নিজেকে ফিরে পাচ্ছেন বোল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যামাইকা গ্রাঁ প্রিতে নিজের মৌসুম–সেরা ৯.৮৮ সেকেন্ড টাইমিং করে জিতলেন বোল্ট l রয়টার্স
জ্যামাইকা গ্রাঁ প্রিতে নিজের মৌসুম–সেরা ৯.৮৮ সেকেন্ড টাইমিং করে জিতলেন বোল্ট l রয়টার্স

রিও অলিম্পিকের আর খুব বেশি বাকি নেই। সময় যত ঘনিয়ে আসছে, ততই যেন নিজেকে ফিরে পাচ্ছেন উসাইন বোল্ট। পরশু রেসার্স গ্রাঁ প্রিতে এ বছরের ব্যক্তিগত সেরা সময়ে দৌড় শেষ করেছেন বোল্ট।
কিংস্টনের এই মিটে ৯.৮৮ সেকেন্ডের দৌড়ে বোল্ট পেছনে ফেলেছেন নিকেল অ্যাশমিড, ইয়োহান ব্লেক ও আসাফা পাওয়েলকে। টাইমিং ভুল বোঝাতে পারে—তাঁর দৌড় কিন্তু মোটেও নিখুঁত ছিল না। শুরুতেই হোঁচট খেয়েছেন, অন্যদের থেকে পিছিয়ে পড়েছিলেন অনেক। পরে ট্রেডমার্ক দৌড়ে সবাইকে পেছনে ফেলেছেন, আয়েশ করে ফিনিশিং লাইন ছুঁয়েছেন সবার আগে। দৌড় শেষে বোল্টও বলেছেন সে কথা, ‘নিখুঁত দৌড় ছিল না এটি। কিন্তু আমি জিতেছি এবং চোট ছাড়াই দৌড় শেষ করেছি, এটাই সুসংবাদ।’
এ দৌড়ে মূল প্রতিদ্বন্দ্বী জাস্টিন গাটলিনকেও একটি বার্তা দিয়ে রাখলেন বোল্ট। গাটলিনের ৯.৯৩ সেকেন্ডকে ছাড়িয়ে ২০১৬ সালে দ্বিতীয় সেরা সময় এখন বোল্টের। তবে পরশুর মিটটির গুরুত্ব ছিল অন্য দিক থেকেও। এ মাসের শেষ দিকে কিংস্টনেই হবে অলিম্পিক ট্রায়াল। পরশু সেটিরই একটি পরীক্ষা হয়ে গেল। একই সঙ্গে ঘরেও ফেরা হলো বোল্টের। প্রায় দুই বছর পর জ্যামাইকাতে দৌড়াতে পেরে বোল্ট খুশি, ‘ফিরতে পেরে ভালো লাগছে, অনেক দিন পর এখানে দৌড়ালাম।’
মেয়েদের ১০০ মিটারে জয় পেয়েছেন বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস। সদ্য চোট কাটিয়ে ওঠা ফ্রেজার-প্রাইসের টাইমিং আশানুরূপ হয়নি, দৌড় শেষ করতে সময় নিয়েছেন ১১.০৯ সেকেন্ড। এএফপি।