নিজের দলকে 'দুর্দান্ত' বলছেন না ফন গাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের দলকে ‘দুর্দান্ত’ ভাবতে নারাজ ‘কৌশলী’ ফন গল। ছবি: রয়টার্স
নিজের দলকে ‘দুর্দান্ত’ ভাবতে নারাজ ‘কৌশলী’ ফন গল। ছবি: রয়টার্স

লুই ফন গালকে বলা হচ্ছে এ বিশ্বকাপের সেরা টেকটিশিয়ান। বলার কারণ আছে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কৌশলী ফুটবলেই উড়িয়ে দিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে। তবে মেক্সিকোর বিপক্ষে হল্যান্ডের দ্বিতীয় রাউন্ডের ম্যাচেই তিনি নিজেকে সবচেয়ে বড় টেকটিশিয়ানের মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। ‘কুলিং ব্রেকে’র মওকা দারুণভাবে কাজে লাগিয়ে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতেই বেরিয়ে আসেন। তবে এ ক্ষেত্রে ডাচ খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হয়। গুরুর কৌশলগুলো অসাধারণভাবে কাজে লাগাতে তাঁরা প্রমাণ করেছেন নিজেদের সামর্থ্য। তারপরও নিজের দলকে ‘দুর্দান্ত’ ভাবতে নারাজ ফন গল।

সাংবাদিকদের ডাচ কোচ বললেন, ‘হল্যান্ড দুর্দান্ত কোনো দল নয়। তবে এ দলটিকে হারানো কঠিন।’ শেষ বাক্যেই বোঝা যাচ্ছে, বিনয়ের পাশাপাশি প্রতিপক্ষকে প্রচ্ছন্ন হুমকিই তিনি দিয়ে রেখেছেন। এই না হলে ‘কৌশলী’ ফন গাল!

এরপর হল্যান্ডের দারুণ পারফরম্যান্সের নেপথ্য কারণটাও জানিয়েছেন তিনি, ‘আমরা বিশ্বকাপের অনেক আগে থেকেই প্রস্তুতিটা শুরু করেছিলাম। আমরা কঠোর পরিশ্রম করেছি। সেরা স্কোয়াডটা হয়তো দাঁড় করাতে পেরেছি, কিন্তু সেরা একাদশ এখনো বানাতে পারিনি। আমাদের ২৩ জন খেলোয়াড়ই খেলার গতি একই দিকে টেনে নিয়ে যেতে পারে। সবাই একে অপরকে সহায়তা করে। খেলোয়াড় একে অপরকে প্রশংসা করে। এ কারণেই কিছু ভালো ফল পেয়েছি আমরা।’