নিজের মাঠেও এই ইউনাইটেড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ড ট্রাফোর্ডে কি তাহলে প্রেতাত্মাই ভর করল? নিজেদের মাঠ, পরিচিত দর্শক, তার পরও এখানে কেন যেন খেই হারিয়ে ফেলছে ইউনাইটেড। প্রিমিয়ার লিগে এভারটন, নিউক্যাসলের পর গত সপ্তাহেই এখানে হারতে হয়েছে টটেনহামের কাছে। পরশু আবারও ওল্ড ট্রাফোর্ড দর্শকদের ফিরে যেতে হলো বিফল মনোরথে, সোয়ানসির কাছে ২-১ গোলে হারতে দেখাটা তো ভীষণ হতাশারই। ম্যাচটা হেরে সাঙ্গ হয়েছে ইউনাইটেডের এফএ কাপ অভিযানেরও।
ডেভিড ময়েসও নিশ্চয়ই বুঝতে পারছেন না কিছু। শিরোপাদৌড় থেকে দল অনেকটাই পিছিয়ে, এফএ কাপটাও গেল এবার। ২৯ বছরের মধ্যে এই প্রথম এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হলো ইউনাইটেডকে। অথচ এই দলটাই গত মৌসুমে চার
ম্যাচ আগেই নিশ্চিত করে ফেলেছিল লিগ শিরোপা!
জানুয়ারি দলবদলের মৌসুম শুরু হয়ে গেছে। এ মুহূর্তে ছন্নছাড়া দলটিতে ভালো কিছু খেলোয়াড় খুবই দরকার। ময়েসও সেটা মানলেন। কিন্তু সমর্থকদের আশায় বুক বাঁধার মতো কিছু বললেন না, ‘এটা এখন জরুরি হয়ে গেছে। আমাদের কাউকে না কাউকে আনতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে জানুয়ারিতে সে রকম কেউ কি আসবে? আমি আগেই বলেছি আমি চেষ্টা করব কিন্তু জানুয়ারিতে কেউ আসবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। তাই এখনই এটা নিয়ে এত মাতামাতির কিছু নেই। আমরা যাদের চাই তাদের নাও পেতে পারি।’
পরশু সোয়ানসি স্ট্রাইকার বনির শেষ মুহূর্তের গোলেই হেরেছে ইউনাইটেড। চোটের কারণে খেলেননি রুনি ও ফন পার্সি। ময়েস অবশ্য একে অজুহাত হিসেবে দাঁড় করালেন না, ‘এটা কোনো অজুহাত নয়, আমরা শক্তিশালী একটা দলই খেলিয়েছিলাম।’
ইউনাইটেড যখন হেরেছে, তখন প্রতিদ্বন্দ্বী চেলসি জিতেছে। তৃতীয় রাউন্ডে ডার্বির বিপক্ষে চেলসি অবশ্য প্রত্যাশিতভাবেই জিতেছে, ২-০ গোলে। কিন্তু এই ম্যাচেও ‘ডাইভিং’ বিতর্কের কালি লেগেছে। ইংলিশ ফুটবলে এটা যেন মহামারির মতো ছড়িয়ে পড়েছে। পরশুর ম্যাচেও ইচ্ছে করে পড়ে যাওয়ার জন্য কার্ড দেখেছেন চেলসির ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামিরেস। এর আগে তাঁর সতীর্থ অস্কারও একই অভিযোগে কার্ড দেখেছেন। কোচ হোসে মরিনহো তবুও দাবি করলেন, ‘আমি আবারও বলছি চেলসিতে কোনো ডাইভার নেই। কিছু কিছু ক্ষেত্রে এটা অবশ্য হচ্ছে। আর আমি তো রেফারিকে সমর্থনই দিচ্ছি।’ এএফপি, ওয়েবসাইট।