নিজেদের মধ্যেও ‘লড়াই’ চলছে পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের পক্ষ থেকে গুঞ্জনটা উড়িয়ে দেওয়া হয়েছে। আইজাজ চিমা রীতিমতো দিব্যি কেটে বলেছেন এ ধরনের কিছুই ঘটেনি। কিন্তু দলটা পাকিস্তান বলেই এটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টি-টোয়েন্টি অধিনায়কের সঙ্গে নাকি দ্বন্দ্ব চরমে উঠেছে টেস্ট-ওয়ানডে অধিনায়কের। কিম্বার্লিতে অনুশীলনের সময় মোহাম্মদ হাফিজের সঙ্গে লেগে গিয়েছিল মিসবাহ-উল-হকের। মিসবাহর দলের টেস্টের শোচনীয় ব্যর্থতার শোক কিছুটা হলেও ভুলিয়ে দিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতিয়েছেন হাফিজ। ওয়ানডের আগে কিছু পরামর্শ দিতে গিয়েছিলেন। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবর, দলের একাদশ নিয়েই নাকি দুজনের মধ্যে তর্ক লাগে। হাফিজকে তিনে খেলাতে চান মিসবাহ। দলে শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক দুজনকেই চান। তবে ওপেনিংয়েই খেলতে আগ্রহী হাফিজ নাকি আফ্রিদি-মালিক দুই স্পিনারকেই না নিয়ে পেসার বাড়ানোর পক্ষে ছিলেন। বিষয়টি এত দূর গড়ায় যে পিসিবিকে বিবৃতি দিতে হয়। সে যা-ই হোক, সব ভুলে পাকিস্তান এখন পুরো মনোযোগ দিচ্ছে আজ শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। দুই দলের জন্যই সিরিজটা চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি। টুর্নামেন্টটি এখনো তিন মাস দূরে থাকলেও দুই দলেরই এটি শেষ সিরিজ নেই।দক্ষিণ আফ্রিকার জন্য এই সিরিজটি আরও গুরুত্বপূর্ণ, কারণ টেস্ট শ্রেষ্ঠত্বের মুকুট তাদের মাথায়। এবার দ্বিতীয় মুকুটটিও পরার সুযোগ এসেছে। আপাতত দক্ষিণ আফ্রিকা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের চারে থাকলেও এই সিরিজে ৫-০ ব্যবধানে জিতলে এক লাফে উঠে আসবে একে। ৫-০? টেস্টে পাকিস্তানকে ধবলধোলাই করেছে বটে, তবে ওয়ানডেতে তাদের গুঁড়িয়ে দেওয়ার কাজ যে কতটা কঠিন, সেটা ভালো করেই জানেন এবি ডি ভিলিয়ার্স। যদিও রেকর্ড প্রেরণা হতে পারে ডি ভিলিয়ার্সের দলের কাছে। দক্ষিণ আফ্রিকায় প্রোটিয়াদের বিপক্ষে সর্বশেষ ১৫ ওয়ানডেতে মাত্র দুবার জিতেছে পাকিস্তান, ১৩ বারই জিতেছে দক্ষিণ আফ্রিকা! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে পাকিস্তানের ছয় জয়ের চারটিই প্রথম পাঁচ ম্যাচে। এত ভালো শুরুর পরের ছবিটা ঠিক এর উল্টো।পাকিস্তান অবশ্য শুরুতে তুলনামূলক সহজ উইকেট পাচ্ছে। ব্লুমফন্টেইনের মরা উইকেটে অন্তত আগুনের গোলা সামলাতে হবে না। এই উইকেট ব্যাটিংবান্ধব। তা ছাড়া গতিদানব ডেল স্টেইনও নেই। উইকেটের কারণেই মিসবাহর কাছে ‘লড়াই’টায় হেরে যাচ্ছেন হাফিজ। মালিক-আফ্রিদি দুজনেরই থাকার কথা একাদশে। তবে ওপেনই করতে দেওয়া হতে পারে তাঁকে। দক্ষিণ আফ্রিকা দলেও ফিরে আসছেন টি-টোয়েন্টি না খেলা গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা। ওয়েবসাইট।