নিজেদের নিয়ে যৎসামান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপ
এশিয়া কাপ

একসময় সংশয় ছিল এবারের এশিয়া কাপ ক্রিকেটটা বাংলাদেশে হবে কি না। সংশয়ের আওতায় সামান্য দুঃসময় হয়তো বা গেছে কিন্তু বাস্তবতা হচ্ছে সময়মতোই বিশ্বের একমাত্র মহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্টটা আমাদের আঙিনাতেই আবারও অনুষ্ঠিত হচ্ছে। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য যেমন, তেমনই বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনসাধারণের জন্য আনন্দ সংবাদ। সাংগঠনিকভাবে অনুষ্ঠানের আয়োজন গর্বিত প্রহরের কাছে আমাদের নিয়ে যাবে এর সফল সমাপ্তি ঘটিয়ে। আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে আমরা অনেক দক্ষতার ছাপ রেখেছি। সে দিক দিয়ে বিবেচনায় এবারও আমরা পূর্ণ পয়েন্ট ঘরে উঠাব, সেটা অনেকটাই নিশ্চিত। অথবা বলা চলে সেটা নিশ্চিত করতে আমাদের আয়োজকেরা নিশ্চিতভাবেই ষোলো আনা প্রস্তুত। কিন্তু শুধু আয়োজন নিয়ে তৃপ্তির ঢেকুর তুললেই তো আমাদের চলছে না। কারণ, আয়োজন করার সঙ্গে সঙ্গে আমরা খেলায় অংশ নিচ্ছি এবং এই অংশ নেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের দলের কাছে কিছু প্রত্যাশা আছে। আর সেই প্রত্যাশা পূরণের ধারে-কাছে না যেতে পারলে আয়োজনের তৃপ্তিটাও বিস্বাদ ঠেকবে সংশ্লিষ্ট সব মহলের কাছে। আমরা চাইব আমাদের দলটা ভালো করুক, যেমন করেছিল গত পালায়। গতবার মাত্র ২ রানে পাকিস্তানের কাছে হেরে আমরা এশিয়া কাপটা জিততে পারিনি। সে দহনটা আজও পোড়ায়। তারপরও গতবার আমাদের অর্জনের তৃপ্তিটা ছিল বড় মাপেরই। সে অর্জন আমাদের দলকে একটি সদা বিজয়-উন্মুখ দলের অবয়ব দিয়েছিল, যা পরবর্তী সময়ে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে সিরিজ জয়ের স্বাদ এনে দিয়েছে। সেই সব জয়ের ধারায় আমরা দলে সন্নিবেশিত হতে দেখেছি প্রচুর সম্ভাবনার প্রমাণিত প্রতিশ্রুতি দেওয়া উজ্জ্বল নতুন তারকাপুঞ্জ। মুশফিকুর রহিমের মেধাদীপ্ত অধিনায়কত্বের হাতকে দেখেছি আমাদের জন্য আকাশের দিকে বেড়েই চলেছে। মনে হয়েছে বহুল কাঙ্ক্ষিত ধারাবাহিকতার বৃত্তে আমরা প্রবেশ করতে যাচ্ছি। আজও মনে হচ্ছে, তবে বর্তমান কাপের প্রস্তুতি পর্বে শ্রীলঙ্কার সঙ্গে আমাদের লাগাতার পরাভব নয়, লাগাতার ক্রিকেটীয় অসম্পূর্ণতা ও পুষ্ট নাবালকত্বের পুনঃ পুনঃ প্রদর্শন আমাদের অর্জিত ধারণাকে ফিকে করে দিচ্ছে। এ মুহূর্তে এশিয়া কাপ-সংশ্লিষ্ট প্রত্যাশাকে উচ্চারণে তাই কণ্ঠে কিছুটা জড়তা জড়াচ্ছে। জোর গলায় বলতে পারছি না গতবারের মতো দাপুটে পদচারণ থাকবে আমাদের এশিয়া কাপের সময়জুড়ে। বলতে পারছি না ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে গতবারের মতোই শক্ত সময়ের সামনা-সামনি করব, আফগানিস্তানকে ধারে-কাছেও ভিড়তে দেব না। অথচ আমার ওভাবেই বলা কর্তব্য। কর্তব্য, কারণ আমার বিশ্বাসে ওই উচ্চারণসমূহ এখনো জাগ্রত। কারণ, আমি এই দলের মধ্যেই ওই সব উপকরণ উপস্থিত দেখেছি, যা দিয়ে প্রবল প্রতিপক্ষকেও অতিক্রম করা যায়। এবং ধারাবাহিকভাবেই যায়। গত এশিয়া কাপ, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আমাদের ওই রকম ধারণাই দিয়েছে। প্রকৃত অর্থেই এক দিবসী ক্রিকেটে আমরা বিশ্ব স্বীকৃত একটি শক্ত-মক্ত অবস্থানে