নিজের মূর্তি দেখে আপ্লুত অঁরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্সেনাল আর অঁরি, অঁরি আর আর্সেনাল। দুটো যেন হয়ে উঠেছিল একে অন্যের সমার্থক। ১৯৯৯ থেকে ২০০৭—এই সাতটি বছর ইংলিশ ক্লাবটিতে ছিলেন থিয়েরি অঁরি। সেটি ছিল তাঁর ক্যারিয়ারের সুবর্ণ সময়। আর্সেনালেরও সোনা রোদমাখা সময় ছিল সেটি। গানারদের হয়ে ৩৬৯ ম্যাচে অঁরির গোল ২২৬টি। যেটি ক্লাবের সর্বকালের রেকর্ড। আর এই সময় আর্সেনালের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্ড—সবই জিতেছেন। জিততে পারতেন চ্যাম্পিয়নস লিগও। কিন্তু এক গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ফাইনালটা আর্সেনাল হেরেছে বার্সেলোনার কাছে।এসবই এখন অঁরির কাছে অতীত। মাঝখানে তিনটা বছর বার্সেলোনায় কাটিয়ে এই ফরাসি স্ট্রাইকার এখন খেলছেন যুক্তরাষ্ট্রের লিগে। ৩৪ বছর বয়স, ক্যারিয়ারের সূর্যটাও ঢলে গেছে অস্তাচলে। তবে এই ফাঁকে অঁরিকে স্মৃতিকাতর করে দিল আর্সেনাল। ইংলিশ ক্লাবটি ১২৫ বছর পূর্তি উদ্যাপন করছে। এরই অংশ হিসেবে পরশু এমিরেটস স্টেডিয়ামের সামনে উন্মোচন করা হলো অঁরির মূর্তির। আর এই সম্মান পেয়ে আবেগে ভেসে গেছেন অঁরি।এখনো আর্সেনাল তাঁর হূদয়ের গভীরতম প্রদেশে আছে মন্তব্য করে অঁরি বলেছেন, ‘আমি আমার সুদূরতম কল্পনাতেও ভাবিনি যে ক্লাবটিকে আমি ভালোবাসি, সমর্থন করি, তারই স্টেডিয়ামের সামনে এভাবে আমার একটা মূর্তি থাকবে। যেভাবে মূর্তিটি বানানো হয়েছে, এখান থেকেই ক্লাবের প্রতি আমার ভালোবাসা বুঝে নেওয়া যায়। হাঁটু গেড়ে আমি এমিরেটস স্টেডিয়ামের মুখোমুখি বসে আছি আর আমার পেছনে হাইবুরি স্টেডিয়াম, সত্যিই মুগ্ধকর।’ এএফপি।