নিজেকে সেরা ভাবেন না স্টেইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ এক অদ্ভুত বৈপরীত্য। মাঠের ভেতরে আর বাইরে যেন পুরো বিপরীত দুটি সত্তা। বল হাতে ভীষণ আগ্রাসী, খুনে মেজাজের ফাস্ট বোলার। মাঠের বাইরে তিনিই আবার খুব ধীরস্থির, শান্ত ও নরম স্বভাবের এক মানুষ। বিনয় যাঁর চরিত্রের সবচেয়ে বড় শোভা। যখন কথা বলেন, পাশে বসেও কান পেতে শুনতে হয়। ডেল স্টেইনের সেই বিনয়ের প্রমাণ পাওয়া গেল আরেকবার। বিশ্বের সেরা বোলার হিসেবে প্রায় সবাই তাঁকে একবাক্যে মেনে নেন। কিন্তু নিজেকে মোটেও সেরা ভাবেন না স্টেইন, তাঁর চেয়েও ভালো বোলার নাকি আছেন!দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া মিশন কার্যত শুরু হচ্ছে আজ, সিডনিতে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের ম্যাচ দিয়ে। কাল এসসিজিতেই সারল্যমাখা হাসি আর রসিকতায় নিজের চরিত্রের বৈপরীত্য ব্যাখ্যা করলেন স্টেইন, ‘সত্যি বলতে ক্রিকেটই আমার আগ্রাসী দিকটা বের করে আনে। এক ওভারে দুটি বাউন্সারে কাউকে খুন করা বা খুনের চেষ্টা করার বৈধতা বিশ্বের আর কোথায় পাওয়া যাবে, বলুন! এটাই তো যে কাউকে উন্মত্ত করে তোলার জন্য যথেষ্ট! মাঠের বাইরে আমি বেশ ঠান্ডা, কিন্তু মাঠের ভেতরে শুধুই যুদ্ধ।’৫৭ টেস্টে ২৩.৫০ গড়ে ২৮৭ উইকেট। কমপক্ষে ১৫০ উইকেটশিকারিদের মধ্যে তাঁর স্ট্রাইক রেট টেস্ট ইতিহাসের সেরা (৪১.৫)। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে টানা শীর্ষে আছেন ২০০৯ সালের ৩০ ডিসেম্বর থেকে। এসবই বলছে তিনি সময়ের অবিসংবাদিত সেরা। কিন্তু এই আলোচনাতেই যেন চরম অস্বস্তি স্টেইনের, ‘একদম সত্যি বলতে, আমার চেয়ে ভালো বোলার আরও অনেক আছে। আমি স্রেফ দক্ষিণ আফ্রিকার হয়ে ধারাবাহিকভাবে খেলেছি এবং ভালো করেছি। গ্রায়েমের (অধিনায়ক স্মিথ) যখন কোনো উইকেট প্রয়োজন হয় বা এমন কিছু, ও আমার হাতে বল তুলে দেয়। আমি যথেষ্ট সৌভাগ্যবান, ওর জন্য উইকেট এনে দিতে পারি। যদি সব টেস্ট ম্যাচ খেলি এবং উইকেট নিতে থাকি, পয়েন্ট র‌্যাঙ্কিং পদ্ধতি তো আমাকে শীর্ষে রাখবেই। কিন্তু যেমন বলেছি, এর মানে এই না যে আমি বিশ্বসেরা বা সবচেয়ে দক্ষ বোলার।’ক্রিকেট যাঁরা অনুসরণ করেন, নিশ্চিতভাবেই একমত হবেন না স্টেইনের সঙ্গে। তাঁর গতির আগুনে পুড়েছেন যেসব ব্যাটসম্যান, তাঁরা তো ননই! তবে একটা ব্যাপারে সবাই একমত হবেন, স্টেইনের ফিটনেস ও ধারাবাহিকতা বিস্ময়কর। যে যুগে নেটেই হরহামেশা চোট পাচ্ছেন পেসাররা, বিশ্বের দ্রুততম বোলার হয়েও স্টেইন সেখানে খেলছেন দক্ষিণ আফ্রিকার প্রায় প্রতিটি টেস্ট! দলে প্রতিষ্ঠিত হওয়ার পর উল্লেখযোগ্য কোনো টেস্টে স্টেইনের খেলতে না পারার সর্বশেষ ঘটনা সেই ২০০৮ সালে। ইংল্যান্ড সফরে দুটি টেস্ট খেলতে না পারার কারণও কোনো বোলিং-সংক্রান্ত চোট নয়, হাতের বুড়ো আঙুল ভেঙে যাওয়া।স্টেইন এর পুরো কৃতিত্ব দিলেন বোর্ড ও টিম ম্যানেজমেন্টকে, ‘আমি কিন্তু মোটেও শক্ত-সামর্থ্য নই, যথেষ্টই হালকা-পাতলা! আমার ব্যবস্থাপনা আসলে ভালো হয়েছে। ট্রেনাররা আমাদের সব কোচকে সঠিক বার্তাটা পৌঁছে দিয়েছে। ওয়ানডে আমি বেশ কম খেলেছি। সব মিলিয়ে আমার ব্যবস্থাপনা তারা খুব ভালো করেছে।’ সময়ের সঙ্গে সঙ্গে স্টেইন নিজেও অনেক পরিণত হয়েছেন, ‘তরুণ বয়সে আমি সম্ভবত একটু বেশিই বোলিং করেছি। এখন পুরো ব্যাপারটাই হলো আমাকে ভালোভাবে ম্যানেজ করা, আমি জানি সেরা ডেলিভারিগুলো ম্যাচেই করতে হবে। উসাইন বোল্ট তো আর অনুশীলনে ১০০ মিটারের বিশ্ব রেকর্ড গড়ে না!’বিশ্বজুড়ে তরুণ ফাস্ট বোলারদের জন্য যেমন, স্টেইনের কথাগুলো থেকে অনেক শেখার আছে বোর্ডগুলোরও। রয়টার্স।