম্পিকে যা রেকর্ডও।হুকারের সামনে এবার অলিম্পিকের শ্রেষ্ঠত্ব ধরে রাখার চ্যালেঞ্জ। তবে ঝাঁকড়া চুলের এই পোল-ভল্টারের সময়টা সাম্প্রতিক কালে ভালো যাচ্ছে না। গত মে মাসে ব্যক্তিগত অনুশীলনে ৫.৭২ মিটার পেরিয়ে অলিম্পিকের ছাড়পত্র নেওয়ার পর থেকেই বাজে সময় যাচ্ছে অ্যাথলেটিকসে অস্ট্রেলিয়ানদের সবচেয়ে বড় আশা হুকারের। লন্ডন অলিম্পিকে নামার আগে হুকার সময় পাচ্ছেন তিন সপ্তাহ। এই ইভেন্টের বাছাইপর্ব হবে ৮ আগস্ট।হুকারও বুঝতে পারছেন, এ সময়ে উন্নতি করতে হবে অনেক, ‘চার বছর আগে যে রকম ছিলাম, এখন আমি আসলে সে অবস্থায় নেই। তবে কাউকে ছেড়ে কথা বলব না। লড়াই করার মানসিকতা নিয়েই যাচ্ছি আমি।’ হুকারের লড়াকু মানসিকতার পরিচয় ২০০৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপেই পেয়েছে বিশ্ব। সেবার বার্লিনে হ্যামিস্ট্রিংয়ের চোট নিয়েও জিতেছিলেন সোনা। ফর্ম যেমনই হোক, লন্ডনে অন্যতম ফেবারিট হিসেবেই ধরা হবে তাঁকে। অলিম্পিকে সোনা জেতার জন্য করণীয়ও ঠিক করে ফেলেছেন হুকার। তাঁর বিশ্বাস, সোনা জিততে পেরোতে হবে ৫.৯০ মিটার। অবশ্য ২০১২ সালের সেরা উচ্চতার চেয়ে যে তিনি পিছিয়ে আছেন আধা মিটারের বেশি! ফ্রান্সের রেনো লেভিলনি এ বছরে পেরিয়েছেন ৫.৯৭ মিটার। তবে লন্ডনের আগে নিজেকে ঝালিয়ে নিতে আরও একটা সুযোগ পাচ্ছেন হুকার। আগামী সপ্তাহেই যাচ্ছেন পোল্যান্ডে।অলিম্পিকে হুকারের সবচেয়ে বড় সম্বল আত্মবিশ্বাস। তাঁকে নিয়ে আশাবাদী অস্ট্রেলিয়ার হাইপারফরম্যান্স ব্যবস্থাপক এরিক হলিংসওয়ার্থও। তাঁর বিশ্বাস, অস্ট্রেলিয়ার সাবেক দূরপাল্লার সাঁতারু কাইরেন পারকিন্স অনুপ্রেরণা জোগাবেন হুকারকে। ১৯৯২-এর অলিম্পিকে ১৫০০ মিটার সাঁতারে সোনা জেতেন পারকিন্স। চার বছর পর আটলান্টা অলিম্পিকের আগে একদমই ফর্ম ছিল না তাঁর। অথচ সেই পারকিন্সই সেবার জিতে নেন সোনা। রয়টার্স।