নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী ডি মাত্তেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্যামফোর্ড ব্রিজকে ন্যু ক্যাম্পে টেনে নিয়ে আসতে চাইবে চেলসি। ওখানেই যে শক্তিধর বার্সাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে গেছে রবার্তো ডি মাত্তেওর দল। আজ রাতে ন্যু ক্যাম্পের ফিরতি লড়াইয়ে নামার আগে নিজেদের তাই ফেবারিটই ভাবছেন চেলসি কোচ।এই ইতালীয় চেলসির কোচ হয়ে এসে দলের খোলনলচেই পাল্টে দিয়েছেন। দলটিকে মনে হচ্ছে অনেকটাই আত্মবিশ্বাসী। সেই আত্মবিশ্বাসের বর্ণচ্ছটায় ঝলসে গেছে বার্সেলোনার মতো দল। হোক না জয়টা রক্ষণাত্মক ফুটবলের, তার পরেও জয় জয়ই। বার্সেলোনার আক্রমণের তোড় বারবার ব্যর্থ হয়েছে ডি মাত্তেওর কৌশলের কাছে। সেদিক দিয়ে মাত্তেও তো তাঁর দল নিয়ে সফলই।এ মৌসুমে চেলসিকে একেবারে গোনার বাইরে ঠেলে দিয়েছিলেন সবাই। কিন্তু মাত্তেও কোচ হয়ে আসার পর সাত সপ্তাহ যেতে না যেতেই সেই চেলসিই যেন অন্যরকম এক দল। কিছুদিন আগে ইংলিশ প্রিমিয়ার লিগের এক ম্যাচে আর্সেনালকে উড়িয়ে দিয়ে মাত্তেওর অধীনে শুভযাত্রার জানান দিয়ে দেয় চেলসি। সেটার পূর্ণতা পেয়েছে চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনাকে হারানোর মধ্য দিয়ে। ন্যু ক্যাম্পে নেমেই আত্মবিশ্বাসটা তাই আলাদাভাবেই টের পাচ্ছে চেলসি। তাড়নাটাও অন্য রকম। রোমান আব্রাহামোভিচের মালিকানায় যাওয়ার পর চ্যাম্পিয়নস লিগে যেকোনো সাফল্য নেই চেলসির। সেই সাফল্যই হাত দিয়ে ছুঁয়ে দেখার লক্ষ্য চেলসির। সাফল্য পেতে যা যা দরকার তার সবই চেলসির এই দলটিতে আছে সেটা জানিয়েছেন ডি মাত্তেও নিজেই। ‘আমার এই দলটিতে সাফল্য পাওয়ার সব অনুষঙ্গই জমা আছে।’ বলেছেন ডি মাত্তেও। তবে ঘরের বাইরে গিয়ে সাফল্য পেতে যে ভাগ্যেরও কিছু সহায়তা দরকার সেটা জানাতে ভোলেননি এই ইতালীয় কোচ।স্ট্যামফোর্ড ব্রিজে বার্সেলোনার বিপক্ষে সেই জয় অনুপ্রেরণা দিচ্ছে গোটা দলকে। তবে অতিরিক্ত রক্ষণাত্মক খেলে জেতায় চেলসি ও ডি মাত্তেওর কৌশলের বিপক্ষে কিছুটা সমালোচনাও আছে। তবে ডি মাত্তেও নিজের কৌশলের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, ‘অন্যের বক্তব্যে আমার শ্রদ্ধা আছে। আমার কৌশল নিয়ে দ্বিমত থাকতে পারে, তবে এর পক্ষেও আমার যুক্তি আছে।’ ‘আপনাকে বুঝতে হবে আপনার দলের শক্তি কোথায়। একইসঙ্গে দেখতে হবে প্রতিপক্ষের দুর্বলতাগুলো কোথায়।’ ডি মাত্তেওর অভিমত।‘দলের কৌশল ঠিক করতে হবে এ ব্যাপারগুলোকে মাথায় রেখেই।’ স্ট্যামফোর্ড ব্রিজের ম্যাচটির কৌশলের ব্যাপারে ডি মাত্তেওর যুক্তি এমনই।সেমির দ্বিতীয় লেগে চেলসি মাঠে নামবে চারজন গুরুত্বপূর্ণ ফুটবলারের হলুদ কার্ডের খাড়া মাথায় নিয়ে। তবে এসব নিয়ে একেবারেই মাথা ঘামাতে চান না ডি মাত্তেও। তাঁর মতে, ‘আমরা স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে নামার আগে ন্যু ক্যাম্পের খেলার কথা চিন্তাও করিনি। ঠিক তেমনি আজকের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ফাইনাল নিয়ে ভাবা যাবে।’ ডি মাত্তেও জোর গলায়ই বললেন হলুদ কার্ডের ঝুঁকি মাথার ওপর থাকলেও ব্রানিস্লাভ ইভানোভিচ, অ্যাশলে কোল, রাউল মেইরিলিস ও র্যামিরেসকে একাদশে রেখেই আজ রাতে মাঠে নামবেন। তবে মাত্তেওর চিন্তা দিদিয়ের দ্রগবার ফিটনেস নিয়ে। গত ম্যাচে গোল করে দলকে জেতানো দ্রগবা নাকি পুরোপুরি ফিট নন।প্রথম লেগের সাফল্য দ্বিতীয় লেগে ধরে রাখার জন্য প্রয়োজন খেলোয়াড়দের অখণ্ড মনোযোগ—এটা মানেন ডি মাত্তেওও। তিনি বলেছেন, ‘আশা করছি আজকের ম্যাচে পরিপূর্ণ মনোযোগ নিয়ে মাঠে নামবে। তাঁরা নিজেদের ঝুঁকি ও দায়িত্ব সম্পর্কেও থাকবে সচেতন।’ ওয়েবসাইট।