নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবেননি গিগস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওল্ডট্র্যাফোর্ডে বিদায়ী ম্যাচটা খেলে ফেললেন গিগস ছবি: রয়টার্স
ওল্ডট্র্যাফোর্ডে বিদায়ী ম্যাচটা খেলে ফেললেন গিগস ছবি: রয়টার্স

খেলোয়াড় হয়েও তিনি এখন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ। ডেভিড ময়েসকে বিদায় করে দেওয়ার পর রায়ান গিগসই এখন ইউনাইটেডের ভরসা। কাল ওল্ড ট্র্যাফোর্ডে নিজের খেলোয়াড় পরিচয়টা আবারও তুলে ধরলেন ৭০ মিনিটে মাঠে নেমে। দলও হাল সিটির বিপক্ষে পেয়েছে ৩-১ গোলের জয়। এই মৌসুম শেষেই যেহেতু খেলোয়াড় হিসেবে তাঁর চুক্তি শেষ হয়ে যাচ্ছে তাই ওল্ড ট্র্যাফোর্ডে কাল নিজের শেষ ম্যাচটাই খেলে ফেললেন তিনি। কিন্তু তাঁর ভবিষ্যত্ নিয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেননি বলেই জানিয়েছেন ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ ফুটবলার।
খেলা শেষে সমর্থকদের উদ্দেশে মাঠে দাঁড়িয়েই ‘বিদায়’ বক্তৃতা করেছেন তিনি। কিন্তু সেই বক্তৃতায় নেই ভবিষ্যত্ নিয়ে কোনো ইঙ্গিত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবশ্য এ ব্যাপারে নিজের সিদ্ধান্তহীনতার কথাই জানিয়েছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁর ক্যারিয়ার ২৩ বছরের। রেকর্ডসংখ্যক ৯৬৩টি ম্যাচে তিনি ‘রেড ডেভিলস’দের জার্সি গায়ে চাপিয়েছেন। এই মৌসুমটাই যেহেতু তাঁর চুক্তির শেষ বছর ছিল, তাই ম্যাচ শেষে সাংবাদিকদের কৌতূহল ছিল তাঁর অবসর-সংক্রান্ত ঘোষণার দিকেই। কিন্তু সাংবাদিকদের কোনো নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি, ‘আমি জানি না। আমি আমার ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো কিছু ভাবিনি। মৌসুমটা শেষ হোক। এরপর ছুটি কাটাতে কোথাও যাব। তারপর অবসর বা আমার ভবিষ্যত্ করণীয় নিয়ে ভাবা যাবে।’

মাঠে না নামলেও কাল রিও ফার্ডিনান্ড ও প্যাট্রিক এভরাও ওল্ড ট্র্যাফোর্ডে তাঁদের শেষ দিনটি কাটালেন। এই মৌসুম শেষে গিগসের মতো তাঁদের চুক্তিও শেষ হয়ে যাচ্ছে ইউনাইটেডের সঙ্গে। ব্যাপারটি নিয়ে প্রশ্ন করা হয়েছিল গিগসকে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে একাদশ তৈরির ব্যাপারটিতে যেহেতু তাঁর পূর্ণ কর্তৃত্ব, তাই ফার্ডিনান্ড ও এভরাকে না খেলানোর কারণটা তাঁকে জানাতে হয়েছে সাংবাদিকদের, ‘দেখুন, ফার্ডিনান্ড ও এভরা কেউই তরুণ খেলোয়াড় নন। তাঁদের দুজনেরই বয়স হয়ে গেছে।’

তাঁদের ভবিষ্যত্ নিয়েও কিছু বলতে চাননি গিগস, ‘আমি তাঁদের ভবিষ্যত্ পরিকল্পনার কথা কীভাবে বলব? তাঁরা যদি খেলতে চান খেলবেন, চলে যেতে চান চলে যাবেন। তবে ক্লাবে নতুন খেলোয়াড়েরা আসবেই। তাঁরা থাকলেও আসবে, না থাকলেও আসবে। এটাই নিয়ম। পুরোনোদের নতুনদের জায়গা করে দিয়ে চলে যেতে হয়। আশা করছি, আগামী দুই সপ্তাহের মধ্যে আপনারা ফার্ডিনান্ড, এভরা ও আমার ভবিষ্যত্ সম্পর্কে একটা না-একটা সিদ্ধান্ত জানতে পারবেন।’

ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের কোচিং ক্যারিয়ারও খুব উজ্জ্বল দেখছেন না গিগস। ময়েসের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিলেও এটা কোনো স্থায়ী কিছু নয়। তার ওপর ডাচ কোচ লুইস ফন গালকে যে ইউনাইটেড কর্তৃপক্ষ কোচ হিসেবে নিতে যাচ্ছে, এই খবর অনেক পুরোনো। ব্যাপারটা নিয়ে স্বভাবতই প্রশ্ন ছুটে গিয়েছিল তাঁর দিকে। কিন্তু এ ব্যাপারেও মুখে কুলুপই এঁটে রইলেন তিনি, ‘আমি এ ব্যাপারে কিছুই বলতে পারব না। অপেক্ষা করুন। কয়েক সপ্তাহের মধ্যেই আপনাদের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’ সূত্র: ফিফা ডটকম।