নিজেদের কাজটা করছে রাসেল
শিরোপা লড়াই থেকে অনেকটা ছিটকে গেলেও রানার্সআপ হওয়ার চেষ্টা তো করা যায়। এই মন্ত্রে উজ্জীবিত শেখ রাসেল ক্রীড়া চক্র মাঠে নেমে একের পর এক জয় তুলে নিচ্ছে। কাল পেল টানা চতুর্থ জয়। আরামবাগের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাওয়া এই জয়টা বিশাল (৬-১)। এবারের লিগে এটি তাদের সবচেয়ে বড় জয়ও।ছয় গোল—তবে কোনো হ্যাটট্রিক নেই। দুটি করে গোল করেছেন রনি ও সালাহ মাফলু। বাকি দুই গোল জামান ও আবদুল্লাহ পারভেজের। ৫-০ হয়ে যাওয়ার পর একটি গোল ফেরত দিয়েছেন কবির। সালাহ ও জামান দুজনই মরক্কান খেলোয়াড়।প্রথমার্ধে দুই গোল করেছে রাসেল। দ্বিতীয়ার্ধে আরামবাগ মাঠে দাঁড়িয়ে পড়লে গোলের ব্যবধান বাড়াতে কোনো সমস্যা হয়নি। মরক্কো থেকে খেলোয়াড় এনে নতুন করে বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্ব শুরু করা রাসেল এই পর্বে খেলছেও আস্থার সঙ্গে। রানার্সআপ হওয়ার দরজা খোলা রাখতে নিজেদের কাজটা তারা করে রাখছে।এই জয় আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দিয়েছে রাসেলের। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট হলো ৩৬, সমান ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩৯, আবাহনীর ৪৩। রাসেল ৭ পয়েন্ট পিছিয়ে আবাহনীর চেয়ে। আবাহনী খুব খারাপ না করলে রাসেলের চ্যাম্পিয়ন হওয়ার আশা না করাই ভালো। তবে রানার্সআপ হওয়ার সুযোগ আছে দলটির সামনে।ফরাশগঞ্জের জয়সিলেটে বিয়ানীবাজারকে ২-১ গোলে হারিয়েছে ফরাশগঞ্জ। তিনটি গোলই হয়েছে ম্যাচের শেষ দিকে। তৌহিদুল আলমের গোলে ৭৬ মিনিটে এগিয়ে যায় ফরাশগঞ্জ। ৮৯ মিনিটে কালু জনসন ২-০ করলেও হাল ছাড়েনি বিয়ানীবাজার। অতিরিক্ত সময়ে সোহেল রানার গোলে ব্যবধান কমাতে পারলেও হার এড়াতে পারেনি বিয়ানীবাজার। গুরুত্বপূর্ণ এই জয় পেয়ে অবনমন ঠেকানোর লড়াইয়ে কিছুটা আত্মবিশাস পেল ফরাশগঞ্জ। যদিও ১৫ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে দলটি এখনো পড়ে রয়েছে নিচের দিকে। সমান ম্যাচে আরামবাগের পয়েন্ট ১৫। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট বিয়ানীবাজারের।ইংল্যান্ডে আলফাজস্ট্রাইকার আলফাজ আহমেদকে ছাড়াই কাল খেলেছে আরামবাগ। দলটির কোচ ওয়াজেদ গাজী জানিয়েছেন, তিন-চার দিন আগে আলফাজ তাঁকে ইংল্যান্ডে যাবেন বলে ছুটি চান, কিন্তু কোচ তাঁকে ছুটি দেননি। ‘ও ইংল্যান্ডে যাবে বলে ছুটি চাইলে আমি বলে দিই, ওটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমি ছুটি দিতে পারব না।’ বলেছেন গাজী।আরামবাগ ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের দাবি, জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ক্লাবের অনুমতি ছাড়াই ইংল্যান্ডে গেছেন। জানা গেছে, আরমান মিয়াসহ আরও কয়েকজন ফুটবলার গেছেন এই সফরে। ইংল্যান্ডে তাঁরা কয়েকটি প্রদর্শনী ম্যাচ খেলবেন। দেশে ফিরতে ফিরতে দু-তিন সপ্তাহ। ফিরেই হয়তো পড়বেন বিরূপ পরিস্থিতির মুখে। তাঁর বিরুদ্ধে বাফুফের কাছে অভিযোগ জানাবে আরামবাগ।