নিজেকে ব্যর্থ ভাবেন না মরিনহো
আরও একবার সেমিফাইনালেই শেষ হলো রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগের দশম শিরোপার স্বপ্ন। এতে আরও জোরালো হয়েছে হোসে মরিনহোর মাদ্রিদ ছাড়ার গুঞ্জন। এ নিয়ে অবশ্য স্পষ্ট কিছু বলেননি রিয়াল মাদ্রিদ কোচ। বিষয়টা বরং তিনি ঝুলিয়ে রাখলেন মৌসুম শেষে আলোচনা করবেন বলে। তবে রিয়ালে তিনি ব্যর্থ, এই অপবাদ মানতে নারাজ মরিনহো।মরিনহো তিন বছরে রিয়ালকে একবার জিতিয়েছেন লিগ এবং এবার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারলে দুবার জেতা হবে কোপা ডেল রে। পেছন ফিরে তাকিয়ে নিজের অর্জনে সন্তুষ্টই মরিনহো, ‘রেকর্ড লিগ শিরোপার কথা মনে রাখা উচিত, আপনারা (সাংবাদিকেরা) এটা মুছে ফেলতে চাইলেও পারবেন না। আমরা ২০ বছরে প্রথম কিংস কাপ জিতেছি এবং আপনারা তা-ও মুছে ফেলতে পারবেন না।’ চ্যাম্পিয়নস লিগে তিনবার সেমিফাইনালে ওঠাটাও মরিনহোর দৃষ্টিতে সাফল্য, ‘ব্যক্তিগতভাবে আমি সন্তুষ্ট না হলেও এটা অর্জন করা সহজ নয়। কারণ গত ২১ বছরে রিয়ালের হয়ে ১৮ জন কোচ দায়িত্ব পালন করলেও পাঁচবার মাত্র সেমিফাইনালে উঠতে পেরেছে। তিন বছরে তিনটি সেমিফাইনাল; মরিনহোর জন্য খারাপ রেকর্ড। তবে গর্বের বিষয় হলো, রিয়ালের কোচ হিসেবে আমি স্পেনে বার্সেলোনার রাজত্ব শেষ করতে পেরেছি।’ক্লাব ছাড়া প্রসঙ্গে তাঁর কথা, ‘আমি একটা বিষয়ই নিশ্চিত করতে পারি, আমার হাতে পাঁচটি লিগ ম্যাচ ও কাপের ফাইনাল বাকি আছে। এরপর আমি সভাপতির সঙ্গে আলোচনায় বসব এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলব।’ অধিনায়ক ইকার ক্যাসিয়াসের একাদশে জায়গা না পাওয়া সম্পর্কে তাঁর কথা, ‘সমস্যা তখনই হয়, যখন কেউ একজন নিজেকে সবার ওপরে মনে করে।’আজ ভ্যালাদোলিদের বিপক্ষে ম্যাচ রিয়ালের। বার্নাব্যুর এ ম্যাচটি রিয়াল হারলে বা ড্র করলে আগামীকাল রিয়াল বেটিসের বিপক্ষে জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। রয়টার্স।