নিজের পায়ে কুড়াল মারছে নিউজিল্যান্ড
তিন জমিদারের প্রশাসনিক ও আর্থিক কাঠামো পরিবর্তনের প্রস্তাবের বিরুদ্ধে অনেক বোর্ড জোরালো অবস্থান নিলেও বিস্ময়করভাবে সমর্থন করছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। যদিও নিউজিল্যান্ড প্লেয়ার্স অ্যাসোসিয়েশন কড়া প্রতিবাদ জানিয়ে এই প্রস্তাবকে বলেছে ‘দুরভিসন্ধি।’ কথা হলো, কেন নিউজিল্যান্ড তিন জমিদারের ছাতার তলায় গিয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল?
নিউজিল্যান্ডের জনপ্রিয় পোর্টাল ‘স্টাফ’-এ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, যদি এ প্রস্তাব বাস্তবায়ন হয় তবে আগামী আট বছরে এনজেডসি অন্তত ৫০ দশমিক ৯ মিলিয়ন নিউজিল্যান্ড ডলার আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। এত বড় ক্ষতি জেনেও আইসিসির সভায় ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনজেডসি।
‘স্টাফ’ অবশ্য ভারতের প্রভাবশালী সাপ্তাহিক ‘ইন্ডিয়া টুডে’র বরাত দিয়ে জানিয়েছে, ‘আইসিসি হিসাব করে দেখেছে ২০১৫ থেকে ২০২৩—আট বছরে রাজস্ব অর্জন করবে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমান নিয়মানুযায়ী, প্রতিটি টেস্ট খেলুড়ে দেশ পাবে ১১৭ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। যদি ওই প্রস্তাব বাস্তবায়ন হয়, তবে নিউজিল্যান্ডের রাজস্ব এক লাফে ৭৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারে নেমে আসবে। ক্ষতি হবে ৪২ মিলিয়ন মার্কিন ডলারের, নিউজিল্যান্ডের মুদ্রায় যেটি ৫০ মিলিয়ন ডলারেরও বেশি।’
এ প্রস্তাব পাস হলে ভারতের আয় বাড়বে ৪৫১ মিলিয়ন মার্কিন ডলার! এত অবিশ্বাস্য অঙ্ক না হলেও ইংল্যান্ডের আয়ও বাড়বে ৫৬ মিলিয়ন মার্কিন ডলার। অস্ট্রেলিয়ার বাড়বে ৩০ মিলিয়ন মার্কিন ডলার। বোঝাই যাচ্ছে, এই প্রস্তাবে ভারত কেন এত মরিয়া। কেন তাদের সঙ্গে লেজুড়বৃত্তিতে নেমেছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।
কিন্তু নিউজিল্যান্ড? তাদের জন্য তো এই প্রস্তাব সমর্থন করা নিজেদের পায়েই কুড়াল মারার সমান! সূত্র: স্টাফ