নিজের মান বুঝিয়েছে আশরাফুল: মাসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশরাফুলকে যেন নতুন করে পেলাম।’ কথাটি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদের। গলে শ্রীলঙ্কার বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের অপরাজিত ১৮৯ রানের ইনিংসটিকে এভাবেই মূল্যায়ন করলেন তিনি। তাঁর মতে, অসাধারণ এই ইনিংসটি দিয়ে নিজেকে নতুনভাবে চিনিয়েছে আশরাফুল।মোহাম্মদ আশরাফুলের ইনিংসটির ব্যাপারে প্রথম আলো ডটকমের সঙ্গে আলাপকালে খালেদ মাসুদ বলেন, ‘আজ আশরাফুল প্রমাণ করেছে যে সে কত উঁচু মানের খেলোয়াড়। আমি অধীর আগ্রহে অপেক্ষায় আছি আশরাফুলের ডাবল সেঞ্চুরির।’মাসুদ বলেন, গলের উইকেট অনেক ফ্ল্যাট ছিল। সম্পূর্ণ ব্যাটিং উপযোগী পরিবেশকে আশরাফুল ব্যবহার করেছে। খুঁতহীন এই ইনিংস নিজের সম্পর্কেও তাঁকে আরও স্পষ্ট ধারণা দেবে। একই সঙ্গে তার আত্মবিশ্বাসেও অন্য রকম প্রভাব রাখবে।’দারুণ এই ইনিংসটি দেখে এই মুহূর্তে খালেদ মাসুদের প্রার্থনা, আশরাফুল যেন নিজের ফিরে পাওয়া এই আত্মবিশ্বাসকে ভবিষ্যতে দারুণভাবে ব্যবহার করতে পারে।শ্রীলঙ্কা সফরের জন্য ২৫ জনের প্রাথমিক দলে আশরাফুলের জায়গা না পাওয়ার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে খালেদ মাসুদ বলেন, ‘ওই ব্যাপারটি ম্যানেজমেন্টের একটি কৌশলও হতে পারে। কে জানে, আশরাফুলের মতো একজন খেলোয়াড়কে ২৫ জনের দল থেকে বাদ দিয়ে নির্বাচকেরা হয়তো তাঁকে তাতিয়ে দিতে চেয়েছিলেন।’মাসুদ ব্যাপারটির ব্যাখ্যা দিয়ে বলেন, ‘এটা ঠিক যে আশরাফুল ২৫ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়ে যাওয়ার খেলোয়াড় নয়। তবে, একজন দারুণ গুরুত্বপূর্ণ খেলোয়াড় যখন বারবার পারফর্ম করতে ব্যর্থ হয়, তখন নির্বাচকেরা এ ধরনের কৌশল নিয়ে থাকেন। ব্যাপারটি অনেকটা তাঁর মধ্যে জিদ তৈরি করে দেওয়া। ২৫ জনের দল থেকে বাদ পড়াটা যে শেষ পর্যন্ত ওর জন্য ইতিবাচক হলো, সেটা তো এখন প্রমাণিতই।’খালেদ মাসুদ আশরাফুলের স্তুতি গাইতে গিয়ে মুশফিকুর রহিমের ইনিংসটিও স্মরণ করেন। তাঁর মতে, ‘এটি অধিনায়কোচিত ইনিংস। মুশফিকুর রহিম আশরাফুলের সঙ্গে দারুণ একটি জুটি গড়ে দেখিয়ে দিয়েছে টেস্ট ম্যাচে জুটি কীভাবে গড়তে হয়। আশরাফুলের মতো আমি তারও ডাবল সেঞ্চুরির প্রতীক্ষায় আছি।’