পৌঁছে গিয়েছি। তবু আজ এবারের কাপপূর্ব মুহূর্তে আমি যে দলগত প্রত্যাশা নিয়ে সবল উচ্চারণে যেতে পারছি না তার কারণ হয়তো বা ক্রিকেটারদের মতো আমিও পরিবেশগত বাস্তবতার দরুন স্নায়ুচাপে ভুগছি। ওরা সময়মতো সহজ ক্যাচ তালুবন্দী করতে পারছে না, চরম মুহূর্তে ব্যাট হাতে দায়িত্বহীন আচরণ করছে, বল হাতে বিধিবহির্ভূত নিশানা ব্যবহার করছে। আর আমিও তাদের সঙ্গে তাল রেখে যথাবাক্য ব্যবহারে মতি রাখতে পারছি না। গতবার পাকিস্তানের সঙ্গে জয় আমাদের সঙ্গে হাত মেলাতে মেলাতে শুধু আঙুল স্পর্শ করে ঝটিতি সরে যাওয়ায় সাকিব-মুশফিকরদের চোখের জল দেখে বিগলিত ৫৬ হাজার বর্গমাইল ভরসা পেয়েছিল—সামনে আসছে শুভ দিন। এসেছিলও। মাঝে মাত্র কটা দিন কেটেছে সাফল্যের আমেজে। তারপর শ্রীলঙ্কার সঙ্গে প্রস্তুতি পর্বের সিরিজ। সেখানে দলীয় সংহতির এই দীনদশা। ফলাফলের কথা বলছি না। দলটির অসংলগ্নতার কথা বলছি। গতবার অধিনায়ক খেলোয়াড়দের সেই রোরুদ্যমান ছবির সঙ্গে এবারের পবিত্র একুশে ফেব্রুয়ারিতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত বিশিষ্ট খেলোয়াড়ের অশিষ্ট দেহভঙ্গির যে প্রতীকী ফারাক, সেটাই বলে দিচ্ছে বছর পূর্বের সেই যূথবদ্ধ লড়াকু দলটি অবয়বে এক থাকলেও মানসিকভাবে এক সমতলে নেই। সাফল্য নেতিবাচক প্রভাব ফেলেছে ব্যক্তি ভেদে। ভিন্ন ভিন্ন ভাবে। আর সেটা ভোগাচ্ছে দলকে। এসব দেখে দেখে তাই এবার ফলাফলের প্রেক্ষিত প্রত্যাশা ব্যক্ত করতে চাই না। প্রত্যশা করি দলটি এশিয়া কাপকে উপলক্ষ করে সদ্য হারানো চেহারায় ফিরে আসুক। প্রত্যেকটি ব্যক্তি খেলোয়াড় যথাযথ আত্মপ্রয়োগ করুক, মনবৈকল্যে কেউ না ভুগুক, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীলতার নিদর্শন রাখুক ব্যাটে, বলে, আচরণে। অনুকরণীয় এক অধিনায়ক আছে দলে। তাকে সর্বাঙ্গীণ সহযোগিতা দিতে হবে সব মহলকে। আপাত দৃষ্টিতে মনে হয় আমাদের প্রচুর অনুশীলনে গড়া ব্যবস্থার কোথাও ঘুণপোকা লেগেছে। এখনই সাবধানী অনুসন্ধানে সেই পোকা খুঁজে বের না করলে সেটা পুরো কাঠামোকে খেয়ে ফেলবে। আমার অনুমান ভ্রান্ত হলে খুশি হব। কিন্তু অনুসন্ধানটা প্রয়োজন। প্রয়োজনটা উচ্চারণ করলাম।
প্রখ্যাত ক্রিকেট প্রশিক্ষক প্রয়াত বব উলমার একটি আদর্শ দলকে একটি শক্ত টেবিলের সঙ্গে তুলনা করেছেন, যার চার পায়া সমান। পায়া অসম হলে যেমন টেবিলটি স্থির থাকবে না, তেমনই দলের চারটি অনুষঙ্গ একই চিন্তা-চেতনায় দল সচেতন না হলে দল অসংলগ্ন হয়ে পড়বে। উলমারের সেই চার পায়া হচ্ছে—কোচ, অধিনায়ক, খেলোয়াড়, নির্বাচক ও ব্যবস্থাপনা। আমাদের এই চার পায়া নিয়ে সামান্য চর্চা করে আমরা দেখতে পারি। সব তো ঠিকঠাকই চলছিল, হয়তো এখনো ঠিক আছে। তবু কীটদুষ্ট ক্ষতস্থান খুঁজতে হলে সামান্য নজর বোলাতে ক্ষতি কী।

ফিকশ্চার
২৫ ফেব্রুয়ারি
পাকিস্তান-শ্রীলঙ্কা, ফতুল্লা
২৬ ফেব্রুয়ারি
বাংলাদেশ-ভারত, ফতুল্লা
২৭ ফেব্রুয়ারি
পাকিস্তান-আফগানিস্তান, ফতুল্লা
২৮ ফেব্রুয়ারি
ভারত-শ্রীলঙ্কা, ফতুল্লা
১ মার্চ
বাংলাদেশ-আফগানিস্তান, ফতুল্লা
২ মার্চ
ভারত-পাকিস্তান, মিরপুর
৩ মার্চ
শ্রীলঙ্কা-আফগানিস্তান, মিরপুর
৪ মার্চ
বাংলাদেশ-পাকিস্তান, মিরপুর
৫ মার্চ
ভারত-আফগানিস্তান, মিরপুর
৬ মার্চ
বাংলাদেশ-শ্রীলঙ্কা, মিরপুর
৮ মার্চ
ফাইনাল, মিরপুর
* সব ম্যাচই দিবা-রাত্রির, বেলা ২টায় শুরু