নিজেকে ফিরে পেতে মরিয়া পোলার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেটে বোলিং করলেন বেশ কিছুক্ষণ। এরপর প্রায় আধঘণ্টা ব্যাটিং। এখানেই শেষ নয়। অনুশীলন শেষ করে সতীর্থরা সব যখন আয়েশ করে তাঁবুর নিচে বসে, তিনি তখন সহকারী কোচকে নিয়ে চলে এলেন সেন্টার উইকেটে। ১৫-২০ মিনিট ধরে শুধু বল তুলে তুলে মেরে গেলেন। নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় যেন কমতি রাখছেন না কাইরন পোলার্ড। খুলনা থেকে বল পাঠাতে চেয়েছিলেন ঢাকায়। দৈত্যসম শরীর, কবজির জোর তাঁর যথেষ্টই আছে। অনেক সময় তাঁর টাইমিং না হওয়া শটগুলোও অনায়াসে আশ্রয় নেয় গ্যালারিতে। কিন্তু অতটা ঔদ্ধত্য হয়তো সহ্য করেনি ক্রিকেট। খুলনা থেকে ঢাকা পাঠানো দূরের কথা, এই সিরিজে এখন পর্যন্ত উড়িয়ে বল সীমানা ছাড়াই করতে পারেননি! তিন ম্যাচে ছক্কা নেই একটিও, চারই মাত্র তিনটি!ক্রিকেট খেলাটা এভাবেই সবাইকে সমতায় নামিয়ে আনে। যতটা শরীরের, তার চেয়েও বেশি খেলাটা মাথা আর মনের। ক্রিকেট মনস্তত্ত্ব এমনই জটিল যে একবার এর চক্করে পড়ে গেলে ফিরে যেতে হয় মূলে। আগের রাতে ম্যাচ খেলে কাল সকালেই তাই আবার মাঠে পোলার্ড। ঐচ্ছিক অনুশীলনেও ব্যাটিং নিয়ে বাড়তি কাজ করলেন মিরপুরের একাডেমি মাঠে।পোলার্ডের এই আলাদা অনুশীলনের সঙ্গী দলের সহকারী কোচ টবি র্যা ডফোর্ড। বাড়তি সময় অনুশীলনটাকে আলাদা গুরুত্ব দিতে চাইলেন না সাবেক মিডলসেক্স ব্যাটসম্যান ও কোচ। তবে পোলার্ডের ফর্ম নিয়ে দুশ্চিন্তাটা ফুটে উঠল তাঁর কথাতেও, ‘এমন অনুশীলন নতুন কিছু নয়। ওয়ানডে ম্যাচের আগে এমনিতেই চার-ছয় মারার অনুশীলন নিয়মিত হয়। তবে গত কয়েক দিনে উইকেটে খুব বেশি সময় কাটাতে পারেনি, এমন একজনের জন্য সেন্টার উইকেটে বাড়তি অনুশীলন করা জরুরি। কারণ নেটে ব্যাটিং করা এক ব্যাপার আর চারপাশ খোলা রেখে পুরো মাঠের ছবিটা চোখে নিয়ে ব্যাটিং করা আলাদা ব্যাপার।’নেটে কাল অনেক সময় ব্যাটিং করলেন আগের রাতে ম্যাচ খেলা কাইরান পাওয়েল, ডোয়াইন স্মিথ, এমনকি ভিরাসামি পেরমলও। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের ভঙ্গুরতা গত তিন ম্যাচে ভালোই ফুটে উঠেছে। অলরাউন্ডারদের কারণে ব্যাটিং লাইনআপ অনেক লম্বা বটে, কিন্তু অলরাউন্ডাররাই আবার বড় দুর্বলতা। একাদশে বিশেষজ্ঞ ব্যাটসম্যান বলতে চারজন—দুই ওপেনারের পর স্যামুয়েলস-ব্রাভো। স্মিথ-পোলার্ড-রাসেলরা নিজেদের দিনে একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। কিন্তু সেই দিনটা কবে আসবে, নিশ্চয়তা নেই। এই ওয়েস্ট ইন্ডিজের মিডল-অর্ডারে তাই চন্দরপল-সারওয়ানের নির্ভরতা নেই। টপ-অর্ডার ভালো না করায় প্রতিটি ম্যাচেই দ্রুত বেরিয়ে এসেছে লেজ। এমনকি পরশু মাত্র ২২৭ রান তাড়া করতে নেমেও জিততে পেরেছে স্যামুয়েলসের ওই অসাধারণ ইনিংসটার কল্যাণেই। ৯৬ রানে মমিনুলের বলে স্লিপে মাশরাফি যদি ক্যাচ নিতে পারতেন, ম্যাচের ফলাফল অন্য রকম কিছু হতেও পারত। মিডল-অর্ডারে শক্তি বাড়ানোর উপায়ও নেই। স্কোয়াডে যে বাড়তি মিডল-অর্ডার ব্যাটসম্যানই নেই! একটা উপায় হতে পারে, স্মিথকে বসিয়ে পাওয়েল-সিমন্স দুজনকেই খেলানো। কিন্তু ‘অলরাউন্ডারপ্রিয়’ গিবসন-স্যামির সেই পথে যাওয়ার সম্ভাবনা কমই। গেইল-ব্রাভো-স্যামুয়েলসদের থিতু হতে না দিলে বাংলাদেশের বোলাররা আজও দ্রুতই পেয়ে যাবে ক্যারিবীয় লেজের দেখা। পরশু ওয়েস্ট ইন্ডিজের দুই স্পিনার খেলানোর পরিকল্পনাটা অবশ্য দারুণ কাজে দিয়েছে। ফর্মে ফিরে ৪ উইকেট নিয়েছেন সুনীল নারাইন, অভিষেকেই দুটি পেরমল। বাংলাদেশের অস্ত্রেই বাংলাদেশকে ঘায়েল করতে পেরে বেশ তৃপ্ত ক্যারিবীয়দের সহকারী কোচ, ‘ওই উইকেটে দুই স্পিনার খেলানোর সিদ্ধান্তটি ছিল গুরুত্বপূর্ণ। গেইলও ভালো বোলিং করেছে। খুলনায় বাংলাদেশ আমাদের যেভাবে সমস্যায় ফেলেছে, এখানে আমরা ওদের সেই সমস্যাতেই ফেলেছি। বলের গতি তুলে নেওয়াটা জরুরি ছিল, ব্যাটসম্যানরা মারুক না গায়ের জোরে!’ পরিকল্পনাটা আজও একই রকম থাকার কথা। দেখা যাক, এবার জবাব দিতে পারেন কি না বাংলাদেশের ব্যাটসম্যানরা!