নিজেদের নির্দোষ দাবি ঘৌরি-দিশানায়েকের
একে একে মুখ খুলতে শুরু করেছেন অভিযুক্তরা। ভারতীয় টিভি চ্যানেল ‘ইন্ডিয়া টিভি’র গোপন অভিযানে সব মিলিয়ে নাম এসেছে ছয় আম্পায়ারের। এর মধ্যে গতকাল পর্যন্ত তিন আম্পায়ারের বক্তব্য পাওয়া গেছে। বাংলাদেশি আম্পায়ার নাদির শাহ, পাকিস্তানের নাদিম ঘৌরি আর শ্রীলঙ্কার গামিনি দিশানায়েকে অভিন্ন সুরে নিজেদের নির্দোষ দাবি করেছেন। এর মধ্যে ঘৌরির কথায় আছে ইন্ডিয়া টিভির বিরুদ্ধে মামলার হুমকিও।‘এসব ভিত্তিহীন অভিযোগ ওঠায় আমি বিস্মিত’—বার্তা সংস্থা এএফপিকে বলেছেন ঘৌরি। বলেছেন, পরবর্তী কর্মপন্থা নির্ধারণে নিজের আইনজীবীর সঙ্গে কথা বলবেন তিনি। এদিকে দিশানায়েকে কলম্বোর ডেইলি মিররকে বলেছেন, ‘এসবের মধ্যে আমার নাম উঠে আসার খবর আমার কাছে বিস্ময়ের। এটা অবশ্যই আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার একটা চেষ্টা।’এত বড় আকারে আম্পায়ারদের বিরুদ্ধে অভিযোগ উঠল এই প্রথম। ইন্ডিয়া টিভির ছদ্মবেশী সাংবাদিকের কাছে স্পট ফিক্সিং করতে নাকি রাজি হয়েছিলেন তাঁরা। স্বাভাবিকভাবেই এই খবরে পুরো ক্রিকেট বিশ্বই নড়েচড়ে বসেছে। যদিও সাবেক আম্পায়ার ড্যারেল হেয়ার বলছেন, এই খবরে তিনি বিস্মিত নন। একদিন না একদিন এমন একটা খবর যে পাবেন, সেটা তিনি অনুমান করে নিয়েছিলেন। আইপিএল শুরুর পর থেকেই আম্পায়াররা ম্যাচ পাতানোর সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে দাবি নিজেও একসময় অনেক বিতর্কের জন্ম দেওয়া হেয়ারের, ‘কিছু আম্পায়ার কবে বোকার মতো কিছু করে বসবে, আমি সেই আশঙ্কাতেই ছিলাম। অনেক দিন ধরেই, বিশেষ করে আইপিএল শুরু হওয়ার পর এ ধরনের গুঞ্জন আছে যে আম্পায়াররাও এর সঙ্গে জড়িত।’কড়া নজরদারি, ক্যারিয়ার ধ্বংসের হুমকির পরেও অনেকের পক্ষে লোভ সামলানো কঠিন হয়ে পড়ে বলে ধারণা হেয়ারের, ‘এতে দুটো জিনিস উঠে এসেছে: সুযোগ ও লোভ। আপনি যদি সেই ধরনের মানুষ হন, আর আপনার সামনে যদি সুযোগ আসে, আপনার লোভীয় অংশটা বলবে, ঠিক আছে, আমি তা হলে এর মধ্যে ঢুকে পড়ি।’এদিকে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান—তিন দেশের ক্রিকেট বোর্ডই বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে। ভারতের কোনো আম্পায়ারের নাম উঠে না এলেও আইসিসির তদন্ত শেষ হওয়ার পর বিসিসিআই তাদের কর্মপন্থা ঠিক করবে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তা রাজীব শুক্লা। এএফপি, ওয়েবসাইট।