নিজের মাঠে সেঞ্চুরির আশায় পন্টিং
গত বিশ্বকাপের পর থেকেই টেন্ডুলকারের ‘শততম’ সেঞ্চুরি দেখার অপেক্ষায় ক্রিকেট-দুনিয়া। অতটা তীব্র অবশ্যই নয়, তবে টেস্টে রিকি পন্টিংয়ের সেঞ্চুরি-খরা ঘোচার দৃশ্যটাও ক্রিকেটপ্রেমীদের কাছে কম কাঙ্ক্ষিত নয়। পন্টিংয়ের সর্বশেষ টেস্ট সেঞ্চুরির স্মৃতিটা সেই ২০১০ সালের জানুয়ারির। আকাঙ্ক্ষাটা তাই পন্টিংয়ের নিজের আরও বেশি। সেঞ্চুরি পেলে যে সমালোচকদের মুখটাও কিছুদিনের জন্য থামিয়ে দেওয়া যায়!দারুণ এক উপলক্ষও পেয়ে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট সিরিজের শেষ ম্যাচটি আগামীকাল ভোরে শুরু হচ্ছে হোবার্টের বেলেরিভ ওভালে। শুধু ঘরের মাঠই নয়, পন্টিং সর্বশেষ টেস্ট সেঞ্চুরিটিও করেছিলেন এখানেই! পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে করেছিলেন ডাবল সেঞ্চুরি (২০৯), তাঁর ক্যারিয়ারের পঞ্চম দ্বিশতক। দ্বিতীয় ইনিংসের ৮৯ রান মিলিয়ে ২৯৮ রান। ১৫৭ টেস্টের ক্যারিয়ারে যা এক টেস্টে পন্টিংয়ের সবচেয়ে বেশি রান। অথচ এর পর থেকেই পন্টিংয়ের ব্যাটে রান নেই। গত ১৫ টেস্টে তাঁর গড় মাত্র ২৮.৭৪!কিন্তু পন্টিংয়ের ব্যাটে আবার রানে ফেরার ইঙ্গিত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে করেছেন টানা হাফ সেঞ্চুরি। পন্টিং তাই প্রত্যাশার ছবি আঁকতেই পারেন, ‘এখানে ফিরে নিজের সমর্থকদের সামনে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ কমই পাই। সব সময়ই এখানে খেলাটা অন্য রকম। শুরুতে হয়তো সাফল্য পাইনি, কিন্তু এখানে শেষ দুই সিরিজ কেটেছে অসাধারণ। আমি এই সপ্তাহে সামনেই তাকিয়ে আছি।’ঘরের মাঠে পন্টিং ফিরে পেতে পারেন তিন নম্বর জায়গাটাও। ব্যর্থতার ধারাবাহিকতায় ফিলিপ হিউজ বাদ পড়লে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করবেন উসমান খাজা। চার থেকে উঠে তিনে পন্টিং। ক্যারিয়ারে বরাবর তিন নম্বরে ব্যাট করলেও অধিনায়কত্ব হারিয়ে পন্টিং ব্যাট করছেন চার নম্বরে। তা-ও আবার অস্ট্রেলিয়া যখন খেলছে সর্বকালের অন্যতম অনভিজ্ঞ টপ-অর্ডার নিয়ে! তিনে ফেরা নিয়ে পন্টিংয়ের কথা, ‘অধিনায়ক যেখানে খেলাতে চান আমি সেখানেই ব্যাট করতে রাজি। এতে যদি দলের জন্য সেরা ভারসাম্য হয়, অবশ্যই আমি ওই পজিশনে ফিরব।’‘অভিষেকের মিছিলে’ অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন টুপি আজ উঠতে পারে অলরাউন্ডার ড্যান ক্রিস্টিয়ানের মাথায়। ওয়েবসাইট।