নিজের মাঠেও ড্র বিজেএমসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের তৃতীয় ভেন্যু হিসেবে অভিষেক হলো কাল টাঙ্গাইলের। তবে স্বাগতিক দল বিজেএমসির জন্য ভালো হলো না অভিষেক। পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ফরাশগঞ্জের সঙ্গে ড্র করেছে এ বছরই পুনর্জীবিত ঐতিহ্যবাহী বিজেএমসি (১-১)।পাটকল সংস্থার ফুটবল দলটির এটি টানা দ্বিতীয় ড্র। শেখ জামালকে হারিয়ে দারুণভাবে লিগ শুরু করা দলটি পথ হারিয়ে ফেলেছে। দ্বিতীয় ম্যাচটায় ব্রাদার্সের বিপক্ষে হার এড়িয়ে এক পয়েন্ট পেয়েছিল। কালও সেই একই পরিণতি! অন্যদিকে ফরাশগঞ্জ দলটা বিজেএমসির কাছ থেকেই প্রথম পয়েন্ট কাড়ল। তিন ম্যাচে তাদের হাতে এই এক পয়েন্টই।বাংলাদেশ লিগটা ক্রমেই ঢাকাকেন্দ্রিক হয়ে পড়েছে। ১১ দলের ৯ দলেরই হোম ভেন্যুই ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম। ফেনী সরকারের মাঠ ফেনী স্টেডিয়াম। এই যখন পরিস্থিতি, নিজেদের ভেন্যু হিসেবে বিজেএমসির টাঙ্গাইল স্টেডিয়ামকে বেছে নেওয়া একটা প্রশংসনীয় উদ্যোগ। ঢাকার বাইরে অন্তত আরও কয়েকটা ম্যাচ হচ্ছে, যা খুবই ইতিবাচক। বিজেএমসি পাট মন্ত্রণালয়ের অধীনে এবং পাটমন্ত্রীর শহর বলে বিজেএমসির সৌজন্যে ভেন্যু হলো টাঙ্গাইল।টাঙ্গাইলের মানুষ এমনিতে ক্রীড়ামোদী। তবে কাল বাংলাদেশ লিগের অভিষেক ম্যাচটা দর্শক তেমন টানতে পারেনি। প্রচারের অভাব ছিল। টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন বললেন, ‘হঠাৎ করে ম্যাচ আয়োজন এবং প্রচার কম হওয়ায় মাঠে দর্শক কম হয়েছে। তবে সামনে এ অবস্থা থাকবে না।’খেলাও আকর্ষণীয় কিছু হয়নি। দুই দলই খেলেছে শরীরনির্ভর ফুটবল। মাঠের পরিচর্যা নেই। এখানে ভালো ফুটবল আশাও তাই বাড়াবাড়ি। বিজেএমসি গুছিয়ে ওঠার আগেই গোল খেয়েছে। ২০ মিনিটে জটলা থেকে ফরাশগঞ্জকে এগিয়ে নেন জুনাপিউ। গোল শোধে মরিয়া বিজেএমসি এরপর ঝাঁপিয়ে পড়ে আক্রমণে। ইকাঙ্গার শট ক্রসবারে প্রতিহত না হলে এই আক্রমণের ঝড়ের মধ্যেই সমতা ফেরাতে পারত তারা। কিন্তু সমতাসূচক গোলটি পেতে অপেক্ষা করতে হয়েছে আরও ৩৬ মিনিট।দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নেমে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেন অভিজ্ঞ স্ট্রাইকার আলফাজ। ৫৬ মিনিটে জটলার মধ্যে টোকা দিয়ে ১-১ করে দেন আবুল। এরপর বিজেএমসির ইসমাইল বাঙ্গুরাকে কার্ড দেখানো নিয়ে ঝামেলা বাধে। একপর্যায়ে খেলতে অস্বীকৃতি জানায় ফরাশগঞ্জ! পরে ম্যাচ কমিশনারের মধ্যস্থতায় ১২ মিনিট পর ফের শুরু হয় খেলা।তবে চার-পাঁচ শ দর্শকের সামনে ম্যাড়মেড়ে অপবাদটা আর ঘোচাতে পারেনি ম্যাচটা।