নিজেদের ১০-এ ২ দিচ্ছেন সাকিব-আশরাফুল
আগের দুটি সফরে নিউজিল্যান্ড কিছুই দেয়নি। তার পরও এবার আশায় বসতি গড়েছিল বাংলাদেশ। ‘ভালো খেলার কথা অনেক হয়েছে, এবার চাই জয়’—ঘোষণাটা এমনভাবে ঘুরে বেড়াল সবার মুখে যেন এটাই এই সিরিজে বাংলাদেশ দলের থিম সং! অথচ টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে জয় দূরে থাক, একটু প্রতিদ্বন্দ্বিতার আঁচ পর্যন্ত লাগেনি নিউজিল্যান্ডের গায়ে। সফরের মাঝপথে এসে দলীয় ও ব্যক্তিগত পারফরম্যান্স বিচারের ভার ছেড়ে দেওয়া হলো দলের অধিনায়ক, সহ-অধিনায়ক ও দুই ব্যাটিং-ভরসার কাছে। দেখুন, কী বললেন তাঁরা— এখন পর্যন্ত সিরিজটা কেমন গেল?সাকিব আল হাসান: আমরা একদমই ভালো খেলি নাই। এর আগে যখন এখানে এসেছিলাম, তখনো ভালো খেলি নাই। এবারও না।মোহাম্মদ আশরাফুল: ভালো না। ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে সফর থেকে শুরু করে গত কিছুদিন দেশে ত্রিদেশীয় সিরিজ, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে আমরা যেভাবে খেলে এসেছি, তাতে সবাই ভালো কিছু আশা করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত ভালো কিছুই হয়নি।মুশফিকুর রহিম: দেশে ত্রিদেশীয় সিরিজে যেভাবে খেলেছিলাম, তাতে ভালো কিছুর আশা ছিল। সেই তুলনায় কিছুই খেলতে পারিনি। আমাদের সবার বিশ্বাস ছিল, তিনটি ওয়ানডের অন্তত একটিতে নিউজিল্যান্ডকে হারাবই। দুটিতেও হারাতে পারি। কিন্তু প্রথম দুটি ওয়ানডেতে তো কোনো প্রতিদ্বন্দ্বিতাই হলো না। খুব হতাশ।তামিম ইকবাল: ভালো না। যে রকম চিন্তা করে এসেছিলাম, তার কিছুই হয়নি। প্রত্যাশা আর পারফরম্যান্সে এত গরমিল কেন?সাকিব: কন্ডিশন তো অবশ্যই একটা বড় কারণ। এর সঙ্গে আমি বলব, আমরা নিজেদের ঠিকমতো অ্যাপ্লাইও করতে পারিনি। আমি মনে করি, আমাদের অ্যাপ্লিকেশনে বড় ঘাটতি ছিল।আশরাফুল: আবহাওয়া-উইকেট সবকিছুই এখানে আলাদা। এটার সঙ্গে আমরা মানিয়ে নিতে পারি নাই। এখানে আসার আগে লক্ষ্যের কথা বলার সময় কন্ডিশনের কথা মনে হয় আমরা ভুলে গিয়েছিলাম।মুশফিক: প্রথমেই বলব ভিন্ন কন্ডিশন। এটা আমাদের জানাও ছিল, তবে দুই বছর আগে যখন এখানে এসেছিলাম, সে তুলনায় আমাদের দল অনেক উন্নতি করেছে বলে এবার ভালো কিছুর আশা করেছিলাম। কিন্তু আমরা ব্যাটসম্যানরা একদমই ভালো খেলতে পারি নাই।তামিম: অবশ্যই কন্ডিশন একটা বড় কারণ। এখানে ব্যাটিং উইকেট হলেও আমাদের দেশের উইকেটের চেয়ে অন্যরকম। দেশে যে লেংথের বল আমরা ফ্রন্টফুটে খেলি, এখানে তা ব্যাকফুটে খেলতে হয়। তবে এটাও স্বীকার করতে হবে যে, আমরাও ভালো খেলি নাই। টি-টোয়েন্টি আর প্রথম দুই ওয়ানডেতে দলের পারফরম্যান্সকে যদি ১০-এর মধ্যে মার্কিং করতে বলা হয়...সাকিব: ৪আশরাফুল: ৫মুশফিক: ৫তামিম: ৫ তিন ম্যাচে নিজের পারফরম্যান্স ১০-এ কত পাবেন?সাকিব: ২আশরাফুল: ২মুশফিক: ৫তামিম: ৬ বাকি একটা ওয়ানডে আর টেস্ট ম্যাচে কী প্রত্যাশা?