নিজেদের ফিরে পাওয়ার লড়াইয়ে জুনায়েদ-রকিবুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমি সিডন্স কি চাপটাই না চাপিয়ে দিয়ে গেলেন তাঁদের ওপর!কোচের পছন্দের খেলোয়াড় সব দলে যুগে যুগেই আছে। সিডন্স-আমলে বাংলাদেশ দলে যেমন ছিলেন জুনায়েদ সিদ্দিক আর রকিবুল হাসান। কোচের বাড়তি ‘পছন্দ’ যে মাঝে মাঝে অস্বস্তির কারণ হতো, সেটা স্বীকার করেন জুনায়েদও। সেই অস্বস্তি যেন সিডন্স বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার পরও পিছু ধাওয়া করছে তাঁদের।ব্যাটিংয়ে একটু এদিক-সেদিক হলো বা দল থেকে বাদ পড়লেন, সবকিছুর সঙ্গেই এখন সিডন্সের চলে যাওয়ার যোগসূত্র খোঁজা হয়। রকিবুল-জুনায়েদ হয়তো প্রতিবাদ করবেন এমন যোগসূত্রের, কিন্তু মাঠে তাঁরা কি পারছেন ধারণাটাকে ভুল প্রমাণ করতে? রকিবুল তো জিম্বাবুয়ে সিরিজে বাদই পড়ে গেলেন। জুনায়েদ সফরে দুটি ওয়ানডে খেলে দুটিতেই ব্যর্থ। বিসিবি কাপ হয়ে চলতি চার দিনের প্রস্তুতি ম্যাচেও আগের সেই ঔজ্জ্বল্য নেই কারও মধ্যে।শেরেবাংলা স্টেডিয়ামে লাল-সবুজ দলের চার দিনের প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিনে অনেক সংগ্রাম করেও মাত্র ১৬ রানে আউট হয়ে গেছেন জুনায়েদ। প্রথম ইনিংসে করেছিলেন ১০। রকিবুল প্রথম ইনিংসে করেছিলেন ১৮, দ্বিতীয় ইনিংসে অবশ্য একটু ভালো—তৃতীয় দিন শেষে ৪৮ রানে অপরাজিত। দিন শেষে সবুজ দলের স্কোর ৬ উইকেটে ১৭৪। প্রথম ইনিংসে ৪ রানে পিছিয়ে থাকায় লিড ১৭০। সকালে আগের দিনের ৭ উইকেটে ২১৫ রানের সঙ্গে ৭০ রান যোগ করতে পেরেছে লাল দল।জুনায়েদের ১৬ রানে অনেক রক্ত-ঘাম মিশে আছে। পৌনে দুই ঘণ্টা উইকেটে ছিলেন, বল খেলেছেন ৭৪টি। লাঞ্চের ঠিক আগের ওভারে রুবেলের বাউন্সারে হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন কোনো রান করার আগেই। ১০৭ রানে পঞ্চম উইকেট পড়ার পর আবার নেমেছেন। শুভাগতর বলে ফরোয়ার্ড শর্ট লেগে ইমরুলের ক্যাচ হওয়ার আগে চার মারতে পেরেছেন মাত্র একটি। জুনায়েদ-রকিবুলের একটা জুটিও হলো। ষষ্ঠ উইকেটে ৫৭ রান। ১১২ বলে তিন বাউন্ডারিসহ ৪৮ রানে অপরাজিত রকিবুলের ব্যাটিংটা অবশ্য পরিস্থিতির সঙ্গে মানিয়ে গেছে। অলক-মমিনুলরা বেশিক্ষণ উইকেটে থেকে বড় জুটি গড়তে পারেননি, সেই দোষ তো আর তার নয়! তা ছাড়া উইকেটটাও চিরাচরিত বাংলাদেশি টেস্ট উইকেটের মতোই। তৃতীয় দিনে বল একটু নিচুই থেকেছে।সবুজ দলের দ্বিতীয় ইনিংসে রকিবুল ছাড়া বলার মতো রান শুধু শাহরিয়ার নাফীসের। ৮৭ বলে ৪৬, যেটির শেষ মাহমুদউল্লাহর বলে কাভারে নাসিরের দুর্দান্ত ক্যাচে। শাহরিয়ার বাউন্ডারি মেরেছেন আটটি, এর মধ্যে ফ্লিকে পয়েন্ট দিয়ে আর কাটে গালির ওপর দিয়ে শফিউলের এক ওভারেই দুটি। সকালে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও সঙ্গীর অভাবে ৯৩ রানে অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফিরেছেন লাল দলের নাসির। কাল যোগ হওয়া ৭০ রানের ৫৩-ই এসেছে তাঁর ব্যাট থেকে! ৯ বাউন্ডারির সঙ্গে লং অফ ও লং অনের ওপর দিয়ে দারুণ দুটি ছক্কা মেরেছেন অলক আর ইলিয়াস সানিকে।সেঞ্চুরি না পেলেও অবশ্য হতাশ নন বলেই দাবি নাসিরের। কোচ বলেছিলেন, আউট না হতে। সেটা তো করতে পেরেছেন! কারণ আছে আরেকটা। ‘আমরা দীর্ঘ পরিসরের ম্যাচ খুব বেশি খেলি না। একটা বড় ইনিংস খেলতে পারলাম, এটাই আমার আত্মবিশ্বাস বাড়াবে’—দিন শেষে বলেছেন নাসির।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ সবুজ ১ম ইনিংস: ২৮১ ও ২য় ইনিংস: ৬৮ ওভারে ১৭৪/৬ (শাহরিয়ার ৪৬, জুনায়েদ ১৬, সগীর ২৬, নাঈম ৮, অলক ১১, রকিবুল ৪৮*, মমিনুল ১০, ইলিয়াস সানি ৫*; শফিউল ৭-১-২৯-০, রুবেল ৭-২-১৮-০, রাজ্জাক ২০-৪-৪৮-১, মাহমুদউল্লাহ ২১-৫-৩৬-২, নাজমুল অপু ১-০-১-০, সোহরাওয়ার্দী ৮-০-২৯-২, শুভাগত ৪-০-১১-১)।বাংলাদেশ লাল ১ম ইনিংস: ৮১.১ ওভারে ২৮৫ (নাসির ৯৩*, রাজ্জাক ১৫, শফিউল ৬, নাজমুল ০; শাহাদাত ১৫-০-৭১-৩, রবিউল ১৫-১-৫০-১, সোহাগ ১৫-৪২-৫১-১, আলাউদ্দিন বাবু ৫-৩-৫-০, ইলিয়াস সানি ২১.১-৩-৫৩-৩, তানভীর ৩-১-২৩-২, নাঈম ৩-১-৮-০, অলক ৪-০-২২-০)।