নিজেদের সামর্থ্যটা বুঝতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পেসারদের সবচেয়ে বড় দুঃখ বোধ হয় উইকেট। দেশের মাটিতে কখনোই মনের মতো উইকেট তাদের পাওয়া হয় না। তবে দলের স্বার্থে সেই দুঃখ তারা সব সময়ই ভুলে থাকে। আমাদের বোলিং আক্রমণের বড় শক্তি স্পিন, ব্যাটসম্যানদের কথাও ভাবা লাগে। শেষ পর্যন্ত উইকেটে তাই পেসারদের জন্য কিছু থাকে না।সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা সেটা আবারও দেখলাম। বিশেষ করে টেস্ট ম্যাচের উইকেটে পেসারদের জন্য কিছুই ছিল না। তার পরও ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডস উইকেট পেয়েছে। তবে সে যতটা না উইকেটগুলো পেয়েছে, তার চেয়ে বোধ হয় আমরাই তাকে সেগুলো দিয়ে এসেছি।পেসাররা বলার মতো কিছু করতে পারেনি আসলে উইকেটের জন্যই। তার পরও রুবেল ভালো বোলিং করেছে। গত বিশ্বকাপ থেকেই ভালো বল করছে সে। তবে শাহাদাতকে মনে হলো সবটুকু দিতে পারছে না। অনেক দিন ধরে খেলার মধ্যে ছিল না বলেই হয়তো...।বাংলাদেশে যে রকম উইকেট, তাতে পেসারদের কাজ হওয়া উচিত মূলত রান ঠেকিয়ে রাখা। তাতে স্পিনারদের কাজ সহজ হয়ে যায়। উইকেটে যখন কোনো কিছু হয় না তখন রান আটকানোর চিন্তা করাই ভালো। স্পিনাররা তখন অনেক স্বাধীনতা নিয়ে বল করতে পারে। সব সময় যে এই জিনিসগুলো কেউ বলে দেবে তা নয়। পেসারদের মধ্যে এসব উপলব্ধি এমনিতেই আসা উচিত। আমি মনে করি, আমাদের উচিত বিশ্বের বড় বড় বোলারের সঙ্গে কথা বলা, তাদের চিন্তাভাবনা জানা। তারা কীভাবে ফিটনেস ঠিক রাখে, এ ধরনের উইকেটে কীভাবে বল করে, ওদের প্ল্যানিং কী থাকে—এসব সম্পর্কে ধারণা পেলে পরিস্থিতি অনুযায়ী নিজেরাও সেগুলো কাজে লাগাতে পারি। আমার তো ধারণা, বাংলাদেশের উইকেটে কীভাবে বোলিং করতে হবে সেটা আমরাও সবাই জানি না।বড় বড় বোলারের সঙ্গে কথা বলার সুযোগ আমি কখনো ছাড়ি না।্রওরা অনেক বড় বড় ম্যাচ খেলে, আমাদের চেয়ে অনেক বেশি কঠিন পরিস্থিতি সামলায়। ব্রেট লি, চামিন্ডা ভাস, লাসিথ মালিঙ্গা, জেসন গিলেস্পি, জহির খান, ইশান্ত শর্মা, শেন বন্ড—বিভিন্ন উপলক্ষে এ রকম অনেকের সঙ্গেই বোলিং নিয়ে কথা বলেছি। তারাই আমাকে বলেছে, যখন উইকেটে কোনো সাহায্য থাকবে না, অন্য বোলারদের সাপোর্ট করাটাই তখন পেসারের কাজ। রান কম দিতে হবে যাতে অন্য বোলারদের সময় প্রতিপক্ষ ব্যাটসম্যানরা শট খেলতে বাধ্য হয়। ভাগ্য ভালো থাকলে ব্যাটসম্যানরা ভুল করবে, তখন আমিও উইকেট পেয়ে যেতে পারি। তবে একজন পেসারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বোধ হয় তার নিজের সামর্থ্যটুকু জানা। নিজেকে জানলে সে কখনো সামর্থ্যের বাইরে কিছু করার চেষ্টা করবে না। আর নিজের সম্পর্কে ধারণা থাকলে ভুলও হয় কম। সঙ্গে বোলিং ফিটনেসটাও খুব গুরুত্বপূর্ণ।উইকেটের প্রসঙ্গ এলেই সবাই বলে ঘরোয়া ক্রিকেট নাকি বাউন্সি উইকেটে খেলা উচিত। আমি এর সঙ্গে পুরোপুরি একমত নই। সব উইকেটই বাউন্সি আর গতিময় হয়ে গেলে কীভাবে হবে! ব্যাটসম্যানরা তখন কোথায় যাবে? এ জন্য উইকেটে বৈচিত্র্য থাকলেই বরং ভালো। কোনো কোনো উইকেট হবে গতিময়-বাউন্সি, কোনো কোনো উইকেট আবার ব্যাটসম্যানদের কথা চিন্তা করে বানাতে হবে। যেমন ধরুন খুলনায় বাউন্সি উইকেট হলো, আবার ঢাকা বা চট্টগ্রামে হলো ব্যাটসম্যানদের উইকেট।খুব ভালো বল করতে না পারায় পেসারদের মনে দুঃখ থাকতে পারে। তবে দলের কথা চিন্তা করলে জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতা আমরা খুব ভালোভাবে কাটিয়ে উঠেছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিছু ব্যর্থতা আছে, তবে ইতিবাচক দিকই বেশি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ধরে রাখতে হবে সেটা। ওয়েস্ট ইন্ডিজের চেয়েও আমাদের জন্য বড় চ্যালেঞ্জ পাকিস্তান।