নিজের রেকর্ড নয়, ক্লোসার দৃষ্টি বিশ্বকাপের দিকেই
বায়ার্ন মিউনিখের হয়ে খুবই বাজে একটা মৌসুম কাটিয়ে বিশ্বকাপে এসেছিলেন মিরোস্লাভ ক্লোসা। গোল করেছিলেন মাত্র তিনটি। এমন বাজে ফর্মের পর বিশ্বকাপে গোল পাবেন কি না—এ নিয়ে সংশয়ে ছিল সবাই। কিন্তু জার্মানির জার্সি গায়ে যেন পুরোপুরি পাল্টে গেলেন। চার ম্যাচে চারটি গোল করে এখন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে জার্মানির তারকা স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। আর মাত্র একটি গোল করতে পারলেই ছুঁয়ে ফেলবেন ব্রাজিলের রোনালদোর বিশ্বকাপে করা সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ড। তবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে জার্মানির বিশ্বকাপ জয়কেই প্রাধান্য দিচ্ছেন ক্লোসা।গতকাল কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয়ে দুটি গোলই এসেছে মিরোস্লাভ ক্লোসার পা থেকে। দ্বিতীয় গোলটি করার পরই ক্লোসা ছুঁয়ে ফেলেছেন স্বদেশী জার্ড মুলারের ১৪ গোলের রেকর্ড। জার্ড মুলারের সঙ্গে অবশ্য নিজের তুলনা করতে চাইছেন না ক্লোসা। ‘অবশ্যই জার্ড মুলারের পাশে জায়গা করে নেয়াটা খুব গৌরবের। কিন্তু মুলার ১৪ গোল করেছিলেন দুটি বিশ্বকাপ খেলে। আর এটা আমার তৃতীয় বিশ্বকাপ। কাজেই এ তুলনা করাটা ঠিক হবে না’, বলেছেন ক্লোসা। রোনালদোর পাশে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লেখানোর জন্য এখনো সামনে দুটি ম্যাচ পাচ্ছেন ক্লোসা। আর যে রকম ফর্মে আছেন তিনি, তাতে এটা মোটেও অসম্ভব মনে হচ্ছে না। তবে নিজেকে নিয়ে মোটেও ভাবছেন না তিনি। ‘জানি না রোনালদোর রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারব কিনা, আমি এটা নিয়ে ভাবছি না। আমি শুধু পরের ম্যাচগুলো জিততে চাই। নিজের রেকর্ডের থেকে বরং বিশ্বকাপ জেতাটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ’, বলেছেন ক্লোসা।