সাকিব: একটাই চাওয়া, আমাদের টপ-অর্ডার ভালো করুক। টপ-অর্ডার ব্যাটসম্যানদের দেখে যেন মনে হয় যে, একটা দল ব্যাটিং করছে। পরের দিকের ব্যাটসম্যানদের কাছ থেকেও রান আশা করি, তবে আসল কাজটা তো ১ থেকে ৬ নম্বরকেই করতে হবে। আর চাই, একটা ক্যাচও না পড়ুক, পেস বোলাররা এমন ভালো করে যাক।আশরাফুল: বাকি দুটি ম্যাচও খুব কঠিন হবে। শেষ ওয়ানডের মতো হ্যামিল্টনে টেস্ট ম্যাচটাও সহজ হবে না। নিউজিল্যান্ডের সঙ্গে ফাইট দিতে হলে আমরা যা খেলছি, তার চেয়ে অনেক ভালো খেলতে হবে।মুশফিক: আমি আশা করি, শেষ ওয়ানডেতে টপ-অর্ডার ব্যাটসম্যানরা রান করবে। তাতে টেস্ট ম্যাচে আমরা একটা আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব। টেস্ট ম্যাচে ফলাফল যা-ই হোক, আমরা যেন একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারি। পাঁচ দিনে ১৫টা সেশন, অন্তত এর ৫-৬টা যেন আমরা জিততে পারি।তামিম: প্রতি ম্যাচে আমাদের শুধু একজন রান করে। ভালো করতে হলে কমপক্ষে তিনজনকে রান করতে হবে। আশা করি, শেষ ওয়ানডেতে অন্তত তিনজন যেন রান করে। আমাদের বোলিং ভালো হচ্ছে। বড় একটা স্কোর করলে ওদের চাপে ফেলা যাবে, ওরা চাপে পড়লে কী করে, এটা তো এখনো দেখাই হলো না। গত কিছুদিনে যে আত্মবিশ্বাসটা জন্মেছিল, এই সফরে সেটি শেষ। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে অনেক প্রত্যাশার সিরিজটির আগে এই সফরটা না করলেই কি ভালো হতো?সাকিব: না, এতে খুব একটা ক্ষতি হবে না। দেশের মাঠ-উইকেট আমাদের চেনা। এখন আমরা দেশে খেলার সময় বাড়তি একটা শক্তিও টের পাই। মনে হয়, এত দিনে আমরা হোম অ্যাডভান্টেজটা নিতে পারছি। তবে টেস্ট ম্যাচের আগে টেস্ট ভেন্যুতে (চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম) ইংল্যান্ডকে প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ করে দেওয়াটা আমাদের জন্য ভালো হলো না। এতে উইকেট-মাঠ এসবের সঙ্গে ওরা মানিয়ে নিতে পারবে। তবে তার পরও আমরা নিজেরা বলাবলি করছি, ইংল্যান্ডকে অন্তত একটা ম্যাচে হারাবই।আশরাফুল: আমি তো বলব, নিউজিল্যান্ডে আসাটা আমাদের জন্য ভালো হয়েছে। কঠিন কন্ডিশনে খেলে গেলাম। এই যে পাকিস্তান অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরে গেল, এখন অন্য দলের সঙ্গে খেলা দেন, দেখবেন ওরা জিতবে। দেশে খেলে আমরা অভ্যস্ত। সাকিব বল করলে টার্ন করবেই, এটা আমরা জানি। এখানে কঠিন ক্রিকেট খেলে গিয়ে লাভই হবে।মুশফিক: খুব একটা সমস্যা দেখছি না। দেশে খেলার সময় ব্যাটসম্যানদের তো মনে হবেই, কদিন আগেই তো এখানে রান করেছি। তা ছাড়া নিউজিল্যান্ডে এসে অনেক বড় বড় দলকেও অনেক বাজেভাবে হারতে দেখেছি। এখানে খারাপ খেললেও দেশে গিয়ে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসে কোনো চিড় ধরবে না।তামিম: বাংলাদেশে কী হবে না হবে, এটা আমরা জানি। মাঠ-উইকেট এসব আমাদের পরিচিত। এ কারণে মনে হয় না, নিউজিল্যান্ডে খারাপ করেছি বলে সমস্যা হবে। আর সিরিজ তো এখনো বাকি। যাওয়ার আগে তো ভালো কিছুও করতে পারি।