নিজের আঁতুড়ঘরেই আদর নেই মেসির!
‘হাতির গোরস্তানে’ আর্জেন্টিনার আশার সমাধি হয়ে যাওয়ার ঘণ্টা কয়েক পর অনেকটা নীরবে নিজের শহর রোজারিওতে এসেছেন লিওনেল মেসি। তাঁকে ঘিরে কোনো উন্মাদনা নেই, নেই কৌতূহলী মানুষের ভিড়; এমনকি হা-হুতাশ করার মতোও পাওয়া যায়নি কাউকে।সত্যি বলতে কি, কোপা আমেরিকা নিয়েই রোজারিওবাসীর মধ্যে আগ্রহ ছিল কম। নেইমারের উদ্ভট চুলের ছাঁট নিয়ে কিছু কিশোর-তরুণকে ঘোরাঘুরি করতে দেখা গেছে বটে, বিয়ের পোশাকের একটা দোকানে আর্জেন্টিনার আকাশি-সাদা পোশাকের আদলে কিছু কিছু বিয়ের গাউনও ঝুলতে দেখা গেছে; কিন্তু সেই অর্থে মাতামাতি ছিল না। এর চেয়ে বরং হ্যারি পটার সিরিজের শেষ ছবিটা দেখার জন্যই বেশি আগ্রহ ছিল সবার।এমন কোপা-বিরাগের একটা কারণ হতে পারে, ভেন্যু হিসেবে রোজারিওকে আবারও উপেক্ষা করা। এই রোজারিওতেই ১৯৭৮-এ নিজের প্রথম বিশ্বকাপ জয়ের ভিত্তি গড়েছিল আর্জেন্টিনা, দ্বিতীয় রাউন্ডে জিতে। কিন্তু রাজধানী বুয়েনস এইরেস থেকে সড়কপথে প্রায় ৩০০ কিলোমিটার দূরের রোজারিওর চেয়ে ১০০ কিলোমিটার দূরের লা প্লাটাই এখন ভেন্যু হিসেবে বেশি গুরুত্ব পায়। এক দশক আগে লা প্লাটায় নতুন স্টেডিয়াম বানানোর পর থেকে রোজারিও ব্রাত্য হয়ে পড়ে। এবারও কোপার ভেন্যু হিসেবে উপেক্ষিতই থেকেছে মেসির শহর।তাই বলে মেসির জন্মস্থানে মেসিকে নিয়েও মাতামাতি থাকবে না? বিস্ময়কর হলেও সত্যি, আসলেই তা নেই। ঘটনা হলো, মেসিকে নিজেদের একজন বলে মনে করে না এই শহরের অনেকেই। এদের একজন, অ্যালাইন নামের এক তরুণী ব্যবসায়ী বলছিলেন, ‘ও তো রোজারিওর হয়ে কখনো খেলেনি, তাই না? বার্সেলোনার হয়ে ওকে আমরা অসংখ্য গোল করতে দেখেছি, কিন্তু আর্জেন্টিনার হয়ে ও কখন গোল করল? বেশির ভাগ গোলই তো সার্জিও আগুয়েরো আর অ্যাঙ্গেল ডি মারিয়াকে করতে দেখলাম আমরা।’তাহলে কি মেসিকে তাঁরা আপন করে নিতে পারেনই না? অ্যালাইন উত্তর দিলেন, ‘দেখুন, বোকা জুনিয়র্সে রিকেলমের একটা মূর্তি আছে। কারণ, সে বোকার সমার্থক হয়ে গিয়েছিল। মেসি সেভাবে রোজারিওর সঙ্গে একাত্ম হতে পারল কই? সে তো কখনো এখানে খেলেনি। ওর চিকিৎসার জন্য যে টাকা দরকার ছিল, সেটা তো এরা দিতেই পারেনি।’দিয়েছিল বার্সেলোনা। মেসির মধ্যে ভবিষ্যতের বিস্ময়কর এক প্রতিভার ছায়া খুঁজে পেয়েছিল স্প্যানিশ ক্লাবটি। সেই শৈশবেই মেসিকে নিয়ে আসা হয়েছিল স্পেনে। এরপর বার্সেলোনাতেই বেড়ে উঠেছেন। মেসি তাই যতটা রোজারিওর, তার চেয়ে বেশি বার্সেলোনার।রোজারিও শহরের প্রতিনিধি হয়েই যেন অ্যালাইন বলছিলেন, ‘এই শহরটা আসলে ফুটবলের চেয়ে বেশি পরিচিত শিল্প আর সংস্কৃতির জন্য। এখানে সংগীতশিল্পী ফিতর পায়েজ আর হুয়ান কার্লোস বাগলিয়েত্তোর মূর্তি আছে, আছে লেখক ফন্তানা রসার। কিন্তু মেসির মূর্তি? আমি সেই সম্ভাবনা দেখছি না। খোদ ম্যারাডোনার মূর্তিও তো এখানে নেই।’মেসির মতোই এ শহরে জন্ম আরেক বিশ্বখ্যাত মানুষের। মেসির মতো তিনিও শৈশবে শ্বাসকষ্টের চিকিৎসা করতে শহর ছেড়েছিলেন। পরে বিপ্লবী হিসেবে জীবন উৎসর্গ করেছেন। চে গুয়েভারা! তাঁর মূর্তি অবশ্য ঠিকই দাঁড়িয়ে আছে রোজারিওতে। রোজারিওর মন জয় করতে চের মতোই বিপ্লবী কিছু করে দেখাতে হবে মেসিকে। সেটা হতে পারে আর্জেন্টিনার জন্য বড় একটা শিরোপা। সেটা হতে পারে ২০১৪ বিশ্বকাপও! এএফপি।