নিজেকে হারিয়ে খুঁজছেন প্রিয়র
ইংল্যান্ডের পারফরম্যান্সে ওঠা-নামা। আয়ারল্যান্ডের কাছে হেরে দক্ষিণ আফ্রিকাকে হারানো। বাংলাদেশের কাছে হারের পর নাটকীয়ভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেওয়া। দলের সঙ্গে পাল্লা দিয়ে উঠছেন-নামছেন ম্যাট প্রিয়রও। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সিরিজে ওয়ানডে দলে ফিরলেন ওপেনার হিসেবে। ওই সিরিজেই নামতে হলো ছয়ে। বিশ্বকাপ শুরু করলেন ছয় থেকেই, এখন আবার ওপেনিংয়ে। তবে এই ওঠা-নামা শুধুই ব্যাটিং-অর্ডারে। পারফরম্যান্স এক জায়গায় স্থির এবং প্রিয়র তাতে খুশি হওয়ার মতো কিছু পাচ্ছেন না। ফর্ম যে একেবারে তলানিতে!বিশ্বকাপের প্রথম ৩ ইনিংসে ব্যাট করলেন ছয়ে—রান ৪, ৬ ও ১০। চোট নিয়ে কেভিন পিটারসেনের দেশে ফিরে যাওয়া তাঁকে তুলে আনল ওপেনিংয়ে। এবার খানিকটা উন্নতি, দুই ইনিংসে রান ১৫ ও ২১। ফর্ম হারিয়ে ফেলেছেন বললেও খানিকটা ফাঁক থেকে যায়। ওয়ানডে ক্যারিয়ারে ফর্ম জিনিসটা যে কখনোই ঠিক ছিল না তাঁর। ৬৭ ম্যাচে মাত্র ৩ ফিফটি, সর্বোচ্চ ৮৭। ব্যাটিং-গড় মাত্র ২৩.৭৭। গত বছরের বাংলাদেশ সফরের পর ওয়ানডে দলে জায়গাও হারিয়েছিলেন। অ্যাশেজের দুর্দান্ত পারফরম্যান্সে আবার রঙিন পোশাক উঠল গায়ে। কিন্তু ওয়ানডের প্রিয়র থেকে গেলেন সেই পুরোনো চেহারাতেই।কীভাবে নিজেকে খুঁজে পাবেন, এটা নিয়ে প্রিয়র নিজেও মনে হলো সংশয়ে, ‘আমি নিজেও জানি না কেন পারছি না। বুঝতে পারছি না কোথায় ব্যাটিং করা উচিত। অবশ্যই আমার পছন্দ ওপেনিং, কাউন্টিতে সেটাই করি। যদিও আন্তর্জাতিক ক্রিকেট অন্য জিনিস। কিন্তু তার মানে এই না যে, আমার সামর্থ্য নেই বা টেকনিক নেই। টেকনিক না থাকলে কেউ ৪টি টেস্ট সেঞ্চুরি করতে পারে না। সবচেয়ে বড় সমস্যা হলো আমি শুরুগুলো কাজে লাগাতে পারছি না। তবে আশা করি, আমি পারব। কারণ আমি তো জানি, আমার সামর্থ্য আছে!’নিজের পাফরম্যান্সের উন্নতি তো চানই, আর দেখতে চান না দলের ওঠা-নামাও। পরশু কোয়ার্টার ফাইনালে দাঁড়াতে হবে শ্রীলঙ্কার সামনে, এবার পারফরম্যান্স নামলে আর ওঠার সুযোগ নেই। প্রিয়রের চাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়কে সিঁড়ি বানিয়ে এগিয়ে যাবে তাঁর দল, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়টা আমাদের অনেক আত্মবিশ্বাসী করে চলেছে। আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি, এর চেয়ে এতটুকু কমও হবে হতাশাজনক। স্বীকার করছি, এখন পর্যন্ত আমরা ভালো খেলিনি। কিন্তু মূল কথা হলো ভালো না খেলেও আমরা কোয়ার্টারে। শিরোপা এখন আর মাত্র তিন ম্যাচ দূরে। দলের সবাই সেটা জানে। আশা করি, এখন ইংল্যান্ডকে সেরা রূপে দেখা যাবে।’ইংল্যান্ডকে সেরা রূপে দেখতে হলে যে প্রিয়রকেও সেরা ফর্মে ফেরা জরুরি।