নিজেদের এগিয়ে রাখল ভারত
ভারতের ছুঁড়ে দেওয়া ৩১৫ রানের বিশাল লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার পক্ষে একাই লড়াই করেছেন কুমার সাঙ্গাকারা। খেলেছেন ১৩৩ রানের লড়াকু এক ইনিংস। কিন্তু সাঙ্গাকারার এই শতক দলের জয়ের পক্ষে যথেষ্ট ছিল না। নির্ধারিত ৫০ ওভার শেষে ২৯৩ রান করে ইনিংস শেষ করেছে লঙ্কানরা। পাঁচ ম্যাচের এই ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২১ রানের জয় দিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।৩১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় স্বাগতিক শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই তিলকরত্নে দিলশানের উইকেট তুলে নেন ইরফান পাঠান। দ্বিতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন আরেক ওপেনার উপুল থারাঙ্গা ও কুমার সাঙ্গাকারা। ১৯তম ওভারে ভারতীয় শিবিরে স্বস্তি ফেরান রবীচন্দ্রন অশ্বিন। ২৮ রান করে ফিরে যান থারাঙ্গা। এরপর আর উল্লেখযোগ্য বড় কোন জুটি গড়ে তুলতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। উইকেটের এক প্রান্ত সাঙ্গাকারা বেশ ভালোভাবে সামলালেও অন্য প্রান্তে একে একে ফিরে গেছেন চান্দিমাল, জয়াবর্ধনে, ম্যাথুস ও থিরিমানে। সপ্তম উইকেটে ৭৮ রানের জুটি গড়ে শেষ মুহূর্তে কিছু উত্তেজনা জাগিয়েছিলেন সাঙ্গাকারা ও থিসারা পেরেরা। সাঙ্গাকারার পরে শ্রীলঙ্কার দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি এসেছে থিসারা পেরেরার ব্যাট থেকে। তিনি করেছেন ৪৪ রান।এর আগে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তৃতীয় ওভারেই মাত্র ৭ রানের মাথায় গৌতম গম্ভীরের উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখেই পড়েছিল সফরকারীরা। কিন্তু এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান বীরেন্দর শেবাগ ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে ১৭৩ রান যোগ করে ভারতকে বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন এই দুই ব্যাটসম্যান। ইনিংসের ৩২তম ওভারে ৯৭ বলে ৯৬ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন শেবাগ। এক ওভার পরে অ্যাঙ্গেলা ম্যাথুসের শিকারে পরিণত হয়ে বিদায় নিয়েছেন রোহিত শর্মা। দলীয় ২২৮ রানের মাথায় আউট হন কোহলি। তবে তার আগে তিনি খেলেছেন ১০৬ রানের চমত্কার ইনিংস। পঞ্চম উইকেটে ৭৯ রানের জুটি গড়েন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না। ৫০ রান এসেছে রায়নার ব্যাট থেকে। ৩৫ রান করেছেন ধোনি। শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট নিয়েছেন থিসারা পেরেরা।