নিজেকে যোগ্যই ভাবছেন পন্টিং
নিজেদের দীর্ঘ ইতিহাসে ধবলধোলাইয়ের শিকার এর আগে অস্ট্রেলিয়া হয়েছিল মাত্র পাঁচবার। ষষ্ঠবারের মতো কলঙ্কের সেই তিলক পরল অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই রিকি পন্টিংকে অনেকেই দাঁড় করাচ্ছে সমালোচনার কাঠগড়ায়। অস্ট্রেলীয় মিডিয়ায় তো হায় হায় উঠে গেছে—অ্যাশেজটাও না এবার হারতে হয় ঘরের মাঠে!কেউ কেউ বলছে, সময় এসেছে দায়িত্ব থেকে পন্টিংয়ের সরে দাঁড়ানোর। এতে তাঁর আর দল দুই পক্ষেরই মঙ্গল। অধিনায়কের বোঝা সরে গেলে নিজের ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে পারবেন। কিন্তু অধিনায়কের পদ থেকে সরে যেতে নারাজ পন্টিং। দেশে ফিরে সিডনিতে সাংবাদিকদের এই প্রশ্নটার মুখোমুখি হতে হয়েছিল—নিজেকে কি এখনো অস্ট্রেলিয়ার যোগ্যতম অধিনায়ক মনে করেন? ৭৩ টেস্টে নেতৃত্ব দিয়ে ৪৭টি জয়ের বিপরীতে ১৪টিতে হেরে যাওয়া পন্টিংয়ের উত্তর, ‘অবশ্যই, এতে আমার কোনো সন্দেহ নেই।’সন্দেহ আছে সমালোচকদের। জিওফ লসনের মতো কেউ কেউ যুক্তি দিচ্ছেন, পাঁচ-পাঁচটি টেস্ট সিরিজ হেরে যাওয়ার পর নেতৃত্বে পরিবর্তন আনা জরুরি। মাইকেল ক্লার্ককেই যোগ্য মনে হচ্ছে তাঁদের। যদিও পন্টিং একমত নন, ‘ভারত সফরের ফলাফল হতাশাজনক ছিল। কিন্তু ক্রিকেট খেলাটাই তো এমন।’অধিনায়ক হলে ভালো খেলতে পারবেন না, এমন ধারণার সঙ্গেও তিনি একমত নন, ‘অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার পর থেকে আমি আমার সবটুকু নিংড়ে দেওয়ার চেষ্টাই করেছি। চেষ্টা করেছি সেরা নেতা, সেরা খেলোয়াড় হয়ে উঠতে। এখন যদি আমার সমালোচনা করা হয়, তাতে আমি আর কী করতে পারি!’পন্টিংকে সমালোচনা সইতে হয়েছে বন্ধু শেন ওয়ার্নের কাছ থেকেও। নাথান হরিজের বলে ফিল্ডিং সাজানো নিয়ে টুইটারের পন্টিংকে রীতিমতো ধুইয়ে দিয়েছিলেন ওয়ার্ন। পরে পন্টিং অবশ্য জানিয়েছেন, অমন ফিল্ডিং হরিজের অনুরোধেই সাজানো হয়েছিল। ওয়ার্নও ক্ষমা চেয়ে নিয়েছেন এই বলে, ‘আমরা দুজনই ভালো বন্ধু। হ্যাঁ, মাঝেমধ্যে কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বিমত দেখা দিতেই পারে। এর মানে এই না হুট করে আমরা একে অন্যকে ঘৃণা করতে শুরু করলাম। পান্টারের (পন্টিং) সঙ্গে আমার বেশ কটা এসএমএস চালাচালিও হয়েছে।’অস্ট্রেলীয় সাংবাদিকেরা প্রশ্ন করেছেন এ বিষয়ে। ‘ওকে আমি মেসেজ পাঠিয়েছি। টুইটারে ও যা লিখেছে, সেটা পড়ার আমি কতটা হতাশ হয়েছি, সেটাও ওকে জানিয়ে দিয়েছে’—পন্টিংয়ের কথা শুনে মনে হচ্ছে, রাগ এখনো পড়েনি। এএফপি।