নিজেদেরই এগিয়ে রাখছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু বিব্রত, কিছুটা যেন অপ্রস্তুতও। শফিউল ইসলামের জন্য ব্যাপারটা অস্বাভাবিক নয়। বোলার পরিচয় নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এসে কি না প্রথম সংবাদ সম্মেলন করতে হলো ভালো ব্যাটিংয়ের জন্য! বল হাতে সাফল্যের প্রতিক্রিয়া জানানো তাঁর জন্য সহজ হওয়ার কথা, তবে টেস্ট ক্রিকেটে প্রথম ফিফটির আনন্দ প্রকাশে একটু তো পিছিয়ে থাকবেনই। বিস্ময়ের ঘোর থেকে বেরোতেও তো সময় লাগে।মাত্রই চতুর্থ টেস্ট খেলছেন। প্রথম ফিফটির আনন্দ শুধু নয়, এই জগতের বেশির ভাগটাই তাঁর কাছে এখনো অচেনা। অনভ্যস্ত উইকেটে হয়তো সহজ প্রশ্নকে কঠিন মনে হয়েছে, কঠিন প্রশ্নকে সহজ। তবে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে আসল ব্যাপারটা বুঝতে অভিজ্ঞতায় চুল পাকিয়ে ফেলাটাও কোনো কাজের কথা নয়। অধিনায়ক সাকিব আল হাসান বা কোচ জেমি সিডন্স যেমন বোঝেন, বোঝেন শফিউলও, ‘আমরা এখন অনেক ভালো অবস্থানে আছি। লক্ষ্যে মোটামুটি সফল। তবে আরও এক-দুইটা উইকেট পড়লে ভালো হতো।’ কাল দিনশেষে কোচ সিডন্সের চোখেও ঠিক একইভাবে ধরা পড়েছে টেস্টের সর্বশেষ পরিস্থিতি। তবে অভিজ্ঞতার কারণেই হয়তো কিছুটা বাস্তববাদী থাকলেন এই অস্ট্রেলিয়ান, ‘আমরা কিছুটা এগিয়ে, তবে এটা এমন কিছু নয়। ম্যাচ এখন সমান সমানই বলতে পারেন। আমাদের দরকার ৭ উইকেট, ওদের ২৫০ রান।’মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ এই ৭ উইকেট আর ২৫০ রানেরই লড়াই। টেস্টে প্রতিদিনের শেষে যেই ভালো অবস্থানে থাকুক, সঙ্গে একটা ‘কিন্তু’ থেকে যায়। কাল যেমন বাংলাদেশ দলের কিছুটা হলেও ভালো অবস্থানের সঙ্গে ‘কিন্তু’ হয়েছিল ‘বোলাররা আজ কেমন করেন’ প্রশ্নটা। আর বোলারদের কিছু করার সম্ভাবনায় সব সময়ই পিছু লেগে থাকে উইকেট নামের এক রহস্য। কাল বাংলাদেশের যিনি এই উইকেটটাকে সবচেয়ে কাছ থেকে দেখলেন, উইকেটকিপার মুশফিকুর রহিম কিন্তু দ্বিতীয় দিন শেষে কোনো সুখবর দিতে পারলেন না, ‘একদমই ফ্ল্যাট মনে হচ্ছে উইকেট। এখনো ভাঙেনি, কালও ভাঙবে বলে মনে হয় না। সিমে পড়লে বল হয়তো একটু লাফাচ্ছে, এক-আধটা নিচুও হচ্ছে। তবে টার্ন-মুভমেন্ট তেমন নেই।’ মুশফিকুরের কথা আরও জোরালো হচ্ছে শফিউলের সমর্থনে, ‘স্পিনারদের জন্য এখানে আসলেই সমস্যা। তবে পেস বলে একটু কাজ করতে পারলে ভালো। স্লোয়ার...রিভার্স সুইং দিতে পারলে কাজ হচ্ছে।’ ইয়ান বেল-ম্যাট প্রিয়র এখনো আছেন। গ্রায়েম সোয়ানও ব্যাটিংটা খারাপ করেন না। ব্যাটিং-বান্ধব উইকেটে ৭ উইকেট নেওয়ার লড়াই তাই সহজ হবে না বাংলাদেশের।