নিজেদের আয়নায় মুশফিকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের আয়নায় মুশফিকরা
নিজেদের আয়নায় মুশফিকরা

গত জুনের মাঝামাঝি কন্ডিশনিং ক্যাম্প তখন মাত্র শুরু হয়েছে। কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে পরামর্শ করে অধিনায়ক মুশফিকুর রহিম একদিন সবাইকে ডেকে জড়ো করলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ড্রেসিংরুমের সামনে। মাঠের সবুজ ঘাসের ওপর মুশফিককে ঘিরে তৈরি হলো একটা জটলা। কিন্তু কেন?
কয়েক দিন ধরেই মুশফিক ভাবছিলেন, খারাপ খেললে বাইরের মানুষ কত রকম সমালোচনাই তো করে। সেটার পাশাপাশি নিজেদের সমালোচনা নিজেরা করলে কেমন হয়! নিজেদের ভুল-ত্রুটি, দোষ-গুণ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা-সমালোচনাই তো সেগুলো কাটিয়ে ওঠার সবচেয়ে কার্যকর উপায়। সিনিয়রদের পরামর্শ নিয়ে দলের সবার সামনে এই বিষয়টাই তুলে ধরলেন মুশফিক। সবার মতামত নিয়ে ঠিক হলো একটা ‘টিম কালচার’।
অনুশীলনে কেউ হয়তো একটু ঢিলেমি দিল, কেউ তাঁর কাজটা ঠিকমতো করল না বা কারও হয়তো খেলা-অনুশীলন-ফিটনেস কোনোটাতেই মনোযোগ নেই—মুশফিকুর রহিমের ‘টিম কালচার’ তাদের শোধরাতেই। অধিনায়কের প্রস্তাবে সবাই এককাট্টা এক সিদ্ধান্তে—যে-ই ভুল করুক না কেন, অন্যরা তাঁকে সেটার জন্য কাঠগড়ায় দাঁড় করাবে। বিদ্রূপ, বকাঝকায় তাঁকে মনে করিয়ে দেওয়া হবে জাতীয় দল যেমন ইচ্ছা তেমন চলার জায়গা নয়। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে কোন ভুলটা সে করছে বা কী তার করা উচিত নয়। এই ‘টিম কালচারে’র ‘শিকার’ অবশ্য এখন পর্যন্ত মাত্র একজনই। এ মাসের প্রথম সপ্তাহে খুলনায় তিন দিনের অনুশীলন ম্যাচ চলাকালীন দলের নবীন এক ক্রিকেটারকে বাড়তি ওজনের জন্য ভালোই হেনস্থা হতে হয়েছে কোচ আর অধিনায়কের কাছ থেকে।
তবে যতদূর জানা গেছে, খুলনার ঘটনার পর এখন পর্যন্ত আর কাউকেই দলীয় সমালোচনার তোপের মুখে পড়তে হয়নি। নাম প্রকাশ না করার শর্তে দলের এক সিনিয়র ক্রিকেটার এটাকে দেখছেন ইতিবাচকভাবেই, ‘কাউকে কিছু বলতে হচ্ছে না মানে সবাই সবার কাজটা ঠিকঠাকভাবে করছে। এটা ভালো লক্ষণ। প্রিমিয়ার লিগের খেলা ভিন্ন ভিন্ন ভেন্যুতে হলেও সবার খোঁজখবর রাখা হচ্ছে। প্রত্যেকেই দলের অনুশীলনের বাইরে আলাদা কাজ করছে। শফিউল যেমন আজ (গতকাল) জিম করল, নাসির-রিয়াদ রানিং করছে।’
নিউজিল্যান্ড সিরিজের ঠিক আগে খেলোয়াড়েরা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও কন্ডিশনিং ক্যাম্প থেকে পাওয়া ফিটনেসটা ধরে রাখার ব্যাপারে সবাই সচেতন। কাল মুশফিকের কথায়ও পাওয়া গেল সে আভাস, ‘স্টুয়ার্ট কার্পিনেন ও ডেভিড ডয়ার আমাদের কিছু প্রোগ্রাম দিয়েছেন। সবাই যেন সপ্তাহে একবার জিম করে, অন্তত একবার কন্ডিশনিং কোর্সটা করে। সবাই তা করছেও। ট্রেনারদের প্রোগ্রাম অনুযায়ী প্রতিদিনই আমরা নিজেদের আপডেট করছি। আমার আশা, খেলার মধ্যে থেকেও সবাই ফিটনেস ধরে রাখবে।’ তা সেটা যে সবাই ধরে রাখছেও, জাতীয় দলের অধিনায়ককে সে ব্যাপারেও নিশ্চিত মনে হলো, ‘খেয়াল করে দেখবেন সব খেলোয়াড়ই ওজন অনেক কমিয়েছে। এ রকম আবহাওয়ায়ও ভালো খেলছে। পারফরম্যান্স যতই করেন, একটা পর্যায়ে গিয়ে শরীর ঠিক না থাকলে মনোযোগ ধরে রাখা কঠিন।’
এটা ঠিক যে, ফিটনেস ব্যাপারটা বরাবরই আপেক্ষিক। কাল মাশরাফি বিন মুর্তজা যেমন বলছিলেন, ‘সবার কাছ থেকে একই ফিটনেস আশা করা উচিত নয়। চাইলেও এখন আমি মুশফিক হতে পারব না। আমি হয়তো চেষ্টা করব মুশফিকের কাছাকাছি ফিট হতে, আবার মুশফিক চেষ্টা করবে তার ফিটনেসটা এবি ডি ভিলিয়ার্সের পর্যায়ে নিয়ে যেতে। যার যার অবস্থান থেকে সবারই উচিত সর্বোচ্চ ফিটনেস অর্জন করা।’ মাশরাফির কথার প্রতিধ্বনি মুশফিকের কণ্ঠেও, ‘ফিটনেস ভালো করে আমরা বোল্টের মতো ফাস্ট হতে চাই না, তবে স্কিলটা ধারাবাহিক রাখতে যেন এটা আমাদের সাহায্য করে।’
ফিটনেসের দিকে ঠিকভাবে নজর দিতে না-পারা বা নিজের কাজগুলো ঠিকভাবে না করার অনেক কারণই থাকতে পারে। মুশফিক-মাশরাফিদের ‘টিম কালচার’ সেটিও বিবেচনায় রাখে। ‘অনেক সময় অনেকের পরিবারে সমস্যা থাকে বা অন্য কোনো সমস্যাও থাকতে পারে। ভুল-ত্রুটি নিয়ে আলোচনা হলে সে হয়তো তার সমস্যার কথা সবার সঙ্গে ভাগাভাগি করবে। তখন জিনিসটা ওপেন হয়, তাকে সাহায্যও করা যায়’—বলছিলেন জাতীয় দলেরই আরেক ক্রিকেটার।
মুশফিকুর রহিমের ‘টিম কালচার’ শুধু আত্মশুদ্ধির আয়নাই নয়, এটা বোধ হয় দলের ঐক্যের সুতোটাকেও আরও শক্ত করে তুলছে।