নিজেকেই পছন্দ ধোনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে! গুঞ্জনটা নতুন নয়। গত বছর ভারতের বিশ্বকাপ জয়ের পর থেকেই খবরটা বাতাসে ভেসে বেড়াচ্ছে। সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি বিতর্ক। ধোনিকে সরিয়ে কার কাঁধে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হবে—এ নিয়ে।টেস্ট অধিনায়ক হিসেবে কাকে পছন্দ? গতকাল রোববার ধোনিকেই প্রশ্নটা করেছিলেন সাংবাদিকেরা। ধোনির জবাব, ‘এটা আমার পছন্দের বিষয় নয়। আমাকেই পছন্দ আমার।’ এর পর অবশ্য সম্ভাব্য কয়েকজনের নামও উল্লেখ করেন ধোনি, ‘এখন পর্যন্ত নেতৃত্ব পাওয়ার লড়াইয়ে অনেকেই রয়েছে। তাঁদের মধ্যে বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর ও বিরাট কোহলি অন্যতম।’বিশ্বকাপের পর থেকে টেস্ট ক্রিকেটে ধুঁকছে ভারতীয় দল। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে নামতে নামতে ধোনিদের অবস্থান এখন ৪ নম্বরে। ধোনিকে টেস্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি ওঠার কারণ এটাই। ধোনির দল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে গম্ভীরের দল কলকাতা নাইট রাইডার্স আইপিএল শিরোপা জেতার পর পুরোনো প্রসঙ্গটা আবারও পাদপ্রদীপের আলোয় চলে এসেছে।টেস্ট, টেস্ট ও টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন ধোনি। তবে সহ-অধিনায়কের পদটি নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বর্তমানে সহ-অধিনায়ক হিসেবে আছে গৌতম গম্ভীর। তবে এর আগে দীর্ঘ সময় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন বীরেন্দর শেবাগ। বাংলাদেশে এ বছর অনুষ্ঠিত এশিয়া কাপে সহ-অধিনায়ক ছিলেন বিরাট কোহলি।