নিজের অর্জন, দেশের প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেউ দেশের পতাকা গায়ে জড়িয়ে দৌড়ে বেড়িয়েছেন। কেউ বিস্ময়াবিষ্ট হয়ে তাকিয়ে ছিলেন স্কোরবোর্ডের দিকে। তবে একটি বিষয়ে ঠিকই মিল ছিল—সবাই অশ্রুসিক্ত। গাল বেয়ে গড়িয়ে নামা সেই নোনা জলের মধ্যে মিশে ছিল গর্ব আর তৃপ্তি! তাঁদের যে বিশ্বাস হচ্ছিল না, কী কীর্তি গড়ে ফেলেছেন! দেশকে এনে দিয়েছেন ইতিহাসের প্রথম অলিম্পিক সোনা! অলিম্পিক সোনার মাহাত্ম্য বুঝতে হলে তাই মাইকেল ফেল্প্স কিংবা উসাইন বোল্ট নয় তাকাতে হবে এঁদের দিকেই।

মালিন্দা কেলমেন্দি
মালিন্দা কেলমেন্দি

মালিন্দা কেলমেন্দি
কসোভো
কসোভো স্বাধীন হয়েছে ২০০৮ সালে। তবে অলিম্পিকে সুযোগ পেল এবারই প্রথম। প্রথমবার অংশ নিতে এসেই অলিম্পিকে পদক জিতে নিল দেশটি, সেটিও সোনা। দেশটিকে এমন উচ্ছ্বাসে ভাসালেন জুডোকা মালিন্দা কেলমেন্দি। মেয়েদের ৫২ কেজি জুডোতে (৭ আগস্ট) সোনা জেতেন ২৫ বছর বয়সী কেলমেন্দি। ২০১২ লন্ডন অলিম্পিকেও ছিলেন কেলমেন্দি, তবে অংশ নিয়েছিলেন আলবেনিয়ার হয়ে। সেবার কোনো পদক জিততে পারেননি। মাতৃভূমির হয়ে খেলার সুযোগ পেয়েই ইতিহাস গড়লেন কেলমেন্দি। তাঁর চোখে এ অর্জন শুধু ব্যক্তিগত গৌরবই নয়, ‘এই পদকের মূল্য অনেক। শুধু খেলার জন্যই নয়, দেশ হিসেবে কসোভোর জন্যও এটা গুরুত্বপূর্ণ।’

মনিকা পুচ
মনিকা পুচ

মনিকা পুচ
পুয়ের্তোরিকো
১৪ আগস্ট রোগে-শোকে-দারিদ্র্যে ভোগা একটি দেশের মানুষকে আনন্দে ভাসালেন মনিকা পুচ। পুয়ের্তোরিকোর প্রথম নারী হিসেবে অলিম্পিক পদক নিশ্চিত করলেন বিশ্বের ৩৪ নম্বর টেনিস খেলোয়াড়। তার পরদিন হারিয়ে দিলেন অ্যাঞ্জেলিক কারবারকে। এ অঘটন ঘটিয়েই জন্মভূমিকে এনে দিলেন অলিম্পিকের প্রথম সোনা। পুয়ের্তোরিকানদের দারিদ্র্যক্লিষ্ট জীবনে একটুখানি গর্বে ভাসিয়েছেন ২২ বছর বয়সী পুচ, ‘জানি, আমার দেশ এ জয়টি খুব করে চেয়েছে। আমার তো মনে হয়, একটি জাতিকে ঐক্যবদ্ধ করেছি আমি।’

রাগবি দল
রাগবি দল

রাগবি দল
ফিজি
৯২ বছর পর অলিম্পিকে ফিরেছে রাগবি। ঠিক প্রত্যাবর্তন বললে ভুল হবে, সাতজনের রাগবি হলো এবারই প্রথম। ঐতিহাসিক মুহূর্তটিকে আরও স্মরণীয় করে রাখল সোনাজয়ী দেশটির নাম। ১১ আগস্ট রাগবির ফাইনালে ব্রিটেনকে ৪৩-৭ ব্যবধানে হারিয়ে দেয় ফিজি। এই জয়ের পর পুরো দেশ পরিণত হয়েছে উৎসবের দেশে। রাস্তায় বেরিয়ে এসেছে মানুষ, একে অন্যকে জড়িয়ে ধরে কেঁদেছে। প্রশান্ত মহাসাগরের তীরবর্তী খুদে দ্বীপদেশটি যে এই প্রথম অলিম্পিক পদক পেল, আর সেটাই কিনা সোনা!

জোসেফ স্কুলিং
জোসেফ স্কুলিং

জোসেফ স্কুলিং
সিঙ্গাপুর
১০০ মিটার বাটারফ্লাইয়ের ফাইনাল শেষ হতেই সবাই স্তব্ধ কিছুক্ষণের জন্য। মাইকেল ফেল্প্স হারতেও পারেন! ১২ আগস্ট ফেল্প্সকে হারিয়ে দিয়েছেন সিঙ্গাপুরের ২১ বছর বয়সী এক তরুণ, যিনি ফেল্প্সকে আদর্শ মেনেই সাঁতার শিখেছেন। যিনি নিজেও ফেল্প্সের পাশে সাঁতার কাটতে পেরেই ধন্য হয়ে গেছেন। ফেল্প্স হেরে গেছেন, এই অবিশ্বাস আর বিহ্বলতা ঘুচে যাওয়ার পর সবাই টের পেলেন ১ মিনিটেরও কম সময়ের এই ইভেন্টটিতেই ইতিহাস লেখা হয়ে গেছে। সিঙ্গাপুরের প্রথম অলিম্পিক সোনা!
হোয়াং জুয়ান ভিন
ভিয়েতনাম

হোয়াং জুয়ান ভিন
হোয়াং জুয়ান ভিন


রিও অলিম্পিকের প্রথম দিনেই (৬ আগস্ট) ভিয়েতনামকে উৎসবের উপলক্ষ এনে দিলেন হোয়াং জুয়ান ভিন। শুটিংয়ে ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভিয়েতনামকে প্রথমবারের মতো অলিম্পিক সোনা উপহার দিলেন এই শুটার। ভিয়েতনামের ক্রীড়া ইতিহাসে স্বাভাবিকভাবেই জুয়ান ভিনের এই সাফল্যকে সেরা ঘটনা হিসেবে দেখা হচ্ছে। অলিম্পিকেই ভিয়েতনামের তৃতীয় পদক এ সোনাটি। দেশটির মানুষের খুশি আরও বাড়িয়ে দিয়েছে এ ইভেন্টে ব্রোঞ্জজয়ী দেশটির নাম। সোনা জয়ের পথে জুয়ান যে পেছনে ফেলেছেন অনেক দিনের শোষক চীনের প্রতিদ্বন্দ্বীকে!