নিজেদেরকেই দুষছেন হেইঙ্কস
পুরো ম্যাচে ছিল বায়ার্নেরই একাধিপত্য। একের পর এক গোলের সুযোগ হেলায় হারিয়েছেন বায়ার্ন খেলোয়াড়েরা। শেষ পর্যন্ত টাইব্রেকারে ব্যর্থ হয়ে চেলসির হাতে তুলে দিয়েছেন চ্যাম্পিনস লিগের শিরোপা। পঞ্চমবারের মতো ইউরোপ-সেরা হওয়ার সুযোগ নষ্ট করে নিজেদেরকেই শাপ-শাপান্ত করা ছাড়া আর কীইবা করার আছে তাঁদের! কোচ ইয়ুপ হেইঙ্কসও স্বীকার করেছেন, এই পরাজয়ের জন্য কেবল নিজেদেরকেই দোষ দেওয়া যায়, আর কাউকে নয়।‘টাইব্রেকারে হেরে যাওয়াটা দোষের নয়। কিন্তু সমস্যা হচ্ছে, নির্ধারিত সময়ে আমরা প্রচুর গোলের সুযোগ নষ্ট করে খেলাটাকে অতিরিক্ত সময়ে নিয়ে গিয়েছি।’ হেইঙ্কসের মন্তব্য। ৬৭ বছর বয়সী এই কোচ মনে করেন, ‘বায়ার্ন পুরো খেলায় দুর্দান্তই খেলেছে। চেলসিও তেমনই খেলেছে, যেমনটা আমরা আশা করেছিলাম।’ ইয়ুপ হেইঙ্কসের ঝুলিতে আছে ১৯৯৮ সালে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ জয়ের গর্বিত অভিজ্ঞতা।৮৩ মিনিটে গোল করে এগিয়েও গিয়েছিল বায়ার্ন মিউনিখ। মুলারের গোলটি ২০০১ সালের পর বেভারিয়ানদের স্বপ্ন দেখাচ্ছিল আরও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপার। কিন্তু খেলার শেষ দিকে দিদিয়ের দ্রগবার গোলে সমতা ফেরায় চেলসি। অতিরিক্ত সময়ে আরিয়েন রোবেন পেনাল্টি মিস করলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারের ভাগ্য পরীক্ষায় প্রমাণিত হয়ে যায়, মিউনিখের ফাইনালে ভাগ্যদেবী বায়ার্নের সঙ্গে নেই।ম্যাচ শেষে অবশ্য দুর্ভাগ্যের কথা বলেননি হেইঙ্কস। বলেছেন প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে না পারার ব্যর্থতার কথা। ‘আমি বুঝতে পারছি না, দলের খেলোয়াড়েরা ওই সব সুযোগ নষ্ট করল কীভাবে!’ হেইঙ্কসের হতবুদ্ধি প্রতিক্রিয়া।হেইঙ্কসের মতে, ‘পুরো খেলাটাই বায়ার্নের দখলে ছিল। গোলটা হয়েছিল খুব চমত্কার সময়ে। গোল শোধ করার মতো চেলসির হাতে ছিল খুব অল্প সময়। অতিরিক্ত সময়ে যাওয়ার পরেও আমরা পেনাল্টি পেয়েছিলাম, কিন্তু কাজে লাগাতে পারিনি। এই পরাজয়ের কোনো ব্যাখ্যা সত্যিই আমার কাছে নেই।’ রয়টার্স।