নিজেকে ‘দ্য ওয়াল’ ভাবেন না দ্রাবিড়
ব্যাট করার সময় তিনি দৃঢ়। তাঁর উইকেট যেন দুর্ভেদ্য। রাহুল দ্রাবিড় উইকেটে থাকা মানেই প্রতিপক্ষ দলে শঙ্কা—কতক্ষণে তাঁর উইকেটের দেখা পাওয়া যাবে, কে জানে! উইকেটের সামনে দেয়ালসম প্রতিরোধ গড়ে তোলার গুণের কারণেই ভারতের এই তারকা ব্যাটসম্যানকে ডাকা হয় ‘দ্য ওয়াল’। তবে দ্রাবিড় জানিয়েছেন, নিজেকে দ্য ওয়াল ভাবেন না তিনি।‘আমি কখনোই এটা নিয়ে ভাবিনি। নিজেকে ওয়াল হিসেবেও দেখি না আমি’—‘উইজডেন ক্রিকেটার’ ম্যাগাজিনের সর্বশেষ প্রকাশিত সংখ্যায় বলেছেন দ্রাবিড়।বোলারদের সামনে প্রতিরোধের দেয়াল গড়ে তোলার স্বীকৃতি পেয়েছেন দ্রাবিড়। তবে এই মিডল অর্ডার ব্যাটসম্যান স্বীকার করে নিয়েছেন, শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের মুখোমুখি হতে ভয় লাগত তাঁর, ‘সন্দেহ নেই, মুরালি আমার অনেক রাতের ঘুম হারাম করে দিয়েছে।’চারদিকে টি-টোয়েন্টির জোয়ার। পাঁচ দিনের ক্রিকেটের মাঠে দর্শক সেভাবে আসে না। অনেকের ভবিষ্যদ্বাণী, টি-টোয়েন্টির কারণেই একদিন ‘মৃত্যু’ ঘটবে টেস্ট ক্রিকেটের। তবে টেস্টের ভবিষ্যত্ নিয়ে শঙ্কিত নন ১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা দ্রাবিড়, ‘লোকে অনেক কিছুই ভাবছে। তবে শঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি। টি-টোয়েন্টি এসে টেস্ট ক্রিকেটের সামনে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এটা স্বীকার করতেই হবে। কিন্তু আমি এখনো মনে করি, সবাই টেস্ট খেলা দেখতে চায়।’ ওয়েবসাইট।