নিজের দোষেই হারলেন গার্দিওলা
বড় ম্যাচে, বিশেষ করে চ্যাম্পিয়নস লিগের নকআউট ম্যাচগুলোতে পেপ গার্দিওলার অতিরিক্ত পরীক্ষা–নিরীক্ষা করার অভ্যাস নতুন নয়। এই অভ্যাস গার্দিওলাকে সাফল্য দিয়েছে যেমন, ব্যর্থতা উপহার দিয়েছে তার চেয়ে অনেক বেশি। ম্যাচের আগে তাই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে বলা হচ্ছিল, টুখেল তো বটেই, এই ম্যাচে গার্দিওলার আরেক শত্রু গার্দিওলা নিজেই।
প্রথমেই সাফল্যের দু-একটি কথা মনে করা যাক। রিয়াল মাদ্রিদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ এক লিগ ম্যাচের আগে লিওনেল মেসিকে উইং থেকে মাঝে টেনে এনে খেলালেন ‘ফলস নাইন’ হিসেবে। অর্থাৎ যে স্ট্রাইকার না, তাঁকে ‘ছায়া স্ট্রাইকার’ হিসেবে খেলানো। মেসিও প্রথাগত স্ট্রাইকারের মতো বসে না থেকে মৌমাছির মতো ঘুরে বেড়ালেন রিয়াল রক্ষণের আশপাশে।
মেসিকে বক্সের মধ্যে মার্ক করবেন, না মেসির পিছে পিছে মাঠময় ঘুরে বেড়াবেন, সে দ্বিধায় নিজেদের রক্ষণ ছত্রখান করে ফেললেন পেপে-রামোস নিজেরাই। ফলাফল? রিয়ালের মাঠ থেকে বার্সেলোনা জিতে ফিরল ৬-২ গোলে। বড় ম্যাচের আগে গার্দিওলার এই এক আবিষ্কারেই এল সাফল্য।
বায়ার্নে রাইটব্যাক ইয়োশুয়া কিমিখকে মিডফিল্ডার বানানো থেকে শুরু করে সিটিতে মিডফিল্ডার আলেকসান্দর জিনচেঙ্কো বা ফাবিয়ান ডেলফকে লেফটব্যাক বানানো, গার্দিওলার এসব পরীক্ষা-নিরীক্ষা সাফল্যই এনেছে।
ব্যর্থতাগুলো এসেছে আরও বড় মঞ্চে। চ্যাম্পিয়নস লিগে তাঁর অধীন যতবার বায়ার্ন বা সিটি বাদ পড়েছে, প্রায় সব ক্ষেত্রেই বাদ পড়ার পেছনে চোখে পড়েছে কৌশল নিয়ে গার্দিওলার অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করার বিষয়টা। ২০১৪ চ্যাম্পিয়নস লিগে রিয়ালের কাছে দুই লেগ মিলিয়ে ৫-০ গোলে পরাজয়, সিটিতে আসার পর স্পার্স, লিওঁ, মোনাকোর মতো ক্লাবের হাতে বছরের পর বছর বিদায় নেওয়া—সবকিছুর পেছনেই কারণ একটাই। গার্দিওলার অতিরিক্ত চিন্তাভাবনা।
চিন্তা করা খারাপ কিছু নয়। কিন্তু তা করতে গিয়ে যদি বাড়াবাড়ি করে ফেলা হয়, সেটা অবশ্যই ভালো কিছু না। যে বাড়াবাড়ি গত রাতে গার্দিওলা করেছেন মূল একাদশ নির্বাচন করার সময়ে। যে দলে মেসন মাউন্ট, এনগোলো কান্তের মতো সফলভাবে নিরন্তর প্রেস করতে পারার মতো মিডফিল্ডার আছেন, যে দলে ভেরনার, হাভার্টজের মতো প্রতি–আক্রমণ করার মতো গতিময় তরুণ ফরোয়ার্ড আছেন, আর তাঁদের সাহায্য করার জন্য জর্জিনিওর মতো মিডফিল্ডার—তাঁদের বিপক্ষে সিটিকে নামিয়ে দিলেন কোনো ধরনের রক্ষণাত্মক মিডফিল্ডার ছাড়াই। ফার্নান্দিনিও, রদ্রি—দুজনই বসে থাকলেন বেঞ্চে। চেলসির বলের জন্য নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ার চাপ তাহলে সামলাবে কে!
কেউ সামলাতে পারেননি। রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে নামানো হলো ইলকায় গুন্দোয়ানকে। এই মৌসুমে গার্দিওলার লিগজয়ী সফল কৌশলে যে গুন্দোয়ানের ভূমিকা ছিল, সেটা গোলদাতা একজন মিডফিল্ডারের। যে গুন্দোয়ানকেই এই ম্যাচে গার্দিওলা গোল করতে নয়, পাঠালেন রক্ষণকে সাহায্য করতে।
ম্যাচের আগে টুখেলের অধীনে চেলসির অটুট রক্ষণ নিয়ে কথাবার্তা কম হয়নি। সেই অটুট রক্ষণ ভাঙার পণ নিয়েই যেন নামলেন গার্দিওলা। আর সেটা করতে গিয়ে নিজেদের রক্ষণটা উদোম করে দিলেন একদম। নিজের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা চেলসির তাতে সুবিধাই হলো। সিটির একাদশে ফার্নান্দিনিও বা রদ্রিকে না দেখে কান্তে-মাউন্টদের জিবে পানি এসে গিয়েছিল কি না, কে জানে!
