নিজেদের নিয়ে ভাবছে আর্জেন্টিনা
বিশ্ব ফুটবলে এখন আর কোনো সহজ খেলা নেই—নতুন চালু হওয়া এই আপ্তবাক্যটির মর্মার্থ বেশ ভালোভাবেই টের পেয়েছে কোপা আমেরিকার দুই ফেবারিট ব্রাজিল ও আর্জেন্টিনা। বলিভিয়ার সঙ্গে কোপার প্রথম ম্যাচে হারতে হারতে বেঁচে যাওয়া লিওনেল মেসির আর্জেন্টিনা ও লাতিন অঞ্চলের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ ভেনেজুয়েলার সঙ্গে ব্রাজিলের পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারার ব্যর্থতা এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ফুটবলে অন্যদেশগুলোও উঠে আসছে। একক আধিপত্যের দিনগুলো এখন অতীতের ব্যাপার।আর্জেন্টিনার জন্য এবারের কোপা আমেরিকা প্রতিযোগিতা একটু অন্য রকম। ১৯৯৩ সালে শেষবারের মতো কোনো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা জিতেছিল দলটি। এরপর থেকেই খরা। প্রতিটি কোপা ও বিশ্বকাপে হট ফেবারিট হয়েই খেলতে নামে সাদা-আকাশি জার্সিধারীরা। দল বোঝাই থাকে বিশ্বের বিভিন্ন লিগে খেলা সেরা তারকারা। কিন্তু তার পরেও চূড়ান্ত সাফল্য যেন অনেক দূরের ব্যাপার হয়েই গেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে। নিজের মাঠে অনুষ্ঠিত এবারের কোপা আমেরিকা তাই এই খরা কাটানোর চ্যালেঞ্জ হয়েই দেখা দিয়েছে মেসি-মাসচেরানো-অ্যাগুয়েরোদের কাছে।বলিভিয়ার সঙ্গে ড্র করে সমর্থকদের মনটা ছোট করে দিলেও আর্জেন্টিনার সব লক্ষ্য এখন পরের ম্যাচের দিকে। কলম্বিয়ার বিপক্ষে পরের ম্যাচটি তুলনামূলক কঠিন হলেও আর্জেন্টাইন খেলোয়াড়েরা আত্মবিশ্বাসী যে তাঁরা ম্যাচটি জিততে পারবেন।লিওনেল মেসির ব্যাপারটি রহস্য হয়েই রয়েছে। বার্সেলোনার হয়ে দুর্দান্ত পারফর্ম করা মেসি কেন আর্জেন্টিনার জার্সি গায়ে নিষ্প্রভ হয়ে যান—সেটা বুঝতে পারছেন না কেউই। অনেকেই বলাবলি শুরু করেছেন যে জাভি-ইনিয়েস্তাদের সঙ্গে একই দলে খেলা এই প্লেমেকারটি তেভেজ, ক্যাম্বিয়াসো, অ্যাগুয়েরোদের সঙ্গে ঠিকমতো তাল মেলাতে পারছেন না। কিংবা মেসির সঙ্গে তাল মেলাতে পারেন না তেভেজ-ক্যাম্বিয়াসোরা। তারপরেও কলম্বিয়ার সঙ্গে ম্যাচের আগে আর্জেন্টিনার সমর্থকেরা আবার নতুন করে আশায় বুক বাঁধবেন মেসির জন্য। কারণ, মেসি নিজেকে ফিরে পেলেই কলম্বিয়া কিংবা বলিভিয়া—এরা চ্যালেঞ্জ হতে পারবে না আর্জেন্টিনার সামনে।মেসির পাশাপাশি তেভেজকে নিয়েও হতাশা রয়েছে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে। তেভেজও ব্যাপারটি বোঝেন। তাই তিনি বলেছেন, ‘কলম্বিয়া নয়, কোপার পরের ম্যাচের আগে আমরা নিজেদেরকে নিয়েই ভাবছি।’আর্জেন্টাইন ফুটবলাররা নিজেদের নিয়ে ভেবে জেতার পন্থাটা বের করতে পারলেই হয় ! ওয়েবসাইট।