নিজেদের চেনাচ্ছেন এমিলি-জাহিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বাঁশি বাজতে তখনো আট মিনিট বাকি। শেখ রাসেল কোচ মারুফুল হক তুলে নিলেন নিজের অন্যতম অস্ত্র জাহিদ হোসেনকে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ততক্ষণে মোহামেডানের বিপক্ষে শেখ রাসেল এগিয়ে ২-০ গোলে। নির্ভার কোচ এই উইঙ্গারকে তুলে নিতেই পারেন। খেলার পর ফুরফুরে মেজাজে দেখা গেল আরেকজনকে—জাহিদ হাসান এমিলি। পাশ থেকে বন্ধু জাহিদ তাঁকে মজা করে বললেন, ‘কিরে, তোকে দিয়ে আর কত গোল করাব?’উত্তরে হাসলেন এমিলি। তাতে মিশেছিল বন্ধুর প্রতি খানিক কৃতজ্ঞতাও। এমিলিকে দিয়ে এবার গোল করাচ্ছেন জাহিদ। ফেডারেশন কাপের কাল ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে জাহিদ-এমিলির গোলে মোহামেডানের বিপক্ষে জিতেছে শেখ রাসেল (২-০)। ‘এ’ গ্রুপ থেকে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা এই দুই দলের মধ্যে রাসেল গ্রুপ চ্যাম্পিয়ন। বিকেএসপি থেকেই বেশির ভাগ সময় একই ক্লাবে থাকার চেষ্টা করেন জাহিদ-এমিলি। এবারের মৌসুমে দুজনের মেলবন্ধনটা জমেছে দারুণ। এরই মধ্যে একটি হ্যাটট্রিকসহ তিন ম্যাচে পাঁচটি গোল করে ফেলেছেন এমিলি। জাহিদ করেছেন দুটি। এমিলির গোটা তিনেক গোলে আছে বন্ধুর অবদান। জাতীয় দলের একঝাঁক খেলোয়াড়, সঙ্গে ভালো বিদেশি নিয়ে এবার শেখ রাসেল বেশ শক্তিশালী। দলটির কাছে কালকের ম্যাচটি ছিল প্রথম পরীক্ষা। দুর্বল ফেনীর রামপুর বয়েজ ও পুলিশের সঙ্গে হেসেখেলে জেতার পর মোহামেডানের বিপক্ষে কেমন খেলে, সেটাই ছিল দেখার। সমর্থকেরা খুশি মনেই বাড়ি ফিরল। যদিও আগের রাতের বৃষ্টিতে মাঠ ছিল কাদায় ভরা। খেলার অনুপযোগী মাঠে ভালো ফুটবল খেলা কঠিন ছিল দুই দলের জন্যই। ম্যাচ শেষে মারুফুল হকও তাই বললেন, ‘আজই আসল পরীক্ষাটা হলো আমাদের। তবে এই মাঠে খেলোয়াড়দের ভালো সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়। মাঠ ভালো থাকলে বোঝা যেত, আসলে কার কী অবস্থা।’ তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া মোহামেডানের কৌশল ছিল রক্ষণাত্মক। এতে হিতে বিপরীতই হয়েছে সাদাকালোর। সঙ্গে দ্রুত প্রতি-আক্রমণে গিয়ে গোল করার পরিকল্পনাটাও ভেস্তে গেছে। পাঁচ মিনিটের মধ্যে পর পর দুটো গোল হজম করল মোহামেডান। ৪৭ মিনিটে মোহামেডান ডিফেন্ডারের ভুলের সুযোগ কাজে লাগান জাহিদ (১-০)। ৫১ মিনিটে এমিলির দুর্দান্ত শট ক্রসবারের ভেতরের কানায় লেগে ঢোকে জালে (২-০)। ৮০ মিনিটে মোহামেডানের মোবারকের দারুণ শট ক্রসবারে লাগে। মোহামেডান কোচ সাইফুল বারী (টিটো) বললেন, ‘পর পর দুই গোল খাওয়াটাই আমাদের ব্যাকফুটে যাওয়ার কারণ। এরপর চেষ্টা করেও খেলায় ফিরতে পারিনি।’ব্রাদার্সের জয়: দিনের প্রথম ম্যাচে ব্রাদার্স ২-০ গোলে হারিয়েছে যশোর ডিএফএকে। ৭১ ও ৮৫ মিনিটে গোল করেন মালেক ও সিফাত। এই জয়েও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়নি ব্রাদার্সের। কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ-রামপুর বয়েজ ১-১ গোলে ড্র হয়েছে। গ্রুপ পর্ব থেকে আগেই ছিটকে পড়েছে দু দল। আনুষ্ঠানিকতার ম্যাচে ১৪ মিনিটে রামপুরকে এগিয়ে নেন পলাশ। ৬০ মিনিটে ১-১ করেন আমিরুল। ৩০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পুলিশের রাশেদুল।