কারণ? ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গার্দিওলা জানিয়েছেন, গোল করার চেয়ে মাঝমাঠ থেকে ফোডেন, মাহরেজ বা ডি ব্রুইনার উদ্দেশ্যে সফল লং পাস দেওয়ার ক্ষেত্রে রদ্রি ও ফার্নান্দিনিওর চেয়ে গুন্দোয়ানকে বেশি কার্যকরী বলে মনে হয়েছে তাঁর। গুন্দোয়ানের খেলার ভূয়সী প্রশংসাও করেছেন এই কোচ।
গার্দিওলা হয়তো ভুলে গিয়েছিলেন, নেশনস লিগের ম্যাচে জার্মানি যখন স্পেনের বিপক্ষে ৬-০ গোলে বিধ্বস্ত হয়েছিল, সে ম্যাচেও আক্রমণাত্মক মিডফিল্ডার নয়, বরং রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলানো হয়েছিল গুন্দোয়ানকে। স্পেনের মিডফিল্ডের প্রেস সামলাতেই খাবি খেয়েছেন, নিজে সফল লং পাস দেওয়ার সুযোগ পেয়েছেন কখন? গত রাতেও তাই হয়েছে।
ফার্নান্দিনিওর জায়গায় বাড়তি আক্রমণের আশায় যাঁকে নামিয়েছেন, সে স্টার্লিংও গোটা মৌসুম ধরে জঘন্য ফর্মে। কালকে যেভাবে খেলছেন, তাতে গার্দিওলার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।
গতবার লিওঁর বিপক্ষে ফার্নান্দিনিও-রদ্রি, দুই রক্ষণাত্মক মিডফিল্ডারকে নামিয়ে দিয়েছিলেন গার্দিওলা। তখন আবার একাদশে অন্তত আরও একজন আক্রমণাত্মক খেলোয়াড়ের অনুপস্থিতি ভুগিয়েছিল সিটিকে। এবার সে ভুল থেকে এমনই শিক্ষা নিলেন, একজন রক্ষণাত্মক মিডফিল্ডারকেও নামালেন না, যিনি চেলসির প্রেস সামলাতে পারেন!
ম্যাচে চেলসির একমাত্র গোলটাও এসেছে ফার্নান্দিনিও না থাকার কারণেই। মেন্দি থেকে চিলওয়েল হয়ে মাউন্টের পাস থেকে যতক্ষণে হাভার্টজের পায়ে বল এসেছে, ততক্ষণে সিটির রক্ষণভাগ ছত্রখান। কাইল ওয়াকার বুঝতে পারেননি কাকে সামলাবেন, মাউন্ট নাকি চিলওয়েলকে। ওদিকে মাউন্টের পিছু পিছু নিজের জায়গা ছেড়ে চলে এসেছেন স্টোনস। ভেরনারকে সামলাতে গিয়ে রক্ষণে বড় ফাঁক রেখে চলে এসেছেন রুবেন দিয়াসর
আক্রমণের সহজাত প্রবৃত্তির কারণে নিজের জায়গা ছেড়ে ওপরে উঠেছেন গুন্দোয়ান। মাউন্টকে যে আটকানো দরকার, সেটা মাথায় আসেনি তাঁর। সামনে তখন অনেক বড় ফাঁকা জায়গা, সিটি রক্ষণের শেষজনের সঙ্গে গা ঘেষে থাকা হাভার্টজকে বল দিতে মোটেও বেগ পেতে হয়নি মাউন্টকে। ঠিক এখানেই ফার্নান্দিনিওর অভাব টের পেয়েছে। ব্রাজিলের এই ডিফেন্সিভ মিডফিল্ডার থাকলে বলের পিছু পিছু গিয়ে অন্তত এমনভাবে দাঁড়িয়ে থাকতেন, যাতে মাউন্ট পাস না দিতে পারেন।
যেকোনো প্রতি-আক্রমণ আগে থেকে আঁচ করে ভেস্তে দেওয়ার কাজটা এই বয়সেও ফার্নান্দিনিও বেশ ভালো করেন। পারেন প্রতিপক্ষকে এমনভাবে ফাউল করতে, যাতে আক্রমণ নষ্ট হয় কিন্তু হলুদ বা লাল কার্ড দেখতে না হয়। সিটির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সেই ফার্নান্দিনিওই থাকলেন পার্শ্বচরিত্র হয়ে।
পার্শ্বচরিত্র হয়ে দেখলেন মূল নায়ক মাউন্ট-হাভার্টজদের উল্লাস।