নিজেদের মধ্যে মারামারি করে লাল কার্ড !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মাঠে মারামারির ঘটনা নতুন কিছু নয়। প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতি করে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন, এমন উদাহরণ অনেকই পাওয়া যাবে। কিন্তু নিজেদের মধ্যেই মারামারি করে লাল কার্ড দেখার মতো দুর্ভাগ্য বোধ হয় খুব কম ফুটবলারেরই হয়েছে। সম্প্রতি বিরল এই ‘কীর্তি’ই করেছেন বুলগেরিয়ার বেরো স্টারা ক্লাবের দুই খেলোয়াড়। পরে আরও একজন লাল কার্ড দেখায় আটজন নিয়ে খেলা শেষ করতে হয়েছে ক্লাবটিকে। তবে মজার ব্যাপার, এত কিছুর পরও ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে বেরো স্টারা।

ঘটনাটা গতকাল শুক্রবার বুলগেরিয়ান লিগের খেলায়। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থাকার পর খোশমেজাজেই থাকার কথা ছিল বেরো স্টারার ফুটবলারদের। কিন্তু প্রথমার্ধের বিরতিতে সাজঘরের দিকে যাওয়ার সময় ঝগড়া বাঁধিয়ে বসেন গোলরক্ষক ইভান কারাদোভ ও তাঁর পর্তুগিজ সতীর্থ ইলিও মার্টিনস। দুজনকেই সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন রেফারি। দ্বিতীয়ার্ধটা নয়জন নিয়েই শুরু করতে হয় বেরোকে।

ম্যাচটি শেষ পর্যন্ত ২-০ গোলে জিতলেও এই ঘটনায় প্রচণ্ড চটে গেছেন কোচ পিটার হাবচেভ। দুই খেলোয়াড়কেই যে তাঁর তোপের মুখে পড়তে হবে, সেই ইঙ্গিতটা স্পষ্টই পাওয়া গেছে। ম্যাচ শেষে হাবচেভ বলেছেন, ‘আমি এমন ঘটনা কখনো দেখিনি। সে সময় আমি মাঠে ছিলাম না। নির্বোধের মতো এই কাজটা কে শুরু করেছে সেটা নিয়ে আমি সবার সঙ্গেই কথা বলব।’

নিচু সারির ক্লাব হলেও হয়তো এই ধরনের ঘটনা মেনে নেওয়া যেত। কিন্তু বোরো স্টারা বুলগেরিয়ার অন্যতম সেরা ক্লাব। জাতীয় লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর এবারের মৌসুমে ইউরোপা লিগে অংশ নেওয়ার জন্যও লড়াই চালিয়েছিল তারা। সূত্র: রয়টার্স।