নিজের ব্যাটিংয়ে ইমরুলের ৬৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেরিতে হলেও ভুল বুঝতে পেরেছেন ইমরুল কায়েস। কাল নিজেদের মধ্যে খেলা প্র্যাকটিস ম্যাচে সেই ভুল শুধরে খেললেন ৬৮ রানের ইনিংস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রস্তুতি ম্যাচে তাতে ইমরুলদের বিসিবি সবুজ দল ৪ উইকেটে হারিয়েছে বিসিবি লাল দলকে।শুরুতে ইমরুল ছিলেন ধরে খেলা ব্যাটসম্যান। মাঝে হঠার্যা আক্রমণাত্মক হয়ে উঠে খেই হারিয়ে ছিটকে গেলেন দল থেকেই। ইমরুলের উপলব্ধি, নিজের আসল ব্যাটিং থেকে সরে এসেই ভুল করেছেন। কাল তাই চেষ্টা করলেন উইকেটে টিকে থাকতে, ‘আমি ঠিক করেছি, যেভাবে ব্যাটিং করে সফল হয়েছি—উইকেটে গিয়ে থাকা, রান করা, সময় কাটানো, ওভাবেই ব্যাটিং করব। এটাই আজ (কাল) প্রয়োগ করেছি। আমার মনে হয় এটা ধরে রাখাই ভালো।’৬৫ বলে ফিফটি। রানআউট হওয়ার আগে ৮১ বলে ৬৮ রান—ইমরুল যে একেবারেই শ্লথ ব্যাটিং করেছেন, তা নয়। মারার বলে স্ট্রোক খেলার চেষ্টা করেছেন ঠিকই। ইনিংসে আটটা বাউন্ডারি আর এক ছক্কা তারই প্রমাণ। বিসিবি লাল দলের ২১৯ রানের জবাবে অধিনায়ক জহুরুল ইসলামের (২৫) সঙ্গে তাঁর ওপেনিং জুটিতেই এসেছে ৬৫ রান। দ্বিতীয় উইকেটে লিটন দাসের সঙ্গে আরও ৮৮। প্রথম প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করা অনূর্ধ্ব-২৩ দলের ব্যাটসম্যান লিটনের সপ্রতিভ ব্যাটে কালও এসেছে রান। ৫২ রান করে অবসর নিয়েছেন এই ব্যাটসম্যান।এর আগে ১০৩ রানে ৫ উইকেট হারানো মাহমুদউল্লাহর (১৮) বিসিবি লাল দল শেষ পর্যন্ত ২১৯ রান করেছে সাত নম্বরে নামা নাজমুল হোসেনের (মিলন) ৪২ রানের সুবাদে। নয় নম্বর ব্যাটসম্যান মুক্তার আলী করেছেন অপরাজিত ২৬ রান।মিরপুরে আগের দুটি প্রস্তুতি ম্যাচ হয়েছে জাতীয় ও ‘এ’ দল সম্ভাব্যদের নিয়ে গড়া বিসিবি একাদশের সঙ্গে সিঙ্গাপুরগামী অনূর্ধ্ব-২৩ দলের মধ্যে। আর কালকের ম্যাচটি হয়েছে জাতীয় ও ‘এ’ দলের খেলোয়াড়দের মিলিয়ে করা লাল-সবুজ দলের মধ্যে। তবে অনূর্ধ্ব-২৩ দলের চার ক্রিকেটার লিটন, সৌম্য সরকার, সাব্বির রহমান ও আলাউদ্দিন বাবু দুই দলে ভাগ হয়ে খেলেছেন ম্যাচটা।