নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করবেন, ঘোষণা কানেরিয়ার
ইংলিশ কাউন্টি ক্রিকেটে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ স্বীকার করায় চার মাসের কারাদণ্ড হয়েছে এসেক্সের সাবেক বোলার মারলন ওয়েস্টফিল্ডের। ওয়েস্টফিল্ড গতকাল শুক্রবার আদালতে দাবি করেছিলেন, পাকিস্তানি স্পিনার দানিশ কানেরিয়ার প্ররোচনাতে ফিক্সিংয়ে জড়িয়েছিলেন তিনি। তবে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সম্ভব সবকিছু করার ঘোষণা দিয়েছেন কানেরিয়া।‘বিষয়টা নিয়ে এখন কিছু বলতে চাই না আমি। আমাকে আদালত দোষী সাব্যস্ত করেছেন, এমনটা ধরে নেওয়া ঠিক হবে না। প্রকৃতপক্ষে এসেক্স পুলিশ তদন্ত করে অনেক আগেই আমাকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে’—আজ পিটিআইকে বলেছেন কানেরিয়া।কানেরিয়া আরও বলেন, ‘আদালতের পূর্ণাঙ্গ রায় সংগ্রহের জন্য আমার লন্ডনের আইনজীবীকে বলেছি আমি। স্পট ফিক্সিং ইস্যু থেকে নিজেকে নির্দোষ প্রমাণিত করার আগ পর্যন্ত ক্ষান্ত হব না আমি।’২০০৯ সালের সেপ্টেম্বরে ডারহামের বিপক্ষে এক ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ স্বীকার করে আদালতে ওয়েস্টফিল্ড দাবি করেন, একটি ওভারে নির্দিষ্ট পরিমাণ রান দিলে তাঁকে প্রচুর অর্থ দেওয়া হবে বলে জানিয়েছিলেন কানেরিয়া।ওয়েস্টফিল্ড জানান, ৪০ ওভারের ওই ম্যাচের প্রথম ওভারে ১২ রান দেওয়ার জন্য ছয় হাজার পাউন্ড নিয়েছিলেন তিনি। তবে ওই ওভারে মাত্র ১০ রান দিতে পেরেছিলেন তিনি।স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে ২০১০ সালে কানেরিয়াকে গ্রেপ্তার করেছিল এসেক্স পুলিশ। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই সময় ছেড়ে দেওয়া হয় তাঁকে।