নিজেদের কৃতিত্বই দেখছেন ম্যাথুস
এখনো বছর পেরোয়নি, অ্যাঞ্জেলো ম্যাথুসের ভুলে যাওয়ার কারণ নেই। টেস্টে দেশকে প্রথমবার নেতৃত্ব দেওয়া অবশ্য স্মৃতিতে অমলিন থাকে আজীবন। তবে ম্যাথুসের জন্য খুব একটা সুখের ছিল না সেই স্মৃতি। আগের সব লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে উড়ে যাওয়া বাংলাদেশ দারুণভাবে চমকে দিল লঙ্কানদের। গলে প্রায় দুই শ ওভার ব্যাটিং করে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ (৬৩৮) রান করে বাংলাদেশ প্রথমবার ড্র করেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ম্যাচ শেষে নিজের দেশেও অমন নিষ্প্রাণ উইকেটের জন্য আক্ষেপ ঝরেছিল ম্যাথুসের কণ্ঠে।
বছর ঘোরার আগেই দুদলের আরেকটি সিরিজ। এবার বাংলাদেশের মাটিতেই। ম্যাথুসরা নিশ্চয়ই আশা করেছিলেন আরও কঠিন লড়াই। অথচ চতুর্থ দিন লাঞ্চের ঘণ্টা খানেক পরই হাসিমুখে সংবাদ সম্মেলনে ঢুকলেন লঙ্কান অধিনায়ক। গত মার্চেই সিরিজের প্রথম টেস্টে লড়াকু বাংলাদেশের এই সিরিজের প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ। ম্যাথুস কি একটু অবাক হননি এই প্রতিরোধহীন জয়ে?
সেই সময়ের নবীন টেস্ট অধিনায়কের বয়স এখন ১০ মাস। অভিজ্ঞতা একটু বেড়েছে, হয়েছেন আরেকটু পরিণত। একতরফা জয়ে বাংলাদেশের ব্যর্থতা নয়, নিজেদের কৃতিত্বকেই বড় করে দেখছেন ম্যাথুস, ‘আমার মনে হয়, আমরা খুব ভালো খেলেছি বলেই এই ফলটা পেয়েছি। প্রথম দিনেই বোলাররা জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছে আমাদের। এরপর ব্যাটিংয়ে ৭০০ রান করার পর বাংলাদেশের আসলে আর ফেরার কোনো পথ ছিল না। ব্যাটিং-বোলিং মিলিয়ে পারফরম্যান্সটা দুর্দান্ত হয়েছে বলেই এমন বড় জয়।’
লঙ্কান বোলাররা ভালো বোলিং করেছেন সন্দেহ নেই। তবে বাংলাদেশের ব্যাটসম্যানদের উইকেট ছুড়ে আসার মিছিল এতটাই দৃষ্টিকটু ছিল যে শ্রীলঙ্কার ভালো খেলার আড়ালে সেটিকে চাপা দেওয়া মুশকিল। কিন্তু টেস্ট জয়ের স্বাদ পাওয়া তরুণ এক অধিনায়ক সেটি মানবেন কেন? বাংলাদেশের বাজে পারফরম্যান্সের কথা মুখেও আনলেন না ম্যাথুস। বরং উচ্ছ্বসিত নিজের বোলারদের নিয়ে, ‘আমি কৃতিত্বটা আমাদের বোলারদের দিতে চাই। আরব আমিরাতে গত সিরিজেও বোলাররা দুর্দান্ত করেছে। পাকিস্তান সিরিজের পারফরম্যান্সটা ওরা ধরে রাখতে পেরেছে। দিলরুয়ানের (পেরেরা) ভালো করাটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা চাইছিলাম ও ভালো করুক, এ জন্যই টানা বোলিং করাচ্ছিলাম। বোলারদের পারফরম্যান্সেই আসলে আমি খুশি। প্রথম ইনিংসে ওরাই জয়ের পথে অনেকটা এগিয়ে দিয়েছে।’
আগের টেস্টে শারজায় আজহার-মিসবাহদের অবিশ্বাস্য রান তাড়া হারের হতাশায় ডুবিয়েছিল লঙ্কানদের। এই বিশাল জয় ওই হারের ‘হ্যাংওভার’ আপাতত কাটিয়ে দেবে। নতুন কোচ পল ফারব্রেসকেও স্বাগত জানানো হলো প্রথম ম্যাচ জিতে। মিরপুরের পারফরম্যান্স বলছে, নতুন কোচকে জোড়া জয় উপহার দিতে না পারাটাই হবে বিস্ময়ের।