নিজেদের ফাঁদেই ধরা ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপে পরশু নাগপুরে ফেবারিট ভারতকে ১২৭ রানের ছোট একটা লক্ষ্য দিয়ে অফ স্পিনার নাথান ম্যাককালামকে শুরুতেই আক্রমণে আনলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। নিজেদের পিচটা ভারত নিজেরা বুঝতে পারেনি। কিন্তু উইলিয়ামসন ঠিকই পিচটিকে বুঝে একাদশে নেন তিনজন স্পিনার। নিয়মিত দুই পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্টকে বাদ দিয়ে নেন দুই স্পিনার মিচেল স্যান্টনার ও ইশ সোধিকে। তিন স্পিনারই বোকা বানিয়েছেন ভারতকে। নিউজিল্যান্ড জিতল ৪৭ রানে।
টানা পাঁচ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে হার—ভারতে এখন সমালোচনার ঝড় বইছে। সর্বশেষ ১১ টি-টোয়েন্টির ১০টিতেই জেতা ভারতের এই হারের কাঠগড়ায় আসলে নাগপুরের উইকেট। প্রতিপক্ষকে স্পিনে ঘায়েল করতে স্পিনের ফাঁদ পাতা হলো, তাতে ধরা পড়লেন ভারতীয় ব্যাটসম্যানরাই! ঐতিহ্যগতভাবেই স্পিনের বিপক্ষে দুর্দান্ত ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপ খেলতে পারল না ২০ ওভারও। ১১ বল থাকতেই তারা অলআউট ৭৯ রানে। টি-টোয়েন্টিতে নিজেদের মাটিতে এটাই ভারতের সর্বনিম্ন স্কোর।
পরাজয়ের পর ভারতে এখন খলনায়ক মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিরা নন; অমর কারলেকার। নাগপুরের পিচ কিউরেটর। গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাগপুরে টেস্টে তাঁর পরিচর্যায় বানানো হয়েছিল ব্যাটসম্যানদের বধ্যভূমি, ভয়ংকর এক স্পিন-বান্ধব উইকেট। মাত্র সাড়ে তিন দিনে টেস্ট শেষ হওয়ার পর তিনি তো সমালোচিত হয়েছিলেন। অমন পিচের জন্য ভারতকে সতর্ক পর্যন্ত করেছিল আইসিসি। সময় বদলেছে, উপলক্ষটা অনেক বড়—কিন্তু উইকেটটা বদলায়নি। এই উইকেট দেখে ব্রায়ান লারা পর্যন্ত হতাশ।
কারলেকার নিজের ইচ্ছেমতো উইকেট বানিয়েছেন, সেটি ভাবার সুযোগ নেই। যতই আইসিসির টুর্নামেন্ট হোক; ভারতীয় দলের চাহিদা মেনে উইকেট বানানো হয়েছে, এটা অজানা নয়। কিন্তু নিজেদের কৌশলও হয়েছে বুমেরাং! এই কারণেই কি না এমন পরাজয়ে উইকেট নয়, ভারত কাঠগড়ায় তুলছে নিজেদের ব্যাটসম্যানদের। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনি নিজেদের ব্যর্থতা ঢাকতে কোনো অজুহাত দেননি, ‘অল্প রানেই তাদের আটকে ফেলেছিলাম। কিন্তু ব্যাটিং আমাদের ডুবিয়েছে। বাজে শট খেলে অনেকে আউট হয়ে গেছে। একটা ভালো জুটি হয়নি। তারা ভালো বোলিং করেছে, কন্ডিশনকে কাজে লাগিয়েছে। আমরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ।’
ভারতের সমালোচনা যেমন হচ্ছে, তেমনি ম্যাচের নায়ক বনে যাওয়া স্যান্টনারের চলছে প্রশস্তি। ভারতীয় সংবাদমাধ্যম তো তাঁকে বলছে আগামীর ‘ভেট্টোরি’। দারুণ এই জয়ে ভীষণ খুশি বাঁহাতি স্পিনার, ‘জানতাম, কঠিন এক ম্যাচ হতে যাচ্ছে। আমরা পরিকল্পনা ঠিকঠাক কাজে লাগিয়েছি। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়েছি। ভারতের মাটিতে তাদের হারানো সব সময়ই কঠিন। সেটা আজ (পরশু) আমরা করতে পেরেছি।’ এএফপি, ক্রিকইনফো।