সহজ হতো, যদি কালই অন্তত আরও দুটি উইকেট তুলে রাখা যেত। দিন শেষে ড্রেসিংরুমের করিডোরে দাঁড়িয়ে কথাটা বলে গেলেন মাহমুদউল্লাহ, ‘আমরা এখন কিছুটা ভালো অবস্থানে। তবে আরও ভালো হতো যদি আজই (গতকাল) ওদের পাঁচটা উইকেট ফেলে দেওয়া যেত।’ সেটা না হওয়ার কারণ অনেক কিছুই হতে পারে। কিন্তু সংবাদ সম্মেলনে শফিউলের কথা শুনে মনে হয়েছে, কাল ইংল্যান্ডের ৩ উইকেট নিয়েই সন্তুষ্ট থাকার অন্যতম কারণ হয়তো বাংলাদেশের গেম প্ল্যান, ‘ড্রেসিংরুম থেকেই বলে দেওয়া হয়েছিল আমাদের টার্গেট ডট বল করা, মেডেন ওভার নেওয়া। আমরাও তাই উইকেট পাওয়া নিয়ে ভাবিনি। ডট বল করারই চেষ্টা করছি।’ কিন্তু প্রথম ইনিংসে ৪১৯ রান করার পরও কেন এই রক্ষণাত্মক গেম প্ল্যান? সফিউলই দিয়েছেন উত্তর, ‘উইকেট এমনিতেই বেশ ফ্ল্যাট। ব্যাটসম্যানদের আউট করতে গেলে হয়তো ওদের রান আরও বেড়ে যেত। সে জন্যই আমাদের বলা হয়েছে ডট বল করো, ঠিক জায়গায় বল ফেল। রান করতে না পারলে ওরা ভুল করবেই।’প্রতিপক্ষের ভুলের আশায় থাকা ক্রিকেটের একটা অংশ বটে। অধিনায়ক সাকিব আল হাসান বলতে পারেন, ভুল যে ইংলিশরা করছে তার প্রমাণ তো কালই ৩ উইকেট তুলে নেওয়া। এই সাফল্যের পর তৃতীয় দিনের আগে টেস্টে বাংলাদেশকে এগিয়েও রাখছেন তিনি, ‘আমরাই এগিয়ে আছি এখন। তবে সবকিছু নির্ভর করছে কাল (আজ) সকালের বোলিংয়ের ওপর। বোলাররা যদি ভালো বল করে, হয়তো আমরাই লিড নেব।’ বোলারদের দিকে এখন অনেকভাবেই তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে। ব্যাটসম্যানরা যে খুব খারাপ করছেন তা নয়, তবে কাজটা শেষ করে দিয়ে আসতে পারছেন না। তাঁদের সম্ভাবনাময় ইনিংসগুলোর অকালপ্রয়াণ বোলারদের ওপর তুলে দিচ্ছে ভালো ব্যাটিংয়ের চাপ। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৯ রানের মধ্যে ১৩২ রানই মূলত বোলার হিসেবে দলে থাকাদের। নাঈম ইসলাম আর শফিউল ইসলাম তো এই টেস্টেই করে নিয়েছেন প্রথম ফিফটি। কে জানে বোলারদেরও ব্যাটসম্যান হয়ে ওঠাটা হয়তো আধুনিক ক্রিকেটেরই আরেকটি নতুন দিক! এমন মন্তব্যে সাকিব অবশ্য রক্ষণাত্মকই থাকলেন, ‘ব্যাটসম্যানরা যে রান করছে না তা নয়। তামিম ৮৫ রান করল, আগের টেস্টে জুনায়েদ সেঞ্চুরি করেছে। ব্যাটিংয়ে বোলারদের সমর্থন সব সময়ই কাজে লাগে। তবে হ্যাঁ, টেল এন্ডের সঙ্গে স্বীকৃত ব্যাটসম্যানরাও ভালো ইনিংস খেললে বেশি ভালো হয়।’ভালো ব্যাপারটাই আসলে এমন। যত ভালো হবে, ভালোর আশা ততই বাড়বে। ভালো ব্যাটিংয়ের পর বোলারদের কাছে এখন ভালো বোলিংয়ের আশাটা যেমন...।