নিজেকে হারিয়ে খুঁজছেন ফ্রেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামেরুনের বিপক্ষে ছন্দে ফিরবেন ফ্রেড? এএফপি
ক্যামেরুনের বিপক্ষে ছন্দে ফিরবেন ফ্রেড? এএফপি

২০১৩ সালটা ছিল স্বপ্নের মতো। দশ ম্যাচে ৯ গোল যেকোনো স্ট্রাইকারের জন্যই একটা অহংকারী পরিসংখ্যান। আর সেগুলোও কেমন সব দলের বিপক্ষে দেখুন না—কনফেডারেশনস কাপের ফাইনালে স্পেনের সঙ্গে দুই গোল, সেমিফাইনালে উরুগুয়ের বিপক্ষে এক, গ্রুপপর্বে ইতালির সঙ্গে দুই গোল। সঙ্গে যোগ করুন প্রীতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে দুই গোল, ইতালি ও রাশিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে এক গোল করে। ব্রাজিল বিশ্বকাপের ঠিক আগের বছর ফ্রেডের এমন গোলক্ষুধার পাশে নেইমারের অমিতপ্রতিভা সেলেসাওদের স্বপ্নের দিগন্তে হেক্সার (ষষ্ঠ শিরোপা) রংই এঁকেছে। বিশ্বকাপের আগে সর্বশেষ প্রস্তুতি ম্যাচে সার্বিয়ার সঙ্গে যখন করলেন জয়সূচক গোল, সমর্থকেরা আরেকবার আশ্বস্ত হলেন।
কিন্তু বিশ্বকাপে এ কোন ফ্রেড? প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ, গোলের খাতা খুলতে না পারা স্ট্রাইকারকে চেনাচ্ছে জার্সির পেছনে লেখা নাম। সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার অ্যালান শিয়ারার বলেছেন, স্কলারির উচিত ফ্রেডকে বাদ দেওয়া।
ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী এডমিলসনের ভাবনাটাও মিলে গেছে শিয়ারারের সঙ্গে, ‘আমি হলে নেইমারকে খেলাতাম ফলস নাইন হিসেবে। ফ্রেডের জায়গায় নিতাম উইলিয়ানকে, কারণ চেলসির হয়ে ওই পজিশনেই ও ভালো খেলেছে। আর হাল্ক সুস্থ থাকলে তো কথাই নেই। নেইমারকে খেলাতাম হোল্ডিং মিডফিল্ডার আর বিপক্ষ দলের ডিফেন্ডারদের মাঝখানে, জার্মানির হয়ে টমাস মুলার যেখানে খেলে।’
ক্রোয়েশিয়া বা মেক্সিকোর সঙ্গে সেলেসাওদের খেলায় মন ভরেনি সমর্থকদের। ১৯৭৮ বিশ্বকাপের পর এবারই প্রথম ব্রাজিল গ্রুপপর্বে শেষ ম্যাচ খেলতে যাচ্ছে দ্বিতীয় রাউন্ডের টিকিট হাতে না নিয়ে। তবু বিশ্বকাপ ইতিহাসে নিজেদের ১০০তম ম্যাচের আগে খুব অস্বস্তিতে নেই পাঁচবারের বিশ্বজয়ীরা। ক্যামেরুনের সঙ্গে ড্র করলেই মিলবে পরের পর্বের টিকিট। বরং এই ম্যাচ স্কলারির দলের জন্য হতে পারে নিজেদের ফিরে পাওয়ার উপলক্ষ।
গোলরক্ষক জুলিও সিজার অবশ্য মনে করেন প্রথমে ক্রোয়েশিয়া ও মেক্সিকোর সঙ্গে খেলে ভালোই করেছে সেলেসাওরা, ‘গ্রুপটা কঠিন ছিল, কিন্তু সেটা আমাদের জন্য ভালোই হয়েছে। প্রথম থেকেই কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলা ভালো, এর ফলে আপনি প্রথম থেকেই খেলায় মনোনিবেশ করতে বাধ্য হবেন, যেটা কম খেলার প্রতিযোগিতায় অপরিহার্য।’
দ্বিতীয় পর্বে ব্রাজিল মুখোমুখি হবে ফর্মে থাকা হল্যান্ড বা চিলির, যে দুটি দল এরই মধ্যে নন্দিত ফুটবল খেলে পরের পর্বে স্থান করে নিয়েছে। বিদায় করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে। নকআউট পর্বে ভুল করার সুযোগ নেই, মূল স্ট্রাইকারের নিষ্প্রভতার জন্য দলকে চড়া মূল্য দিতে হতে পারে, ফ্রেড জানেন নিশ্চয়ই। ক্রোয়েশিয়া দেখিয়েছে সুযোগ কাজে লাগালে ক্যামেরুনকে হারানো কঠিন হবে না।
সেলেসাওরা চাইবে স্মরণীয় হয়ে থাকুক বিশ্বকাপে ব্রাজিলের ১০০তম ম্যাচ, জয়ের পাশাপাশি ওলিচ-মানজুকিচদের দেখানো পথে হেঁটে গোলে ফিরুন ফ্রেড। হীন মনোবল আর ভগ্নশক্তির ক্যামেরুনের বিপক্ষে নিজেকে ফিরে পান তাদের প্রিয় স্ট্রাইকার। তাঁর ঘুরে দাঁড়ানোর জন্য মঞ্চ প্রস্তুত। ফ্রেড নিজে প্রস্তুত তো?