নিজেদের ভেন্যু নিয়েই চিন্তা!
চিন্তিত থাকার কথা অন্য দেশের ভেন্যু নিয়ে। নতুন কন্ডিশন, বিদেশের মাটিতে প্রস্তুতিটা সফরকারীদের জন্য তাই বলতে গেলে অপরিহার্য। তবে কুমার সাঙ্গাকারা বাংলাদেশ বা ভারতের নয়, বিশ্বকাপে চিন্তিত শ্রীলঙ্কার ভেন্যুতে নিজেদের প্রস্তুতি নিয়ে!একটু অবাক লাগারই কথা। তবে লঙ্কান অধিনায়কের আশঙ্কার যথেষ্ট কারণ রয়েছে। বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। অথচ এখনো প্রস্তুতি শেষ হয়নি শ্রীলঙ্কার দুই ভেন্যু হাম্বানতোতা ও পাল্লেকেলের।এটা একটা কারণ। কিন্তু আসলটা বলা হয়নি এখনো। নিজেদের ভেন্যু হলেও এখানে সেভাবে অনুশীলন করার সুযোগ হয়নি শ্রীলঙ্কান দলের। দুটি ভেন্যুই যে নতুন! দেশের হলেও বিদেশের ভেন্যুর মতোই লাগার কথা লঙ্কান ক্রিকোটারদের।‘আমরা শ্রীলঙ্কার সব ভেন্যুতেই খেলতে চাই। কিন্তু অনুশীলনের সুযোগটা তো পেতে হবে। অনুশীলনের জন্য উইকেট প্রয়োজন, ভেন্যুতে জিম প্রয়োজন। এসব ছাড়া অনুশীলন করা কঠিন।’ বলেছেন সাঙ্গাকারা।সুযোগ না থাকায় যেন ভাগ্যের হাতেই নিজেদের সমর্পণ করেছেন সাঙ্গাকারা, ‘আমরা মেনেই নিয়েছি যে কন্ডিশন সম্পর্কে ভালো না জেনেই বিশ্বকাপে এখানে খেলতে হবে আমাদের!’ ক্রিকইনফো।